প্রজ্ঞাপন যখনই হোক না কেন, ১ ডিসেম্বর থেকে নতুন মজুরিকাঠামো বাস্তবায়ন হবে, জানিয়েছে মজুরি বোর্ড।
তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরিকাঠামোতে গ্রেড ভেদে মজুরি বাড়ছে ৩৬ থেকে ৪৩ শতাংশ। ২০২৩ সালে নির্ধারিত মজুরিকাঠামোর তুলনায় এই বৃদ্ধি সাড়ে ৪ হাজার থেকে ৬ হাজার ৪৬৫ টাকা। তবে গত দুই বছরে দুই দফা বার্ষিক মজুরি বৃদ্ধি (৯ শতাংশ করে) পাওয়ায় শ্রমিকদের বর্তমান মজুরির তুলনায় বৃদ্ধির হার কমবেশি হবে।
গত মঙ্গলবার নিম্নতম মজুরি বোর্ডের সভায় শ্রমিকদের নতুন মজুরিকাঠামোর বিষয়ে প্রস্তাব গৃহীত হয়। এ দিন বেলা সোয়া তিনটায় সভা শুরু হয়। প্রথম তিন গ্রেডের মজুরি নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে সমঝোতা হয়। তবে চতুর্থ বা সর্বনিম্ন গ্রেডের মজুরি নিয়ে সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত ভোটাভুটি হয়। রাত একটার পর সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়। ২০২৩ সালের ১ ডিসেম্বর এই মজুরি কার্যকর হয়েছিল সাড়ে ১২ হাজার টাকা।
শ্রমিকদের চারটি গ্রেডের মোট মজুরি নির্ধারণ করা হলেও মূল বেতন ও বিভিন্ন ভাতা এখনো ঠিক হয়নি। শ্রমিকদের মূল বেতন, বাড়িভাড়া, যাতায়াত, খাদ্য ও চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের বেতন-ভাতা কত হবে, তা নির্ধারণে আজ বৃহস্পতিবার মজুরি বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হবে।
এসব বিষয়ে বোর্ড সদস্যদের মধ্যে সমঝোতা হওয়ার পর মজুরি বোর্ড একটি খসড়া মজুরি প্রস্তাবের ওপর মতামত নেবে। তারপর চূড়ান্ত খসড়া শ্রম মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় সেটি যাচাই-বাছাই করে প্রজ্ঞাপন জারি করবে। তবে প্রজ্ঞাপন যখনই হোক না কেন, ১ ডিসেম্বর থেকে নতুন মজুরিকাঠামো বাস্তবায়ন হবে—এমনটাই জানিয়েছে মজুরি বোর্ড।
মঙ্গলবার গভীর রাতে মজুরি নির্ধারণের পর মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি সাংবাদিকদের বলেন, এই মজুরি বোর্ড গঠনের ২৫ দিনের মাথায় মজুরির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, যা আগে কখনো হয়নি। তিনি জানান, সবশেষে মালিকদের ১৬ হাজার টাকা ও শ্রমিকদের ১৮ হাজার টাকার মজুরি প্রস্তাবের মধ্যে ভোট হয়েছে। সংখ্যাগরিষ্ঠের ভোটে ১৭ হাজার টাকা নির্ধারণের বিষয়ে প্রস্তাব গৃহীত হয়।
মজুরি বোর্ড সূত্রে জানা গেছে, মঙ্গলবার সভায় প্রথম পর্যায়ে তিনটি গ্রেডের মজুরি নিয়ে সমঝোতা হয়। কিন্তু চতুর্থ বা সর্বনিম্ন গ্রেডের মজুরি নিয়ে সমঝোতা হচ্ছিল না। এই গ্রেডের মজুরি নিয়ে শ্রমিকপক্ষের সংশোধিত প্রস্তাব ছিল ১৮ হাজার টাকা। আর মালিকপক্ষের প্রস্তাব ছিল ১৭ হাজার টাকা। একপর্যায়ে মালিকপক্ষ ১৬ হাজার টাকায় নেমে যায়। পরে তাদের সংশোধিত প্রস্তাব ১৭ হাজার টাকা করা হয়।
সূত্র আরও জানায়, রাত একটার পর মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাবের মধ্যে ভোটাভুটির সিদ্ধান্ত নেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান। বোর্ডের ছয়জন সদস্য ভোট দেন। শ্রমিকপক্ষের দুজন প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। বাকি চার সদস্যের ভোট পড়ে ১৭ হাজার টাকার পক্ষে। তাঁদের মধ্যে আছেন বোর্ডের চেয়ারম্যান, নিরপেক্ষ সদস্য, মালিকপক্ষের একজন স্থায়ী সদস্য ও পোশাকশিল্প মালিকদের একজন প্রতিনিধি।
পরে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশে আমরা কখনোই ন্যূনতম মজুরি নিয়ে সন্তুষ্ট হতে পারিনি। অনেক আলাপ-আলোচনার পর এক থেকে তিন নম্বর গ্রেডে আমরা একমত হয়েছি। আর চতুর্থ গ্রেডের জন্য শ্রমিকদের পক্ষ থেকে আমরা সপ্তম দফায় ১৮ হাজার প্রস্তাব দিয়েছিলাম। তবে শেষ পর্যন্ত ভোটাভুটিতে ১৭ হাজার টাকা নির্ধারিত হয়। এতে আমরা সন্তুষ্ট নই। যেটা হয়েছে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী হয়েছে। এখন এই মজুরি সব কারখানায় যেন দ্রুত কার্যকর হয়, সে জন্য আহ্বান জানাচ্ছি।’ তিনি শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানান।
তবে নির্ধারিত ন্যূনতম মজুরি নিয়ে শ্রমিক সংগঠনগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ। অন্যদিকে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি) এক বিবৃতিতে বলেছে, ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি শ্রমিকদের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি।
মজুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত কাঠামোতে সবচেয়ে বেশি ৬ হাজার ৪৬৫ টাকা বা ৪৩ শতাংশ মজুরি বেড়েছে সিনিয়র অপারেটর পদে বা প্রথম গ্রেডে। এই গ্রেডের মোট মজুরি হতে যাচ্ছে ২১ হাজার ৫০০ টাকা; আগে যা ছিল ১৫ হাজার ৩৫ টাকা। এ ছাড়া অপারেটর পদের দ্বিতীয় গ্রেডে মজুরি বেড়েছে ৫ হাজার ৭২৭ টাকা বা ৪০ শতাংশ। এই গ্রেডের মোট মজুরি হতে যাচ্ছে ২০ হাজার টাকা; আগে যা ছিল ১৪ হাজার ২৭৩ টাকা।
জুনিয়র অপারেটর পদের তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে। এই গ্রেডে আগে মজুরি ছিল ১৩ হাজার ৫৫০ টাকা। মজুরি বেড়েছে ৫ হাজার ৬৫০ টাকা বা ৪১ দশমিক ৭০ শতাংশ। আর নিম্নতম বা চতুর্থ গ্রেডে মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ।
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর তথ্যানুযায়ী, তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের ১৪ শতাংশ গ্রেড ৪-এ কাজ করেন। গ্রেড ৩-এ ২৬ শতাংশ, গ্রেড ২-এ ৩২ শতাংশ এবং গ্রেড ১-এ ২৮ শতাংশ শ্রমিক কাজ করেন। এই হিসাবে দ্বিতীয় গ্রেডে সবচেয়ে বেশি শ্রমিক কাজ করেন। আর এই গ্রেডে মজুরি বেড়েছে দ্বিতীয় সর্বোচ্চ ৫ হাজার ৭২৭ টাকা।
মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি জানান, কোনো একজন শ্রমিকের মজুরি নতুন কাঠামোর নির্দিষ্ট গ্রেডের কাছাকাছি থাকলে তাঁর মজুরি বাড়বে ২ হাজার টাকা। এ ছাড়া সোয়েটার কারখানার শ্রমিকেরা দৈনিক মজুরি আগের চেয়ে বেশি পাবেন।
ধামরাইয়ে পরিবেশবান্ধব কারখানা কিউট ড্রেস ইন্ডাস্ট্রিতে কাজ করেন ৬৫০ শ্রমিক। বর্তমানে মাসে দেড় কোটি টাকা মজুরি দেয় কারখানা কর্তৃপক্ষ। নতুন মজুরিকাঠামোতে কারখানাটির মজুরি বাবদ খরচ বাড়বে প্রায় ৪০ লাখ টাকা।
জানতে চাইলে কিউট ড্রেস ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক শেখ এইচ এম মোস্তাফিজ প্রথম আলোকে বলেন, ‘মজুরি বৃদ্ধি পাওয়ায় তাঁদের মুনাফা কমে যাবে। যদি ক্রেতারা পোশাকের দাম বাড়তি না দেয়। আমরা ইতিমধ্যে বিষয়টি নিয়ে ক্রেতাদের সঙ্গে কথা বলেছি। তারা দাম বাড়াতে নিমরাজি। তার কারণ, তৈরি পোশাকের বৈশ্বিক চাহিদা বেশ কিছুটা কমেছে।’ মধ্যপ্রাচ্যে অস্থিরতারও প্রভাব আছে। তবে অল্প কিছু ক্রেতা দাম বাড়াতে সম্মত হয়েছে।
নব্বইয়ের দশকের শুরুতে তৈরি পোশাকশিল্পের শ্রমিকের নিম্নতম মজুরি ছিল ৬২৭ টাকা। ১৯৯৪ সালে সেই মজুরি ৪৮ শতাংশ বেড়ে ৯৩০ টাকা হয়। তারপর প্রায় ৩০ বছরে তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বেড়েছে ১১ হাজার ৫৭০ টাকা। সর্বশেষ ২০২৩ সালে নিম্নতম মজুরি বেড়েছিল ৫৬ শতাংশ।
জানতে চাইলে সম্মিলিত গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার প্রথম আলোকে বলেন, ‘শ্রমিকদের প্রত্যাশা ছিল, শেষ পর্যন্ত ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা হবে। সেই হিসাবে বলব, এতে শ্রমিকেরা পুরোপুরি সন্তুষ্ট নন। তবে বিগত সময়ের চেয়ে এবার মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের দর-কষাকষি ভালো হয়েছে। সর্বনিম্ন গ্রেডের সঙ্গে তুলনা করলে ওপরের গ্রেডগুলোতে মজুরি অন্য সময়ের তুলনায় বেশি বৃদ্ধি পেয়েছে।’