
বিপদে–আপদে নানা কারণে হঠাৎ বড় অঙ্কের অর্থের প্রয়োজন হতে পারে। বাড়ি সংস্কার, চিকিৎসা, সন্তানের দেশে–বিদেশে পড়াশোনা কিংবা ব্যক্তিগত কোনো খরচ মেটাতে অনেকে ব্যাংক থেকে ঋণ নিতে চান। এ ধরনের প্রয়োজন মেটাতে ব্যক্তিগত ঋণ বা পারসোনাল লোন দিয়ে থাকে বিভিন্ন ব্যাংক। বেসরকারি খাতের সিটি ব্যাংকও দিচ্ছে সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ।
সিটি ব্যাংকের এই ব্যক্তিগত ঋণ পেতে চাকরিজীবীদের মাসিক আয় হতে হবে কমপক্ষে ৪০ হাজার টাকা। তবে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে বেতনের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে, তাতে ঋণের পরিমাণও কমবে। বেসরকারি চাকরিজীবীদের বেতন ৪০ হাজার টাকা হলে ঋণ পাবেন ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকা। আর বেতন ৫০ হাজার টাকা হলে ৫–৬ লাখ টাকা ঋণ পাওয়া যাবে। আয় অনুযায়ী ঋণ পাওয়ার সীমা নির্ধারণ করা হবে। তবে এটাই শেষ কথা নয়। ব্যক্তিগত ঋণ পেতে বেতনসহ নানা যোগ্যতা দেখা হতে পারে।
সিটি ব্যাংকের তথ্য অনুযায়ী, ব্যক্তিগত ঋণের পরিমাণ সর্বনিম্ন ২ লাখ থেকে সর্বোচ্চ ৪০ লাখ টাকা। ঋণ পরিশোধের মেয়াদ ১২ থেকে ৬০ মাস বা এক থেকে পাঁচ বছর। অর্থাৎ ঋণগ্রহীতা নিজের সামর্থ্য ও প্রয়োজন অনুযায়ী পরিশোধের মেয়াদ বেছে নিতে পারবেন।
কারা পাবেন ঋণ
সিটি ব্যাংকের ব্যক্তিগত ঋণ পেতে আবেদনকারীর বয়স হতে হবে ২২ থেকে ৬০ বছরের মধ্যে। তবে পেশাভেদে অভিজ্ঞতা ও মাসিক আয়ের শর্ত আলাদা।
বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে একই প্রতিষ্ঠানে বা পেশায় কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তাঁদের মাসিক বেতন হতে হবে কমপক্ষে ৪০ হাজার টাকা। বাড়িওয়ালাদের মাসিক আয় কমপক্ষে ৫০ হাজার টাকা হতে হবে।
অন্যদিকে চিকিৎসক, প্রকৌশলী, হিসাববিদ, স্থপতিসহ বিভিন্ন পেশাজীবীর ক্ষেত্রে অন্তত দুই বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। তাঁদের মাসিক আয় হতে হবে কমপক্ষে ৬০ হাজার টাকা। ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসার বয়স কমপক্ষে তিন বছর এবং মাসিক আয় অন্তত এক লাখ টাকা হতে হবে।
আবেদনে কী লাগবে
ঋণের আবেদন করতে চাকরিজীবী ও অন্য পেশার গ্রাহকদের কিছু কাগজপত্র জমা দিতে হবে। এগুলোর মধ্যে রয়েছে—
১. ঋণ আবেদনকারী ও জামিনদারের জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ডের ফটোকপি।
২. আবেদনকারীর তিন কপি এবং জামিনদারের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।
৩. আবেদনকারী ও জামিনদারের ভিজিটিং কার্ড, বিজনেস কার্ড অথবা অফিস পরিচয়পত্রের ফটোকপি।
৪. আবেদনকারীর হালনাগাদ ই-টিআইএন সনদ।
৫. সর্বশেষ ইউটিলিটি বিলের কপি।
বাড়তি যেসব কাগজ লাগবে
চাকরিজীবীদের ঋণের আবেদনের সঙ্গে অফিসের পরিচিতিপত্র (লেটার অব ইনট্রোডাকশন), বেতন সনদ অথবা বেতন বিবরণী জমা দিতে হবে। পাশাপাশি সর্বশেষ ছয় মাসের ব্যাংক হিসাবের বিবরণী দিতে হবে।
পেশাজীবী চিকিৎসক, প্রকৌশলী, হিসাববিদ, স্থপতিসহ স্বনিয়োজিত পেশাজীবীদের সর্বশেষ ছয় মাসের ব্যাংক হিসাবের বিবরণী জমা দিতে হবে। পাশাপাশি পেশাগত যোগ্যতার সনদ বা সংশ্লিষ্ট পেশাজীবী সংগঠনের সদস্যপদের হালনাগাদ সনদ দিতে হবে। এ ছাড়া প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে আয়ের ঘোষণা জমা দিতে হবে।
ঋণের সুবিধা কী
সিটি ব্যাংক জানিয়েছে, ব্যক্তিগত ঋণে কোনো গোপন মাশুল বা চার্জ নেই। পাশাপাশি প্রতিযোগিতামূলক সুদহারের সুবিধা দেওয়ার কথা উল্লেখ করেছে ব্যাংকটি। ঋণগ্রহীতার মৃত্যু অথবা স্থায়ীভাবে সম্পূর্ণ অক্ষমতার ক্ষেত্রে ঋণের দ্বিগুণ অঙ্কের বিমা সুরক্ষাও রয়েছে বলে জানিয়েছে ব্যাংকটি।
তবে ঋণের সুদহার, প্রসেসিং ফি, মাসিক কিস্তির পরিমাণ ও অন্যান্য প্রযোজ্য মাশুল সম্পর্কে আবেদন করার আগে ব্যাংকের কাছ থেকে বিস্তারিত জেনে নিতে হবে। কারণ, ঋণের পরিমাণ ও মেয়াদ অনুযায়ী সুদের হার ও কিস্তির অঙ্ক পরিবর্তিত হবে।
সিটি ব্যাংক সূত্রে জানা গেছে, শুধু এই প্যাকেজে মাসে প্রায় ২০০ কোটি টাকার ঋণ বিতরণ করে সিটি ব্যাংক। চাকরিজীবীরা এ ঋণ বেশি গ্রহণ করেন বলে জানান ব্যাংকটির কর্মকর্তারা। আগে ২০ লাখ টাকার সীমা থাকলেও ২ মাস ধরে এটা ৪০ লাখ টাকা করা হয়েছে। যেকোনো ব্যাংক হিসাব থেকেও এ ঋণের আবেদন করা যায় বলে জানান সংশ্লিষ্টরা।
জানতে চাইলে সিটি ব্যাংকের হেড অব প্রোডাক্টস (অ্যাকুইজিশন্স অ্যান্ড চিফ ব্যাংকাসুরেন্স অফিসার) সুবীর কুমার কুন্ডু প্রথম আলোকে বলেন, ‘ব্যক্তিগত ঋণে সুদের হার পরিবর্তন হয়ে থাকে। এখন এটা ১০ থেকে ১১ শতাংশ হয়। তবে কমবেশি হতে পারে। আবেদনের পর মূলত গ্রাহকের আয়, পেশা, চাকরির ধরন, চাকরির সময়সীমা ইত্যাদি বিভিন্ন দিক বিবেচনা করে ঋণপ্রাপ্তির সীমা নির্ধারণ করা হয়।’