চট্টগ্রাম চেম্বার

সংসদ সদস্যপুত্র নতুন সভাপতি

এ নিয়ে টানা পাঁচবার ভোট হয়নি। ফলে ব্যবসায়ীরা এবারও ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের সুযোগ থেকে বঞ্চিত হলেন।

ওমর হাজ্জাজ
ওমর হাজ্জাজ

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে (সিসিসিআই) এবারও ভোট হয়নি। প্রথমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালকেরা নির্বাচিত হয়েছেন, এরপর তাঁরা সভাপতি নির্বাচিত করেছেন। এ নিয়ে টানা পাঁচবার ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের সুযোগ থেকে বঞ্চিত হলেন ব্যবসায়ীরা।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালকেরা সভাপতি নির্বাচিত করেছেন চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য (এমপি) এম এ লতিফের তৃতীয় সন্তান ওমর হাজ্জাজকে। ৩২ বছর বয়সী ওমর হাজ্জাজ ২০১৭-১৯ সাল মেয়াদে প্রথম বিনা ভোটে পরিচালক হন। এরপর ২০১৯-২১ মেয়াদে একইভাবে জ্যেষ্ঠ সহসভাপতি হন। একবার বিরতি দিয়ে এবারের কমিটিতে তিনি সভাপতি হয়েছেন।

চট্টগ্রাম চেম্বার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওমর হাজ্জাজ রিলায়েন্স ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী। এ ছাড়া তিনি জিডি হার্বার সার্ভিস ও গ্লোব ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থাপনা অংশীদার এবং রিলায়েন্স এসেটস অ্যান্ড ডেভেলপমেন্টস (বিডি) লিমিটেড ও রিলায়েন্স শিপইয়ার্ডের পরিচালক।

নির্বাচনে যেকোনো ভোটারের প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ ছিল। কিন্তু কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে আসেননি। এর অর্থ হলো, চট্টগ্রামের ব্যবসায়ী সমাজ ঐক্যবদ্ধ।
ওমর হাজ্জাজ, নতুন সভাপতি, চট্টগ্রাম চেম্বার

নতুন সভাপতি ওমর হাজ্জাজ প্রথম আলোকে বলেন, চেম্বারের নির্বাচনে যেকোনো ভোটারের প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ ছিল। কিন্তু কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে আসেননি। এর অর্থ হলো, চট্টগ্রামের ব্যবসায়ী সমাজ ঐক্যবদ্ধ।

গত ১৫ জুন চট্টগ্রাম চেম্বারের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আগামী ৫ সেপ্টেম্বর চেম্বারের ২৪ পরিচালক পদে নির্বাচন হওয়ার কথা ছিল। ৬ আগস্ট ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২৪ পরিচালক পদের বিপরীতে প্রার্থীও হন ২৪ জন। প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় ভোটের দরকার পড়েনি। ফলে বিনা ভোটেই নির্বাচিত হন পরিচালকেরা। তাঁরা গতকাল নতুন সভাপতি নির্বাচিত করেন।

এবারে চট্টগ্রাম চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বন্দরের দুটি টার্মিনাল পরিচালনাকারী প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তরফদার রুহুল আমিন। তিনি বর্তমান পর্ষদেরও জ্যেষ্ঠ সহসভাপতি। আর সহসভাপতি নির্বাচিত হয়েছেন রাইসা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রাইসা মাহবুব। তিনি চেম্বারের বর্তমান সভাপতি ও এফবিসিসিআইয়ের নবনির্বাচিত সভাপতি মাহবুবুল আলমের মেয়ে।

এবারের পরিচালকদের মধ্যে রয়েছেন প্যাসিফিক জিনসের এমডি সৈয়দ মোহাম্মদ তানভীর, পিএইচপি মোটরসের এমডি মো. আক্তার পারভেজ, ফোর এইচ অ্যাপারেলসের এমডি গাওহার সিরাজ জামিল, সিপিডিএলের এমডি ইফতেখার হোসেন, অর্কিড ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, মডার্ন হ্যাচারির এমডি আবু সুফিয়ান চৌধুরী। এ ছাড়া এ কে এম আক্তার হোসেন, অহীদ সিরাজ চৌধুরী, জহিরুল ইসলাম চৌধুরী, অঞ্জন শেখর দাশ, মো. রকিবুর রহমান, মাহফুজুল হক শাহ, বেনাজির চৌধুরী, মো. আলমগীর পারভেজ, নাজমুল করিম চৌধুরী, মাহবুবুল হক, মো. রেজাউল করিম আজাদ, মোহাম্মদ আদনানুল ইসলাম, মোহাম্মদ মনির উদ্দিন, আখতার উদ্দিন মাহমুদ ও ওমর মুক্তাদির পরিচালক হয়েছেন।

কেন ভোট হচ্ছে না

চট্টগ্রাম চেম্বারে সর্বশেষ ভোটাভুটি হয়েছিল ২০১৩ সালের ৩০ মার্চ। ওই নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফ-সমর্থিত মাহবুবুল আলম-নুরুন নেওয়াজ সেলিম পরিষদ ২৪ পদের মধ্যে ২০টিতে জয়লাভ করে। প্রতিদ্বন্দ্বী মোরশেদ-সালাম ঐক্য পরিষদ পায় ৪টি। সংখ্যাগরিষ্ঠতার সুবাদে মাহবুবুল আলম প্রথমবারের মতো সভাপতি হন। পরের চারবার তাঁর প্রতিপক্ষ হিসেবে কোনো প্যানেল বা প্রার্থী দেখা যায়নি। তাই ভোটাভুটিও হয়নি। তিনি সম্প্রতি ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম চেম্বারে তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা সেপ্টেম্বরে। এর আগেই বিনা ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে।

চট্টগ্রাম চেম্বারের তিনজন সাবেক পরিচালকের সঙ্গে কথা হয় প্রথম আলোর। তাঁরা বলেন, ২০০৮-১০ মেয়াদে এম এ লতিফ প্রথম চেম্বারের সভাপতি হওয়ার পর থেকে তাঁর প্যানেলই এ সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছে। চেম্বারের নেতৃত্বে কারা আসবেন, তা মূলত সংসদ সদস্য এম এ লতিফ ঠিক করে দেন। চেম্বারের ভোটারদের ওপর নিয়ন্ত্রণ রয়েছে এম এ লতিফের। ফলে নতুন কোনো প্যানেল নির্বাচন করলেও তাদের জয়লাভের সম্ভাবনা কম। এ জন্যই গত পাঁচ মেয়াদে প্রতিযোগী কোনো প্যানেল ছিল না। এ ছাড়া চেম্বারের ভোটার তালিকা সংস্কার না হলে নির্বাচনে প্রতিযোগিতা হবে না।

এম এ লতিফ-সমর্থিত একজন ব্যবসায়ী নেতা বলেন, চেম্বারের বর্তমান নেতৃত্ব ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার সমাধানে সব সময় সরব ছিল। ব্যবসায়ীদের মাঝে সমর্থনও রয়েছে চেম্বার নেতৃত্বের। এ কারণেই নতুন কোনো প্যানেল নির্বাচনে প্রতিযোগিতা করেনি।

চেম্বারের শতবর্ষের প্রকাশনা থেকে জানা যায়, ১৯০৬ সালে এই চেম্বার যাত্রা শুরু করে। প্রথমবার সভাপতি হন জে আই ব্রাউন। ইংরেজ আমলে ইউরোপীয়রা নেতৃত্ব দিয়েছিল এই চেম্বারে। স্বাধীনতার পর থেকে চেম্বারের নেতৃত্ব দেওয়া আটজন ব্যবসায়ী পরে সংসদ সদস্য নির্বাচিত হন।

যেমন ১৯৭৪-৭৮ মেয়াদের সভাপতি জহিরউদ্দিন খান ১৯৭৯ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে শিল্পমন্ত্রী হয়েছিলেন। এ কারণে এই চেম্বারের নেতৃত্বের প্রতি ব্যবসায়ীদের আগ্রহ ছিল বেশি। তবে টানা পাঁচ মেয়াদে ভোট না হওয়ায় ঐতিহ্যবাহী চেম্বারটির নেতৃত্ব নিয়ে আগ্রহ কমছে ব্যবসায়ীদের।