কেমন হবে আগামীর আবাসন

বিলাসবহুল বাংলো, বড় আয়তনের খোলামেলা ফ্ল্যাট কিংবা নিজের একটি বাড়ি—এমন স্বপ্ন থাকে প্রায় সবার। নিজেদের আবাসন নিয়ে নানারকম ভাবনার শেষ নেই। বর্তমানে মাথা গোঁজার কোনোরকম ঠাঁই থাকলেও প্রশ্ন জাগে আমাদের ভবিষ্যৎ আবাসন নিয়ে। কেমন হবে নিজের আবাস, আবার প্রিয় এই নগরী কি এখনকার মতোই থাকবে অগোছালো আর পরিকল্পনাহীন? এ রকম ভাবনা কাজ করে অনেকের মধ্যে।

কেমন হবে আগামীর আবাসন? এমন প্রশ্ন ছিল রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদের কাছে। তিনি বলেন, ‘আমরা একটা বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। জলবায়ু পরিবর্তন। বৈশ্বিক উষ্ণতার কারণে পরবর্তী প্রজন্মের আবাসনের জন্য একটু বেশি মনোযোগ দিতে হবে। আমি যদি প্রথমেই প্রাধান্য দিই কলকারখানা নির্মাণের দিকে, তাহলে বলব ইস্পাত–কাঠামো ব্যবহারের কথা। এটি পরিবেশের জন্য ইতিবাচক। অন্যান্য নির্মাণের সঙ্গে তুলনা করলে ইস্পাত–কাঠামোর ব্যবহার, নকশা ও নির্মাণ অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। এটি বানাতে খরচ কম এবং প্রয়োজনে স্থানান্তর করা যায়। কংক্রিট–কাঠামোর তুলনায় এটি বেশি শক্তিশালী। ইস্পাত–কাঠামো অভিন্ন, উচ্চ শক্তির এবং দ্রুতগতিতে নির্মাণ করা যায়। ভূমিকম্প প্রতিরোধে ভূমিকা রাখে। তাই প্রাকৃতিক দুর্যোগে আবাসনের ক্ষতি হওয়ার ঝুঁকিও কম থাকে।’

কলকারখানা কিংবা নানারকম অফিস–আদালত এমন ইস্পাত–কাঠামোয় তৈরি করা হলেও বাসস্থানের জন্য কামাল মাহমুদ জোর দিয়েছেন কন্ডোমিনিয়ামের ধারণাকে। কন্ডোমিনিয়ামের ধারণা আমাদের দেশে নতুন হলেও বিশ্বের প্রেক্ষাপটে এটি নতুন কিছু নয়। এই আবাসনব্যবস্থায় যৌথ মালিকানার ভিত্তিতে একই ভবন বা কয়েকটি ভবনের সবাই কিছু বিশেষ সুবিধা উপভোগ করতে পারেন, যেগুলো কেউ একা উপভোগ করতে চাইলে অনেক ক্ষেত্রে সম্ভব নয়। যেমন হাঁটা বা দৌড়ানোর জন্য নিজস্ব একটি খোলামেলা জায়গা, একটি সুইমিংপুল কিংবা নিজেদের জন্য নির্দিষ্ট চিকিৎসাসেবা। আর এসব দিক মাথায় রেখে বাংলাদেশসহ সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠছে কন্ডোমিনিয়াম।

অ্যাপার্টমেন্ট কিংবা বাড়ির সঙ্গে কন্ডোমিনিয়ামের পার্থক্য হলো, এর মালিকানাচুক্তির ভিন্নতা। কন্ডোমিনিয়ামে কমন ইউনিট বা কমন স্পেসের মালিকানা একক থাকে না। বরং প্রকল্পের সবাই সম্মিলিতভাবে কমন সুযোগ–সুবিধা ভোগ করেন। সহজভাবে বলতে গেলে, এখানে আপনি বেশ কিছু কমন স্পেসের মালিক হচ্ছেন, যা একক মালিকানায় হয়তো সম্ভব ছিল না।

কন্ডোমিনিয়াম আবাসনে আরও যা সুবিধা—

ভাবনা ও ঝামেলাহীন

নিজের বাড়ি কিংবা বড় অ্যাপার্টমেন্ট আপনি চাইলেই নিজের মতো করে সাজিয়ে নিতে পারেন। কিন্তু একই সঙ্গে আপনাকে ভাবতে হবে বাড়ি কী করে পরিষ্কার–পরিচ্ছন্ন রাখবেন, সেটা নিয়ে। অথচ কন্ডোমিনিয়াম আপনাকে এসব ভাবনা থেকে মুক্তি দেবে। এখানে বাড়ির রক্ষণাবেক্ষণ নিয়ে আপনার চিন্তা করার প্রয়োজন নেই। কারণ, এসব সমস্যা সমাধানের জন্য আলাদা লোক নিয়োজিত থাকে। কন্ডোমিনিয়াম একটু ভিন্নভাবে কাজ করে। প্রোপার্টির রক্ষণাবেক্ষণের জন্য ইনচার্জ হিসেবে বোর্ড অব ডিরেক্টর অথবা হাউস ওনার অ্যাসোসিয়েশন থাকে। ফলে রক্ষণাবেক্ষণের কোনো কিছু নিয়ে সচরাচর কাউকে মাথা ঘামাতে হয় না।

জীবনযাপন হবে আধুনিক

কন্ডোমিনিয়ামে বসবাস করা মানে যা কিছু আপনি চাচ্ছিলেন, সবই পেয়ে যাবেন হাতের কাছে। এই বিশেষ সুযোগ–সুবিধা এ আবাসনব্যবস্থাকে আলাদা করেছে। আধুনিক জিম, পার্টি স্পেস, লন ও শিশুদের জন্য অভ্যন্তরীণ পার্ক—এমন সুবিধাগুলো জীবনযাপন আধুনিক করে তোলে।

লোকেশন অনুযায়ী কন্ডোমিনিয়াম নির্মাণ

বাড়ি কিংবা অ্যাপার্টমেন্ট বিল্ডিং যেকোনো লোকেশনেই নির্মাণ করা হয়। কিন্তু কন্ডোমিনিয়াম সাধারণত শহরের কেন্দ্রে অথবা নগরীর ব্যস্ততা থেকে দূরে নিরিবিলি পরিবেশে গড়ে ওঠে। লোকেশন যেটাই হোক না কেন, শপিং মল, যাতায়াত আর শিক্ষাপ্রতিষ্ঠানের মতো সুবিধাগুলো মিলবে একদম ঘরের কাছে। এ কারণেই কন্ডোমিনিয়াম থাকার জায়গা হিসেবে সবার কাছে প্রিয়।

বিশেষ নিরাপত্তাব্যবস্থা

এ রকম আবাসন নিরাপদ থাকে। ব্যক্তিগত নিরাপত্তার সঙ্গে পুরো আবাসন থাকে বিশেষ নিরাপত্তাবলয়ে। সার্বক্ষণিক সিকিউরিটি গার্ড, সিকিউরিটি ক্যামেরা এবং নিরাপত্তার আধুনিক জিনিস—সব মিলিয়ে কন্ডোমিনিয়ামের এই নিরাপত্তাবেষ্টনী নিশ্চিত রাখবে সবাইকে।

সুন্দর সামাজিক বন্ধন

বর্তমান যুগে আমরা পাশের ফ্ল্যাটে কে থাকেন, তা–ও অনেক সময় জানি না। এমন অসামাজিকতা কাটিয়ে জীবন সামাজিক করে তোলে এ আবাসনব্যবস্থা। যেহেতু কন্ডোমিনিয়ামের সুযোগ-সুবিধা কমিউনিটির সবাই একসঙ্গে ভোগ করে থাকেন, তাই এখানে সবাই সবার কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন এবং সুসম্পর্কের সৃষ্টি হয়। এ ছাড়া যেকোনো উৎসব-অনুষ্ঠানে একত্র হওয়ার সুযোগ থাকায় সামাজিক বন্ধনও দৃঢ় হয়।