কোম্পানিগুলো সাবান ও টুথপেস্টের দাম প্রতিনিয়ত বাড়ানোর কারণ হিসেবে কাঁচামালের মূল্য বৃদ্ধি পাওয়ার কথা উল্লেখ করেছে।
সুগন্ধি সাবান, কাপড় কাচার সাবান, গুঁড়া সাবান (ডিটারজেন্ট), টুথপেস্ট ও শ্যাম্পুর মতো নিত্যব্যবহার্য বিভিন্ন পণ্যের দাম বেড়েই চলেছে। কয়েক দফা দাম বাড়ায় এসব পণ্যের ভোক্তারা সংসার খরচের বাড়তি চাপে পড়েছেন। বাজারে এসব পণ্যের দাম যৌক্তিকভাবে নির্ধারণ হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত করা হবে।
গতকাল বুধবার এসব পণ্যের প্রস্তুতকারক কোম্পানিগুলোর সঙ্গে এক মতবিনিময় সভার পরে এ ঘোষণা দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। এ লক্ষ্যে তিনি সরকারি-বেসরকারি মিলিয়ে তিন সদস্যের একটি কমিটি গঠনের ঘোষণাও দেন। এতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) একজন করে সদস্য থাকবেন, যাঁরা সংশ্লিষ্ট কোম্পানিগুলো পরিদর্শন করবেন।
দাম বাড়ার কিছু কারণ নিশ্চয়ই আছে। তবে হু হু করে যেভাবে দাম বাড়ছে, তাতে ক্রেতারা চাপে পড়ছেন। ভোক্তার অধিকারের জায়গা থেকে দেখলে সেটা সুখকর নয়।এ এইচ এম সফিকুজ্জামান, মহাপরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্যে এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের তালিকায় না থাকলেও নিত্যব্যবহার্য এসব পণ্য প্রতিনিয়ত লাগে। এগুলোর দাম বাড়ার কিছু কারণ নিশ্চয়ই আছে। তবে হু হু করে যেভাবে দাম বাড়ছে, তাতে ক্রেতারা চাপে পড়ছেন। ভোক্তার অধিকারের জায়গা থেকে দেখলে সেটা সুখকর নয়।’ এরপর বিভিন্ন কোম্পানির প্রতিনিধিদের কাছে পণ্যগুলোর দাম বাড়ানোর কারণ জানতে তাঁদের কথা বলার সুযোগ দেন তিনি।
কোম্পানিগুলোর পক্ষ থেকে প্রথমে বক্তব্য দেন ইউনিলিভার বাংলাদেশের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) জাহিদ মালিতা। তিনি বলেন, ‘২০২০ সালের শেষ প্রান্তিক থেকে এসব পণ্যের কাঁচামালের দাম বাড়ছে। এসব কাঁচামাল যেহেতু আমদানিনির্ভর, সেহেতু ডলারের অস্থিরতাও এগুলোর দাম আরও বাড়াচ্ছে। গুঁড়া সাবান উৎপাদনের কোনো কোনো কাঁচামালের দাম ৯০ শতাংশের বেশি বেড়েছে। সেই অনুপাতে দাম বাড়ানো হয়নি। ক্রেতাদের জন্য সহনীয় রেখেই দাম সমন্বয় করা হচ্ছে। এতে মুনাফা অনেক কমেছে।’
ইউনিলিভারের কয়েকটি ব্র্যান্ডের টুথপেস্টের দাম গত দুই বছরে মাত্র ৬ থেকে ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে দাবি করে জাহিদ মালিতা বলেন, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে দাম বাড়ানোর বিকল্প নেই।
স্কয়ার টয়লেট্রিজের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মালিক মোহাম্মদ সাঈদ। তিনি বলেন, ‘বিশ্ববাজারে কিছু কাঁচামালের দাম কমতে শুরু করলেও পণ্যের দাম কমানো যাচ্ছে না। কারণ, কাঁচামাল যে দামে আমদানি হচ্ছে, তার চেয়ে বেশি দামে কাস্টমস শুল্কায়ন করছে। এতে দাম বাড়তিই থাকছে।’ বাড়তি এই শুল্কায়ন বন্ধের দাবি জানান তিনি। বলেন, আগামী তিন থেকে পাঁচ মাসের মধ্যে দাম কমার কোনো সম্ভাবনা। এখন কোম্পানিগুলো পণ্যের দাম না বাড়ালে ব্যবসা ছেড়ে দিতে হতে পারে। তাতে কোম্পানিগুলোর হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ ঝুঁকিতে পড়বে।
সভার একপর্যায়ে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘তেলের দামের ক্ষেত্রে দেখি বিশ্ববাজারে কমলে দেশেও কমে। কিন্তু এসব পণ্যের কাঁচামালের দাম বিশ্ববাজারে কমলেও, দেশের বাজারে কমতে দেখা যায় না। শুধু বাড়ানোর চিত্রই পাওয়া যায়।’ এসব পণ্যের দাম একবার বাড়ার পরে অতীতে দাম কমেছে, এমন কোনো অভিজ্ঞতা আছে কি না, উপস্থিত কোম্পানিগুলোর প্রতিনিধিদের কাছে জানতে চান তিনি।
তখন ইউনিলিভারের সিএফও জাহিদ মালিতা দাম কমানোর দাবি করেন। তবে শেষ কবে তাঁর কোম্পানির কোন একটি পণ্যের দাম কমেছিল, তা ঠিকঠাক বলতে পারেননি। তিনি বলেন, ‘সব সময় মনে রাখা যায় না, তবে কাঁচামালের দাম কমলে আমরা তখন সমন্বয় করি।’
এ সময় স্কয়ার টয়লেট্রিজের সিওও মালিক মোহাম্মদ সাঈদ ২০১৫ সালে একবার কাঁচামালের দাম কমার কারণে তাঁর কোম্পানি পণ্যের দাম কমিয়েছিল বলে উল্লেখ করেন।
সভায় এসিআই কোম্পানির জ্যেষ্ঠ নির্বাহী পলাশ হোসেন ও কল্লোল গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপক মহিদুল হাসানও কাঁচামালের মূল্যবৃদ্ধিকেই পণ্যের দাম বাড়িয়ে রাখার কারণ হিসেবে উল্লেখ করেন।
ভোক্তাকণ্ঠ–এর সম্পাদক কাজী আবদুল হান্নান বলেন, ‘কোনো একটি ব্র্যান্ড জনপ্রিয়তা পেলে সেটাকে সুযোগ হিসেবে নিয়ে দাম বাড়ায়। আর পণ্যটি বেশি বিক্রি হওয়ায় তাদের লাভের অংশটা বেশি বাড়ে। এতে মানুষের কষ্ট বাড়ে। এমনটা হওয়া উচিত নয়।’
অনুষ্ঠানের শেষে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘কয়েকটি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে আমরা কোম্পানিগুলো পরিদর্শন করব, পণ্য উৎপাদনে তাদের ব্যয় বিশ্লেষণ করব। তাতে বোঝা যাবে দাম কতটা বাড়ানোর কথা ছিল, আর কতটা বাড়ানো হলো। সরকারের কাছে প্রতিবেদন দেওয়া হবে। অস্বাভাবিক কিছু পেলে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করব।’
এ ধরনের পরিদর্শনে কোম্পানির গোপনীয়তা লঙ্ঘন হতে পারে বলে উল্লেখ করেন ইউনিলভার বাংলাদেশের সিওও। তখন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক কোম্পানির গোপনীয়তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তদন্ত শেষ করা হবে বলে আশ্বস্ত করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অধিদপ্তরের মহাপরিচালক ভোক্তার অধিকার ক্ষুণ্ন হতে পারে—এমন কাজ প্রতিরোধে প্রয়োজনীয় প্রতিকারমূলক ব্যবস্থা নির্ধারণ ও তা বাস্তবায়ন করতে পারেন।