ইতালির মিলানে আয়োজিত ‘রেডি টু শো’ মেলায় অংশ নেওয়া একটি বাংলাদেশি কোম্পানির স্টলে পণ্যের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন এক দর্শনার্থী
ইতালির মিলানে আয়োজিত ‘রেডি টু শো’ মেলায় অংশ নেওয়া একটি বাংলাদেশি কোম্পানির স্টলে পণ্যের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন এক দর্শনার্থী

ইতালির মিলানে প্রদর্শিত হচ্ছে বাংলাদেশের পোশাক ও চামড়াপণ্য, অংশ নিচ্ছে ১৪ প্রতিষ্ঠান

ইতালির মিলানে আন্তর্জাতিক গার্মেন্টস, টেক্সটাইল ও ফ্যাশন সোর্সিং মেলা ‘রেডি টু শো’ শুরু হয়েছে। ইউরোপের অন্যতম বড় এই বাণিজ্য মেলায় বাংলাদেশের তৈরি পোশাক, টেক্সটাইল ও চামড়াশিল্প খাতের ১৪টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

আজ শনিবার শুরু হওয়া তিন দিনব্যাপী এই মেলা চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইপিবির আর্থিক সহায়তায় ও রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিলানের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের ব্যবস্থাপনায় মেলায় বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর এই অংশগ্রহণের আয়োজন করা হয়।

ইপিবির পরিচালক (মেলা ও প্রদর্শনী বিভাগ) মোহাম্মদ ওয়ারেছ হোসেন জানান, এ মেলায় অংশগ্রহণের প্রধান উদ্দেশ্য হলো দেশের রপ্তানি বাজার বহুমুখীকরণ ও সম্প্রসারণ। পাশাপাশি মূল্য সংযোজিত (ভ্যালু-অ্যাডেড) তৈরি পোশাক, টেক্সটাইল ও চামড়াজাত পণ্যের আন্তর্জাতিক প্রচার এবং ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করা।

মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো হলো রাইনো অ্যাপারেলস, ফোকাস অ্যাপারেলস বিডি, মাসকম কম্পোজিট, নাইস কম্পোজিট টেক্সটাইল, ইকো হিলিং অ্যাকসেসরিজ, আহাভা কম্পোজিট, স্পার্টান ফ্যাশন, ঐলি ফ্যাশন, হাওলাদার ট্রেডিং, ডে ফ্যাশন, নিটেক্সপো ইন্টারন্যাশনাল, এশিয়া প্যাসিফিক জোন, চিটাগং ফোর ব্রাদার্স অ্যাপারেলস এবং সিম ফেব্রিকস।

ইপিবি জানায়, আন্তর্জাতিক পোশাক প্রস্তুতকারক, টেক্সটাইল ও চামড়াজাত পণ্যের সরবরাহকারী, ব্র্যান্ড, ডিজাইনার এবং আন্তর্জাতিক ক্রেতাদের (বায়ার) সঙ্গে সংযোগ তৈরির অন্যতম বড় প্ল্যাটফর্ম হিসেবে ‘রেডি টু শো’ মেলাটি বিশ্বজুড়ে স্বীকৃত। এটি মূলত একটি বিজনেস টু বিজনেস (বিটুবি) বাণিজ্যিক প্রদর্শনী।