সিটি ব্যাংক
সিটি ব্যাংক

মুনাফায় প্রবৃদ্ধি ২০ শতাংশ

৯ মাসেই ৮৬৭ কোটি টাকা মুনাফা সিটি ব্যাংকের

চলতি বছরের প্রথম ৯ মাসে ৮৬৭ কোটি টাকা মুনাফা করেছে দেশের বেসরকারি খাতের শীর্ষস্থানীয় সিটি ব্যাংক। গত বছরের একই সময়ে ব্যাংকটি মুনাফা করেছিল ৭২২ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে সিটি ব্যাংকের মুনাফা বেড়েছে ১৪৫ কোটি টাকা বা ২০ শতাংশের বেশি। প্রসঙ্গত, গত বছর শেষে সিটি ব্যাংক ১ হাজার ৩২৪ কোটি টাকা মুনাফা করেছিল।

সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল বৃহস্পতিবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় চলতি বছরের তিন প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়। তাতে মুনাফার এ তথ্য উঠে এসেছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক হিসেবে আগামী রোববার দুই স্টক এক্সচেঞ্জের মাধ্যমে মুনাফার এ তথ্য বিনিয়োগকারীদের জানাবে ব্যাংকটি।

আর্থিক প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি বছরের ৯ মাসে ব্যাংকটির মুনাফার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে সরকারি ট্রেজারি বিল বন্ড থেকে ব্যাংকটির আয়। এক বছরের ব্যবধানে এ খাত থেকে ব্যাংকটির আয় ২২৭ কোটি টাকা বা ৮ শতাংশের বেশি বেড়েছে। গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর সময়ে সরকারি ট্রেজারি বিল-বন্ড থেকে ব্যাংকটি আয় করেছে ৩ হাজার ২ কোটি টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২ হাজার ৭৭৫ কোটি টাকা।

সরকারি বিল বন্ড থেকে আয় উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধির পাশাপাশি প্রকৃত সুদ আয়ও বেড়েছে ব্যাংকটির। চলতি বছরের প্রথম ৯ মাসে ব্যাংকটি প্রকৃত সুদ আয় ছিল ৩২৪ কোটি টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৬৯ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির প্রকৃত সুদ আয় বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। এই সুদ আয় বেড়েছে মূলত ঋণের সুদ বাবদ ব্যাংকটির আয় বেড়ে যাওয়ায়। ঋণের সুদ বাবদ চলতি বছরের প্রথম ৯ মাসে ব্যাংকটি আয় করেছে ৪ হাজার ২৫৫ কোটি টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৪ হাজার ২৬ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ঋণের সুদ বাবদ ব্যাংকটির আয় বেড়েছে ২২৯ কোটি টাকা। ঋণের সুদ বাবদ আয় যতটা বেড়েছে, আমানতের সুদ বাবদ খরচ বেড়েছে তার চেয়ে কম। চলতি বছরের প্রথম ৯ মাসে ব্যাংকটি আমানতের সুদ বাবদ আমানতকারীদের পরিশোধ করেছে ৩ হাজার ৯৩১ কোটি টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩ হাজার ৮৫৭ কোটি টাকা। সেই হিসাবে আমানতের সুদ বাবদ খরচ বেড়েছে মাত্র ৭৪ কোটি টাকা।

বেড়েছে আমানত ও ঋণ

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সিটি ব্যাংকের মূলধন ও সম্পদ কাঠামোতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরে সিটি ব্যাংকের সমন্বিত মোট সম্পদ ছিল ৮৪ হাজার ৭২০ কোটি টাকা, যা গত সেপ্টেম্বর শেষে বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪ হাজার ৮ কোটি টাকায়। গত বছরের ডিসেম্বরে মোট আমানতের পরিমাণ ছিল ৬৩ হাজার ১৭০ কোটি টাকা, যা চলতি বছরের সেপ্টেম্বর শেষে বেড়ে হয়েছে ৭৭ হাজার ৪০৪ কোটি টাকা।

গত ডিসেম্বর শেষে সিটি ব্যাংকের মোট ঋণ ও অগ্রিমের পরিমাণ ছিল ৫০ হাজার ৬১৬ কোটি টাকা, যা চলতি বছরের সেপ্টেম্বরে বেড়ে দাঁড়িয়েছে ৫৪ হাজার ৫৮৫ কোটি টাকা। ২০২৫ সালের ডিসেম্বর শেষে শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য ছিল ৩৫ টাকা ৩৭ পয়সা, যা সেপ্টেম্বর শেষে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪১ টাকা ৫১ পয়সায়।