সিএমজেএফ টকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান। আজ রাজধানীর পল্টনে সিএমজেএফ কার্যালয়ে।
সিএমজেএফ টকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান। আজ রাজধানীর পল্টনে সিএমজেএফ কার্যালয়ে।

শেয়ারবাজার

ভালো কোম্পানির শেয়ার একই দিনে কেনাবেচার সুযোগ, চালু হচ্ছে ডে নেটিং

শেয়ারবাজারে ভালো কোম্পানির শেয়ারে শিগগিরই ডে নেটিং সুবিধা চালু করা হবে। এই সুবিধা চালু হলে ভালো কোম্পানির শেয়ার একই দিনে কেনাবেচার সুযোগ পাবেন এসব শেয়ারের বিনিয়োগকারীরা।

আজ বৃহস্পতিবার সকালে শেয়ারবাজারবিষয়ক সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম বা সিএমজেএফ টকে অংশ নিয়ে এই পরিকল্পনার কথা জানান পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।

বিএসইসি চেয়ারম্যান বলেন, সম্প্রতি ব্রোকারেজ হাউস মালিকদের সংগঠনের পক্ষ থেকে ডে নেটিং সুবিধা চালুর প্রস্তাব করা হয়। কিন্তু বর্তমান বাস্তবতায় সব শেয়ারে এ ধরনের সুবিধা চালুর বাস্তবতা নেই। তাই আমরা আপাতত ভালো মানের কোম্পানির ক্ষেত্রে এই সুবিধা চালুর বিষয়টি বিবেচনা করছি। শুরুতে সেটি হতে পারে ভালো মানের ৩০ কোম্পানির ক্ষেত্রে।

বিএসইসি চেয়ারম্যান আরও বলেন, সার্বিকভাবে শেয়ারবাজারে লেনদেন নিষ্পত্তির সময় কমিয়ে দুদিনের মধ্যে নামিয়ে আনার বিষয়ে কাজ চলছে। এই সুবিধা চালু হলে বিনিয়োগকারীরা যেদিন শেয়ার কিনবেন, তার পরদিন বিক্রির সুযোগ পাবেন।

শেয়ারবাজারে ভালো ও নতুন কোম্পানি আনতে খুব দ্রুত সরাসরি তালিকাভুক্তির সুবিধা চালু করা হবে। এই সুবিধা সবার জন্য উন্মুক্ত করা হবে। আগ্রহী কোম্পানিগুলো এই সুবিধার আওতায় তালিকাভুক্তির আবেদন করতে পারবে। সেখান থেকে ভালো মানের কোম্পানিগুলোকে এই ব্যবস্থায় দ্রুত তালিকাভুক্তির অনুমোদন দেওয়া হবে। শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে এই উদ্যোগের কথা ভাবছে বর্তমান কমিশন।

শেয়ারবাজারের অনিয়ম ও দুর্নীতির শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করতে দেশের উচ্চ আদালতে আলাদা বেঞ্চ করার বিষয়ে বিএসইসির পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান সংস্থাটির চেয়ারম্যান। এ বিষয়ে বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান বলেন, ‘বর্তমানে আমরা কারসাজির ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নিলে তার বিরুদ্ধে অভিযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান উচ্চ আদালতের শরণাপন্ন হন। তাই শেয়ারবাজার–সংশ্লিষ্ট বিষয়ে উচ্চ আদালতে বেঞ্চ করার উদ্যোগের কথা ভাবা হচ্ছে।’

শেয়ারবাজারের কারসাজি রোধে এক বছরের মধ্যে এআইনির্ভর সার্ভেইল্যান্স বা তদারকি ব্যবস্থা চালু করা হবে বলে জানান বিএসইসির চেয়ারম্যান। তিনি বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জকে এরই মধ্যে এই নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি শেয়ারবাজারের অনিয়ম, দুর্নীতি ও কারসাজির ঘটনায় দেওয়ানি মামলার পরিবর্তে ফৌজদারি মামলা করার বিষয়টি বিবেচনা করছে বিএসইসি।

সিএমজেএফ টকে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মনির হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিএমজেএফ সাধারণ সম্পাদক আহসান হাবিব।