আবাসন খাতের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স চলতি বছরের প্রথম ছয় মাসের (জানুয়ারি-জুন) আর্থিক ফলাফল ঘোষণা করেছে। এ সময়ে প্রতিষ্ঠানটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৫৫ কোটি ৬৫ লাখ টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩২ শতাংশ বেশি।
ডিবিএইচ ফাইন্যান্স গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ছয় মাসে তাদের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৭৪ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ২ টাকা ৭ পয়সা। জানুয়ারি–জুন সময়ে প্রতিষ্ঠানটির নিট সুদ আয় ৪৪ শতাংশ এবং পরিচালন আয় ৬ দশমিক ৫ শতাংশ বেড়েছে। গত ৩০ জুন ডিবিএইচের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫০ টাকা ৭৯ পয়সা।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ডিবিএইচের খেলাপি ঋণের (এনপিএল) হার মোট ঋণ পোর্টফোলিওর ১ শতাংশের নিচে রয়েছে, যা দেশের আর্থিক খাতে সর্বনিম্ন। প্রতিষ্ঠানটি ২১ বছর ধরে সর্বোচ্চ ক্রেডিট রেটিং ‘এএএ’ (ট্রিপল এ) অক্ষুণ্ন রেখেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩০ জুন ডিবিএইচের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৪৬২ কোটি টাকা। একই সময়ে আমানতের স্থিতি দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৩৯৮ কোটি টাকা। বর্তমানে প্রতিষ্ঠানটি দেশের সব বিভাগীয় শহরসহ মোট ১৮টি শাখার মাধ্যমে প্রচলিত ও ইসলামিক শরিয়াহ ভিত্তিতে গ্রাহকদের আর্থিক সহায়তা প্রদান করছে। পাশাপাশি ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায় থেকে মেয়াদি ও মুদারাবা আমানত সংগ্রহ করছে।