
পুরো কোভিডের সময় ঘরবন্দী ছিল মানুষ। তখন অনেক দেশে রেস্তোরাঁ একপ্রকার বন্ধই ছিল। জানা যায়, তখন সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় পর্যটন ও রেস্তোরাঁ খাত।
এখন কোভিডের বিধিনিষেধ নেই। স্বাভাবিক জীবনে ফিরে গেছে মানুষ। আবার রেস্তোরাঁমুখী হচ্ছে মানুষ। কিন্তু মহামারির আগে এই খাত যতটা রমরমা ছিল, এখন ততটা নেই। যুক্তরাষ্ট্রের মতো দেশে নতুন নতুন রেস্তোরাঁ ও বড় ফুড কোম্পানি চালু হলেও ২০১৯ সালে যে পরিমাণ রেস্তোরাঁ ছিল, সে তুলনায় এখন রেস্তোরাঁর সংখ্যা অনেক কম। খবর সিএনএনের
রেস্তোরাঁ নিয়ে গবেষণা করা টেকনোমিকের তথ্যানুসারে, ২০২২ সালে যুক্তরাষ্ট্রে প্রায় ৬ লাখ ৩১ হাজার রেস্তোরাঁ ছিল, যা ২০১৯ সালের তুলনায় ৭২ হাজার কম।
এখানেই শেষ নয়, টেকনোমিক আরও জানিয়েছে, এ বছর যুক্তরাষ্ট্রে রেস্তোরাঁর সংখ্যা আরও প্রায় এক হাজার কমতে পারে। পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে ২০২৬ সালের মধ্যেও যুক্তরাষ্ট্রের রেস্তোরাঁর সংখ্যা কোভিডের আগের পর্যায়ে যেতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।
বিষয়টি হলো কোভিড মানুষের জীবনে বড় ধরনের প্রভাব ফেলেছে। লকডাউন বা বিধিনিষেধের সময় মানুষ ঘরে বসে রেস্তোরাঁর খাবার খেত। ফুড ডেলিভারিব্যবস্থা তখন জনপ্রিয় হয়ে ওঠে। বাংলাদেশেও তার ব্যতিক্রম হয়নি। অর্থাৎ মানুষ হোম ফুড ডেলিভারিব্যবস্থায় অভ্যস্ত হয়ে পড়ে। রেস্তোরাঁয় যাওয়া কমিয়ে দেয় তারা। এতে রেস্তোরাঁশিল্প বিপাকে পড়ে।
আরেক দিকে উচ্চ মূল্যস্ফীতির প্রভাব তো আছেই। ২০২২ সালে বিশ্বের অধিকাংশ দেশে মূল্যস্ফীতির সূচক রেকর্ড উচ্চতায় ওঠে। স্বাভাবিকভাবেই মানুষ রেস্তোরাঁয় যাওয়া কমিয়ে দেয়। সেই সঙ্গে মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো হয়ে আসে রেস্তোরাঁর পরিচালন ব্যয় বেড়ে যাওয়া। গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির সঙ্গে পরিবহন, দোকানভাড়া, মজুরি সবই বেড়েছে। ফলে রেস্তোরাঁশিল্পের পক্ষে টিকে থাকাই কঠিন হয়ে গেছে।
এই বাস্তবতায় নতুনদের জন্য এই শিল্পে না আসার পরামর্শ দিচ্ছেন রেস্তোরাঁমালিকেরা।
সিএনএন সান ফ্রান্সিসকোর রেস্তোরাঁ চে ফিকো ও চে ফিকো এলিমেন্টারির মালিক ডেভিড নেফেল্ডকে জিজ্ঞাসা করেন, এই পরিস্থিতিতে তাঁরা নতুন রেস্তোরাঁ খোলার পরামর্শ দেবেন কি না। জবাবে তিনি বলেন, ‘আপনি যদি নতুন হন, অভিজ্ঞতা না থাকে, তাহলে আমি বলব, এই সময়ে রেস্তোরাঁ না খোলাই ভালো। তিনি আরও বলেন, রেস্তোরাঁ ব্যবসায় সফল হতে অভিজ্ঞতা ও পুঁজি প্রয়োজন, বিশেষ করে এই সময়ে তা আরও বেশি সত্য।
রেস্তোরাঁশিল্পের অভিজ্ঞ মানুষ ডেভিড নেফেল্ড নিজেও এখন ধুঁকছেন, যিনি একসময় বিখ্যাত ইলেভেন ম্যাডিসন পার্কে কাজ করেছেন। তিনি বলেন, ‘কোভিড মহামারি আমাদের কয়েকটি বছর নষ্ট করে দিয়েছে। আমরা এখনো তার প্রভাব কাটিয়ে ওঠার চেষ্টা করছি।’
টেকনোমিকের জ্যেষ্ঠ প্রিন্সিপাল ডেভিড হাংকি সিএনএনকে বলেন, রেস্তোরাঁশিল্পে এখন প্রয়োজনীয় সংশোধন হচ্ছে। অর্থাৎ কোভিডের আগে প্রতিবছর ১ থেকে দেড় শতাংশ হারে নতুন রেস্তোরাঁ হয়েছে, যদিও গ্রাহকসংখ্যা বাড়েনি। মহামারি না হলেও রেস্তোরাঁশিল্পে এই সংশোধন হতো, যদিও সময় একটু বেশি লাগত।