রূপপুরের ঋণ পরিশোধ

চীনা ব্যাংকে হিসাব খুলতে বাংলাদেশ ব্যাংককে চিঠি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
ফাইল ছবি: প্রথম আলো

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়ার দেওয়া ঋণ পরিশোধে চীনের পিপলস ব্যাংক অব চায়নাতে হিসাব (অ্যাকাউন্ট) খুলতে চায় সরকার। বাংলাদেশ ব্যাংককে এ বিষয়ে পদক্ষেপ নিতে ৭ আগস্ট চিঠি দিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ইআরডি সূত্র জানিয়েছে, সরকার রাশিয়ার ঋণ চীনা মুদ্রা ইউয়ানে পরিশোধ করতে চায়। এ ব্যবস্থায় বাংলাদেশ চীনকে অর্থ পরিশোধ করবে মার্কিন ডলারে। চীন সেই অর্থ রুবলে রূপান্তর করে রাশিয়াকে পরিশোধ করবে।

ব্যাংক অব চায়নায় হিসাব খুলতে বাংলাদেশ ব্যাংককে দেওয়া ইআরডির চিঠিতে বলা হয়, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সই হওয়া আন্তসরকার ঋণচুক্তির সংশোধনী বাস্তবায়নের জন্য ব্যাংক অব চায়নাতে হিসাব খোলা অতি জরুরি। চুক্তি স্বাক্ষরের অনুমতিসংক্রান্ত সারসংক্ষেপ প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। বর্তমানে সংশোধনী দুটি সই হওয়ার জন্য তৈরি আছে।

ইআরডির উপসচিব মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সই করা চিঠিতে চীনা ব্যাংকে হিসাব খোলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, রূপপুরের বিষয়ে সরকারের সঙ্গে রাশিয়ার ঋণচুক্তিতে বলা আছে, ঋণ পরিশোধ করা হবে ডলারে। এখন যেহেতু ইউয়ানে পরিশোধ করা হবে, সে জন্য ঋণচুক্তি সংশোধন করতে হবে।

২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতার রূপপুর বিদ্যুৎকেন্দ্রে রাশিয়া সরকার ঋণ দিচ্ছে ১ হাজার ১৩৮ কোটি মার্কিন ডলার (১১ দশমিক ৩৮ বিলিয়ন), যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ২৩ হাজার কোটি টাকার বেশি (ডলারপ্রতি ১০৮ টাকা ধরে)। এটিই বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প।

২০২২ সালে ফেব্রুয়ারিতে রাশিয়া প্রতিবেশী ইউক্রেনে সামরিক হামলা চালানোর পর দেশটির (রাশিয়া) ব্যাংকগুলোকে বৈশ্বিক লেনদেনব্যবস্থা সুইফট থেকে বের করে দেয় যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। পাশাপাশি রাশিয়ার ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়। এতে বাংলাদেশের রূপপুরের ঋণ পরিশোধও কঠিন হয়ে পড়ে।

ইআরডি সূত্র বলছে, নতুন প্রেক্ষাপটে রাশিয়া ঋণের সুদ ও আসল রুবলে চেয়েছিল। গত বছর অক্টোবরে এ-সংক্রান্ত একটি প্রস্তাব সরকারকে পাঠানো হয়। রাশিয়ার প্রস্তাব পর্যালোচনা করে ইআরডি জানায়, রুবলে ঋণ পরিশোধ করা বাংলাদেশের পক্ষে সম্ভব নয়। চীনের মুদ্রা ইউয়ানে পরিশোধ করতে রাজি আছে বাংলাদেশ।

বিষয়গুলো নিয়ে গত মার্চে দুই দেশের মধ্যে এক ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়। সেখানে রাশিয়ার ঋণ চীনের মুদ্রা ইউয়ানে পরিশোধ করার বিষয়ে দুই পক্ষ সম্মত হয়। তারই ধারাবাহিকতায় ব্যাংক অব চায়নাতে হিসাব খোলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

এদিকে চীনা ব্যাংকে হিসাব খোলা হবে কি না, তা জানতে যোগাযোগ করা হয়েছিল বাংলাদেশ ব্যাংকের সঙ্গে। আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট শাখার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, তাঁরা ইআরডির চিঠি পেয়েছেন। তবে ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশ ব্যাংক মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে কীভাবে অর্থ পরিশোধ করা যায়, সে উপায় খুঁজছে।

এদিকে ডলারে ঋণ পরিশোধ করতে না পারায় সরকার আলাদা একটি ব্যাংক হিসাবে রাশিয়ার ঋণের সুদ জমা রাখছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত এ প্রক্রিয়ায় অর্থ জমা অব্যাহত থাকবে। রাশিয়ার ঋণ ও সুদ হিসাবে দুই কিস্তির ৩০ কোটি ডলার ওই হিসাবে জমা হয়েছে।

ইআরডি সূত্র জানায়, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে করা রূপপুরের ঋণচুক্তিতে আরেকটি সংশোধনী আসতে পারে। সেটি হলো, রাশিয়ার ঠিকাদারের দেরির কারণে বাংলাদেশকে জরিমানা দিতে হবে না। এখন রূপপুরে রাশিয়ার ঠিকাদার কাজে দেরি করলে বাংলাদেশকে জরিমানা দিতে হয়। ইতিমধ্যে সরকার রাশিয়াকে প্রায় ৭৮ কোটি টাকা জরিমানা হিসেবে দিয়েছে। আরও ৩১ কোটি টাকা জরিমানা হয়েছে, যা এখনো বকেয়া।