
দেশের বেসরকারি খাতের প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসান ও. রশিদ পদত্যাগ করেছেন। ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় তাঁর এই পদত্যাগপত্র গ্রহণ করা হয়। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে আইনি বাধ্যবাধকতার অংশ হিসেবে আজ রোববার বিনিয়োগকারীদের এই তথ্য জানিয়েছে ব্যাংকটি।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে দেওয়া ব্যাংকটির তথ্য অনুযায়ী, হাসান ও. রশিদের পদত্যাগপত্র পর্ষদ সভায় গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে আগামী ৩১ মার্চ থেকে এই পদত্যাগপত্র কার্যকর হবে। আর ১ এপ্রিল থেকে ব্যাংকটির ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বর্তমান অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ফয়সাল রহমানকে।
প্রাইম ব্যাংক–সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হাসান ও. রশিদকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে দেশের বেসরকারি খাতের শীর্ষস্থানীয় ইস্টার্ন ব্যাংক। ব্যাংকটির বর্তমান এমডি আলী রেজা ইফতেখারের মেয়াদ আগামী ১৯ এপ্রিল শেষ হচ্ছে। তিনি ২০০৭ সাল থেকে ব্যাংকটির নেতৃত্ব দিয়ে আসছেন। বয়সের কারণে এমডি হিসেবে মেয়াদ শেষে আলী রেজা ইফতেখারের স্থলাভিষিক্ত হবেন হাসান ও. রশিদ।
জানতে চাইলে প্রাইম ব্যাংকের সিইও হাসান ও. রশিদ প্রথম আলোকে বলেন, আমি বেসরকারি অন্য একটি ব্যাংকে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছি। সে কারণে প্রাইম ব্যাংকের সিইওর পদ থেকে পদত্যাগ করেছি। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেলে এপ্রিলে নতুন ব্যাংকে যোগদান করব।
প্রাইম ব্যাংক বর্তমানে বেসরকারি খাতের দেশের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর একটি। গত বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি–সেপ্টেম্বর) ব্যাংকটি ৬২৯ কোটি টাকা মুনাফা করেছে। ২০২৪ সালের একই সময়ে ব্যাংকটি মুনাফা করেছিল ৪৯৫ কোটি টাকা। ফলে এক বছরের ব্যবধানে ব্যাংকটির মুনাফা বেড়েছে ২৭ শতাংশ। ১৯৯৫ সালে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে প্রাইম ব্যাংক। ২০০০ সালে এটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। ডিএসইতে ভালো মানের প্রতিষ্ঠান হিসেবে এ শ্রেণিভুক্ত কোম্পানি। ব্যাংকটির প্রতিটি শেয়ারের বর্তমান বাজারমূল্য সাড়ে ৩৫ টাকা।