বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ভবন
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ভবন

ঋণ পরিশোধে সিটি সুগার মিলস ১৩০০ কোটি টাকার বন্ড ছাড়ছে

বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ পরিশোধে দেশের চিনির বাজারে শীর্ষস্থানীয় কোম্পানি সিটি সুগার ইন্ডাস্ট্রিজ বন্ড ছেড়ে বাজার থেকে ১ হাজার ৩০০ কোটি টাকা সংগ্রহ করবে। এ ছাড়া নারীর ক্ষমতায়ন বাড়াতে নারীদের অর্থায়নে দেশের প্রথম অরেঞ্জ বন্ড ছাড়ার অনুমোদন পেয়েছে সাজেদা ফাউন্ডেশন। গতকাল সোমবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় এই দুই প্রতিষ্ঠানের বন্ড দুটির অনুমোদন দেওয়া হয়।

বিএসইসি জানিয়েছে, সিটি সুগার ইন্ডাস্ট্রিজের ১ হাজার ৩০০ কোটি টাকার তিন বছর মেয়াদি বন্ডটি মেয়াদ শেষে পুরোপুরি অবসায়িত বা বাতিল হবে। এই বন্ডের মাধ্যমে সংগ্রহ করা অর্থে প্রতিষ্ঠানটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিদ্যমান দায় পরিশোধ করবে। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বিক্রি করা হবে করপোরেট প্রতিষ্ঠান, উচ্চ সম্পদশালী ব্যক্তি, স্থানীয় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিমা কোম্পানির কাছে। বন্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য বা ফেসভ্যালু নির্ধারণ করা হয়েছে ১৩ লাখ টাকা। বন্ডটির মুনাফার হার হবে প্রায় সাড়ে ১৩ শতাংশ। বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস। বন্ডটি শেয়ারবাজারে অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

এ ছাড়া দেশের প্রথম অরেঞ্জ বন্ডের মাধ্যমে ১৫৮ কোটি ৫০ লাখ টাকা সংগ্রহের অনুমোদন পেয়েছে সাজেদা ফাউন্ডেশন। বন্ডটির মেয়াদ ১ থেকে ৩ বছর। মেয়াদ শেষে বন্ডটি পুরোপুরি অবসায়িত হবে। এটির সুদহার হবে ৭ থেকে সাড়ে ১১ শতাংশ। বন্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য বা ফেসভ্যালু নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৩৩ হাজার ৩৩৩ টাকা। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বিক্রি করা হবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক ব্যক্তিদের কাছে। বন্ডের মাধ্যমে সংগ্রহ করা অর্থ সংস্থাটি ক্ষুদ্রঋণের পোর্টফোলিও শক্তিশালী ও সম্প্রসারণ করা হবে। এই অর্থ নারী উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি সেবা ও নারীর ক্ষমতায়নে ব্যবহার করবে সংস্থাটি।