গঙ্গাচড়ায় চালু হলো আরএফএলের নতুন সাইকেল কারখানা 

আরএফএলের নতুন বাইসাইকেল কারখানা ঘুরে দেখছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গতকাল রংপুরের গঙ্গাচড়ায়
ছবি: মঈনুল ইসলাম

রংপুরের গঙ্গাচড়ায় ৭০ হাজার বর্গফুট জায়গায় বাইসাইকেল কারখানা করেছে আরএফএল গ্রুপ। ৬০ কোটি টাকা বিনিয়োগে নির্মিত এই কারখানায় বাইসাইকেলের পাশাপাশি বেশ কিছু যন্ত্রাংশও উৎপাদন হবে। বর্তমানে এই কারখানার বার্ষিক উৎপাদনক্ষমতা ৩ লাখ বাইসাইকেল। কাজ করছেন ৪০০ জন কর্মী। পুরোদমে উৎপাদনে গেলে উৎপাদনক্ষমতা দ্বিগুণ হবে। কর্মসংস্থান বেড়ে ১ হাজারে দাঁড়াবে।

গঙ্গাচড়ায় আরএফএল বাইসাইকেলের চালু হওয়া নতুন এ কারখানার বার্ষিক উৎপাদনক্ষমতা তিন লাখ। বর্তমানে ৪০০ জন কাজ করছেন। পূর্ণাঙ্গ উৎপাদনে গেলে কারখানার বার্ষিক উৎপাদনক্ষমতা হবে ছয় লাখ ও কর্মসংস্থান হবে প্রায় এক হাজার মানুষের। এ কারখানায় বিনিয়োগের পরিমাণ প্রায় ৬০ কোটি টাকা।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে নিজেদের প্রথম বাইসাইকেল কারখানা স্থাপন করে আরএফএল। সেখানে উৎপাদিত বাইসাইকেল ২০১৪ সাল থেকে দেশের বাজারে দুরন্ত ব্র্যান্ড নামে বিক্রি করা হচ্ছে। পরের বছর অর্থাৎ ২০১৫ সাল থেকে বিদেশে বাইসাইকেল রপ্তানি শুরু করে আরএফএল। 

গঙ্গাচড়ায় লালচান্দপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে আরএফএল গ্রুপের নতুন বাইসাইকেল কারখানার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ সময় আরও উপস্থিত ছিলেন বিরোধী দলের চিফ হুইপ মসিউর রহমান, বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ, রংপুর রেঞ্জ পুলিশের ডিআইজি আবদুল আলীম মাহমুদ, এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, জেলা প্রশাসক চিত্রলেখা নাজনীন, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, প্রাণ–আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, একসময়ের মঙ্গাপীড়িত এলাকা গঙ্গাচড়ার মঙ্গা এখন অতীত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরের মঙ্গা তাড়িয়েছেন আর কর্মসংস্থানের ব্যবস্থা করেছে আরএফএল। তিনি আরও বলেন, অর্থনৈতিক মুক্তির মিছিলে আরএফএল গ্রুপ একটি অনন্য নাম। বিশ্বের অনেক দেশে প্রাণ-আরএফএলের পণ্য যাচ্ছে, যা কিনা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী বলেন, স্থানীয় ও রপ্তানি বাজারে চাহিদা বৃদ্ধির কারণে গঙ্গাচড়ায় দ্বিতীয় কারখানা চালু করা হয়েছে। দেশের অভ্যন্তরীণ বাজারের জন্য বাইসাইকেল এখানে তৈরি হবে। পুরোদমে উৎপাদনে গেলে কারখানার বার্ষিক উৎপাদনক্ষমতা হবে ছয় লাখ পিস বাইসাইকেল।

আহসান খান চৌধুরী বলেন, ‘দেশের হালকা প্রকৌশল খাত বিকাশ লাভ করেছে। বাইসাইকেলসহ এই খাতের বিভিন্ন ধরনের পণ্যের আমদানিনির্ভরতা কমেছে। শুধু তা–ই নয়, এই খাতের রপ্তানি আয়ও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আমরা আশা করি, শিগগিরই হালকা প্রকৌশল খাত দেশের রপ্তানি বাণিজ্যে একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।’