তিন মাসে ৬১৬ কোটি টাকার জুতার ব্যবসা এপেক্স ফুটওয়্যারের

চলতি বছরের প্রথম তিন মাসে ৬১৬ কোটি টাকার ব্যবসা করেছে জুতার বাজারের শীর্ষস্থানীয় দেশীয় কোম্পানি এপেক্স ফুটওয়্যার। গত বছরের একই সময়ে কোম্পানিটি ব্যবসা করেছিল ৫৪০ কোটি টাকার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে এপেক্স ফুটওয়্যারের ব্যবসা বেড়েছে ৭৬ কোটি টাকার বা ১৪ শতাংশ। গতকাল সোমবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি–মার্চ) আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়। সেই আর্থিক প্রতিবেদন থেকে এপেক্সের ব্যবসার এ তথ্য পাওয়া গেছে।

তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনের পাশাপাশি একই সভায় চলতি অর্থবছরের ৯ মাসের (জুলাই–মার্চ) আর্থিক প্রতিবেদনও চূড়ান্ত করা হয়। এতে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে কোম্পানিটি ১ হাজার ৫৫৯ কোটি টাকার ব্যবসা করেছে। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ হাজার ৩৬৯ কোটি টাকা। সেই হিসাবে ৯ মাসের বিবেচনায় এপেক্সের ব্যবসা বেড়েছে ১৯০ কোটি টাকার বা প্রায় ১৪ শতাংশ।

ব্যবসা যতটা বেড়েছে, মুনাফা ততটা বাড়েনি। এর প্রধান কারণ উৎপাদন ও ব্যাংকঋণের সুদ বাবদ খরচ বেড়ে যাওয়া। কোম্পানিটি চলতি বছরের প্রথম তিন মাসে সব ধরনের খরচ বাদ দেওয়ার পর মুনাফা করেছে এক কোটি টাকার কিছুটা বেশি। গত বছরের একই সময়ে কোম্পানিটি মুনাফা করেছিল ৯৭ লাখ টাকা। সেই হিসাবে মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে সোয়া ৯ শতাংশ। আর চলতি অর্থবছরের প্রথম ৯ মাস শেষে এপেক্স ফুটওয়্যার মুনাফা করেছে ৯ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল প্রায় সাত কোটি টাকা। সেই হিসাবে ৯ মাসের বিবেচনায় গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে প্রায় সাড়ে ২৮ শতাংশ।

আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসে ৬১৬ কোটি টাকার ব্যবসার বিপরীতে কোম্পানিটির উৎপাদন খরচ ছিল ৪৮৮ কোটি টাকা। অর্থাৎ চলতি বছরের প্রথম তিন মাসে ৬১৬ কোটি টাকার আয়ের বিপরীতে ৭৯ শতাংশই ছিল উৎপাদন খরচ। গত বছরের একই সময়ে কোম্পানিটির ৫৪০ কোটি টাকার আয়ের বিপরীতে উৎপাদন খরচ ছিল প্রায় ৭৭ শতাংশ। এ ছাড়া উল্লিখিত সময়ের ব্যবধানে পরিচালন ও সুদ বাবদ খরচও বেড়েছে দুই কোটি টাকা করে। গত বছরের প্রথম তিন মাসে কোম্পানিটির পরিচালন খরচ ছিল ১০১ কোটি টাকা। চলতি বছরের প্রথম তিন মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ১০৩ কোটি টাকা। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কোম্পানিটির ঋণের সুদসহ আর্থিক খরচ বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটি টাকায়। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৫ কোটি টাকা।

কোম্পানিসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, চলতি বছরের মার্চে দেশে ঈদুল ফিতর পালিত হয়। ঈদকে কেন্দ্র করে জুতার ব্যবসা ও বিক্রি বেড়েছে। এ কারণে চলতি বছরের প্রথম তিন মাসে কোম্পানিটির আয় বেড়েছে। তবে আয় যতটা বেড়েছে তার তুলনায় খরচ বেশি বেড়ে যাওয়ায় মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়নি।

এদিকে আয় ও মুনাফা বাড়লেও তার ইতিবাচক কোনো প্রভাব শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ারের দামে পড়েনি। উল্টো শেয়ারের দাম কমেছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার এপেক্স ফুটওয়্যারের প্রতিটি শেয়ারের দাম ১ টাকা ৭০ পয়সা বা প্রায় ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০২ টাকা ৬০ পয়সা।