বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহৃত ব্যাংকিং অ্যাপ হলো ডাচ্-বাংলা ব্যাংকের নেক্সাস পে। এই অ্যাপ ব্যবহার করে লেনদেন করা বেশ সহজ। ব্যাংকসেবাকে আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ করে তুলতে ২০১৮ সালে ডাচ্–বাংলা ব্যাংক নেক্সাস পে সেবা নিয়ে আসে। অবশ্য শুরু থেকেই ব্যাংকটি ডিজিটাল সেবায় পথপ্রদর্শক।
এটিএম বুথকে গ্রাহকের দোরগোরায় পৌঁছে দেওয়ার পাশাপাশি প্রথম মোবাইল ব্যাংকিং সেবা রকেট চালু করে ডাচ্–বাংলা ব্যাংক এর প্রমাণ রেখেছে। ২০১৮ সালে নেক্সাস পে চালুর পর ধীরে ধীরে এর সেবার পরিধি ও আওতা বাড়াতে থাকে ব্যাংকটি।
ডাচ্-বাংলা ব্যাংকের ডেবিট, ক্রেডিট, এজেন্ট ব্যাংকিং কার্ড বা সচল রকেট অ্যাকাউন্টধারীরা এই অ্যাপ ব্যবহার করতে পারেন। এ ছাড়া অন্য ব্যাংকের ভিসা বা মাস্টারকার্ড ব্যবহারকারীরাও নেক্সাস পে-তে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। সব ক্ষেত্রেই নিবন্ধিত মোবাইল নম্বরটি ফোনে সচল থাকা জরুরি।
অ্যাপটি ব্যবহারের পুরো প্রক্রিয়াটি নিচে ধারাবাহিকভাবে দেওয়া হলো:
১. অ্যাপ ডাউনলোড ও নিবন্ধন
প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে অফিশিয়াল ‘নেক্সাস পে’ অ্যাপটি ডাউনলোড করে নিন।
অ্যাপটি ওপেন করে ‘নিবন্ধন’ বাটনে ক্লিক করুন।
সচল মোবাইল নম্বর এবং সিম অপারেটর (যেমন গ্রামীণফোন, রবি ইত্যাদি) নির্বাচিত করুন।
মোবাইলে একটি ওটিপি বা একবার ব্যবহারযোগ্য পাসওয়ার্ড আসবে, সেটি দিয়ে নম্বরটি যাচাই করুন।
এরপর আপনার নাম, ই–মেইল ঠিকানা এবং নিজের পছন্দমতো ৬ ডিজিটের একটি গোপন পিন সেট করে নিবন্ধন সম্পন্ন করুন।
২. কার্ড যুক্ত করার প্রক্রিয়া
অ্যাপে সফলভাবে লগ-ইন করার পর আপনার কাঙ্ক্ষিত কার্ড বা অ্যাকাউন্টটি যুক্ত করতে হবে। এ জন্য–
ড্যাশবোর্ড থেকে কার্ড যুক্ত করার অপশনে ক্লিক করুন।
আপনার কার্ডের ধরন (যেমন নেক্সাস ডেবিট, রকেট বা ভিসা/মাস্টারকার্ড) নির্বাচন করুন।
কার্ডে থাকা নাম, কার্ডের ১৬ ডিজিটের নম্বর এবং আপনার কার্ডের গোপন পিন প্রদান করুন।
পুনরায় ওটিপি দিয়ে যাচাই করার পর কার্ডটি অ্যাপে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবে। এরপর ড্যাশবোর্ড থেকেই আপনি ব্যালেন্স বা অ্যাকাউন্টের স্থিতি দেখতে পাবেন।
৩. ভার্চ্যুয়াল কার্ড ও অতিরিক্ত সুবিধা
লয়ালিটি কার্ড: গ্রাহকেরা চাইলে অ্যাপের ভেতর একটি ভার্চ্যুয়াল ‘লয়ালিটি পয়েন্টস কার্ড’ তৈরি করতে পারেন। এর মাধ্যমে বিভিন্ন কেনাকাটায় অফার ও ক্যাশব্যাক উপভোগ করা যায়।
লেনদেন ও বিল পরিশোধ: নেক্সাস পে অ্যাপের মাধ্যমে মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পরিশোধ এবং কেনাকাটা সবার জন্যই সম্পূর্ণ বিনা মূল্যে।
তহবিল স্থানান্তর: ডাচ্-বাংলা ব্যাংকের গ্রাহকেরা এই অ্যাপ ব্যবহার করে অন্য যেকোনো ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারেন। তবে অন্য ব্যাংকের কার্ড ব্যবহারকারীরা বর্তমানে এই নির্দিষ্ট সুবিধাটি পাবেন না।