আয়কর আইনে কিছু ত্রুটি–বিচ্যুতি আছে: এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কার্যালয়
ফাইল ছবি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, প্রতিটি আইনের প্রথম দিকে কিছুটা ত্রুটি-বিচ্যুতি থাকে। নতুন আয়কর আইনেও এমন কিছু ত্রুটি–বিচ্যুতি আছে। সেগুলো সমাধানের চেষ্টা করা হচ্ছে। যেকোনো আইনকে সময়ের সঙ্গে সঙ্গে পরিশীলিত করা হয়।

এনবিআর আয়োজিত এক সেমিনারে সংস্থাটির চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এসব কথা বলেন। বৃহস্পতিবার ঢাকার আগারগাঁওয়ের এনবিআর মিলনায়তনে ‘নতুন আয়কর আইন এবং কর পরিপালন: পরিবর্তিত প্রেক্ষিত’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন।

চলতি ২০২৩–২৪ অর্থবছর থেকে নতুন আয়কর আইন চালু হয়েছে। এ আইনের বিভিন্ন দিক নিয়ে সেমিনারে সমালোচনা হয়।

সেমিনারে আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, বাংলাদেশে এক কোটি লোকের কর দেওয়ার সামর্থ্য আছে। কিন্তু প্রতিবছর গড়ে ৩৫ লাখ করদাতা রিটার্ন দেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন বলেন, নতুন আয়কর আইনের বিভিন্ন বিষয় পরিষ্কার করতে পারেন এনবিআরের কর কর্মকর্তারা। এতে আদালতে জমে যাওয়া রাজস্বসংক্রান্ত মামলাগুলো ভালোভাবে পরিচালনা করতে পারবে সরকার।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনবিআরের সদস্য (আয়কর নীতি) সামস উদ্দিন আহমেদ। এতে তিনি বলেন, গত পাঁচ দশকে মোট রাজস্বে প্রত্যক্ষ করের পরিমাণ ক্রমান্বয়ে প্রায় চার গুণ বৃদ্ধি পেয়েছে। গত ২০২২-২৩ অর্থবছরে মোট রাজস্ব আয়ের ৩৫ শতাংশ এসেছে আয়কর থেকে। ২০১৩ সালে অনলাইনে টিআইএন জমা দেওয়ার ব্যবস্থা চালু হয়। ২০২২-২৩ অর্থবছরে টিআইএন গ্রহণকারীর পরিমাণ ৯০ লাখ ছাড়িয়েছে।

অনুষ্ঠানে এনবিআরের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।