সায়ফুল ইসলাম আবার মেট্রো চেম্বারের সভাপতি 

সায়ফুল ইসলাম
সায়ফুল ইসলাম

মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি হিসেবে মো. সায়ফুল ইসলাম আবার নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কামরান টি রহমান দ্বিতীয়বারের মতো সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি এবং হাবিবুল্লাহ এন করিম সহসভাপতি পদে আবার নির্বাচিত হয়েছেন।

গত ২৭ নভেম্বর সংগঠনের নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভায় সায়ফুল ইসলাম আবার সভাপতি পদে নির্বাচিত হন। তারপর গত বুধবার এমসিসিআইয়ের ১১৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিষয়টি অনুমোদন করা হয়। নতুন এই কমিটি আগামী এক বছর সংগঠনের পরিচালনায় থাকবে।

এমসিসিআইয়ের নতুন পরিচালনা পর্ষদের সদস্যরা হলেন—শেলটেকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ, মডার্ন ইন্ডাস্ট্রিজের এমডি সৈয়দ তারেক মো. আলী, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ নাসের এজাজ বিজয়, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এমডি তপন চৌধুরী, অ্যাগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানির পরিচালক উজমা চৌধুরী, এসিআইয়ের এমডি আরিফ দৌলা, সৈয়দ ইশতিয়াক আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটসের সিনিয়র পার্টনার নিহাদ কবির, ডব্লিউ অ্যান্ড ডব্লিউ গ্রেইনস করপোরেশনের পরিচালক আনিস এ খান, রহমান রহমান হকের সিনিয়র পার্টনার আদিব হোসেন খান, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির চেয়ারম্যান গোলাম মাইনুদ্দিন, এম জে আবেদিন অ্যান্ড কোম্পানির পার্টনার হাসান মাহমুদ, অ্যাপেক্স ফুটওয়্যার এমডি সৈয়দ নাসিম মঞ্জুর এবং ট্রান্সক্রাফট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সিমিন রহমান।