
দত্তের বাজারের শেষ প্রান্তে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষে বসে মাছের হাট। ছোট-বড় নানা আকারের দোকানে মেলে দেশি-বিদেশি বিভিন্ন জাতের মাছ। এই বাজারের সবজির দোকানগুলোর মতো মাছের হাটেও একেক দোকানের পসরা একেক রকম।
মাছবাজারে কোনো দোকানি নিয়ে বসেছেন দেশি ট্যাংরা মাছ, কেউবা বড় হাঁড়িতে করে এনেছেন জীবন্ত কই, আবার কারও ডালায় সাজানো নদীর বড় বড় পাঙাশ। হাটে ওঠা মাছের বড় একটি অংশ আসে ব্রহ্মপুত্র নদ থেকে। এর বাইরে সামুদ্রিক মাছ, চাষের মাছ, দক্ষিণাঞ্চলের ঘেরের চিংড়ি ও ইলিশসহ প্রায় সব প্রজাতির মাছই পাওয়া যায় এখানে।
খোলা আকাশের নিচে বসা এই মাছের হাটে দোকানের সংখ্যা ৪০টির বেশি। ব্যবসায়ী ও ইজারাদারের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবারের বড় হাটে গড়ে ৪০ মণের বেশি মাছ কেনাবেচা হয়, যার আর্থিক মূল্য ১০ লাখ টাকার বেশি।
দীর্ঘদিন ধরে এই হাটে মাছের ব্যবসা করেন আনোয়ার হোসেন (৬০)। তিনি বলেন, ‘এ অঞ্চলের মানুষ মাছ খুব পছন্দ করে। এ কারণে বড় বড় বাজারে পাওয়া যায় না, এমন অনেক মাছও এখানে মেলে। এমনকি বড় আকারের ইলিশও পাওয়া যায়। হাটের দিন সকালে সরাসরি জেলেদের কাছ থেকে মাছ কিনি, আর বেলা ৩টা থেকে রাত ৯-১০টা পর্যন্ত বিক্রি করি। বেচাকেনা শেষে বাজার-সদাই করে বাড়ি ফিরি।’
মাছের হাটের ঠিক পেছনেই টিনের শেডের নিচে বসে শুঁটকির হাট। লইট্টা, চিংড়ি, রুপচাঁদা, মলা, কাঁচকি, ইঁচাসহ মিঠা ও নোনাপানির নানা প্রজাতির শুঁটকি পাওয়া যায় দোকানগুলোতে। শুঁটকি ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, হাটে শুঁটকির দোকান রয়েছে ১২টি।
স্থানীয় ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, তাজা মাছের পাশাপাশি এ অঞ্চলের মানুষের কাছে শুঁটকির চাহিদাও বেশ। ফলে শুঁটকির দোকানগুলোতেও ক্রেতাদের ভিড় থাকে। ব্যবসায়ীরা জানান, বেশির ভাগ শুঁটকি আসে কাপ্তাই ও দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলাগুলো থেকে। এর মধ্যে সামুদ্রিক মাছের শুঁটকির চাহিদাই সবচেয়ে বেশি। তাঁরা জানান, হাটের আড়তগুলোতে প্রতি হাটবারে দেড় থেকে দুই লাখ টাকার বেশি শুঁটকি বিক্রি হয়।
দত্তের বাজারের এই মাছ ও শুঁটকির হাট কেবল স্থানীয় বাসিন্দাদের আমিষের চাহিদাই মেটাচ্ছে না, বরং নদীনির্ভর বহু মানুষের জীবিকারও বড় উৎস হয়ে উঠেছে। তবে একাধিক ব্যবসায়ী অভিযোগ করেন, মাছের হাটের জন্য কোনো স্থায়ী শেড না থাকায় রোদ-বৃষ্টিসহ প্রতিকূল আবহাওয়ায় তাঁদের চরম দুর্ভোগ পোহাতে হয়। স্থানীয় প্রশাসনের উদ্যোগে একটি স্থায়ী শেড নির্মাণ করা হলে ক্রেতা-বিক্রেতা উভয়েই উপকৃত হবেন এবং ব্যবসার পরিধি আরও বাড়বে বলে মনে করেন তাঁরা।