রুবলের ২৫ শতাংশ দরপতন, খেপেছেন পুতিনের অনুসারীরা

রাশিয়ার মুদ্রা রুবল
ছবি: রয়টার্স

রাশিয়ার মুদ্রা রুবলের দরপতন হচ্ছে। সম্প্রতি মার্কিন ডলারের বিপরীতে রুবলের মান ১৬ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। এই পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুসারীরা পর্যন্ত দেশটির আর্থিক খাতের কর্তৃপক্ষের বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছেন।

নিউইয়র্ক টাইমসের সংবাদে বলা হয়েছে, দেশটির মুদ্রার এই দরপতনের সঙ্গে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের যোগ আছে। তবে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক মুদ্রার দর স্থিতিশীল রাখতে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে।

চলতি বছর এ পর্যন্ত রুবলের দরপতন হয়েছে ২৫ শতাংশ। গত সপ্তাহের শুরুতে ১ ডলারের বিপরীতে ১০০ রুবল পর্যন্ত পাওয়া গেছে। স্বাভাবিকভাবেই দেশটিতে মূল্যস্ফীতির হার বাড়ছে। এই বাস্তবতায় রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক চলতি বছরের বাকি সময়ের জন্য বিদেশি মুদ্রা কেনা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। সংবাদে বলা হয়েছে, এতে রাশিয়ার মুদ্রাবাজারের অস্থিতিশীলতা কমবে। বিদেশি মুদ্রা কেনা হলে সাধারণত স্থানীয় মুদ্রার সরবরাহ বৃদ্ধি পায়, পরিণামে তার মান পড়ে যায়।

চলতি বছর বিশ্ববাজারে তেলের দাম পড়ে যাওয়া এবং এর দাম বেঁধে দেওয়ার কারণে দেশটির তেল–রাজস্ব কমেছে। তবে গত বছর দেশটির আমদানি কমে যাওয়ার কারণে বাণিজ্য উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে ২২১ বিলিয়ন বা ২২ হাজার ১০০ কোটি ডলারে। এ ছাড়া গত জুন মাসে পুতিনের বিরুদ্ধে বিদ্রোহের কারণে দেশটির অনেক মানুষ বিদেশি হিসাবে অর্থ স্থানান্তর করেছেন—এসব কারণে রুবলের দরপতন হচ্ছে বলে নিউইয়র্ক টাইমসের সংবাদে বলা হয়েছে।

সাম্প্রতিক কিছু ঘটনায় দেখা যায়, রাশিয়ার অর্থনীতিতে নাটকীয় পরিবর্তনের কারণে দেশটির নীতিপ্রণেতাদের পক্ষে কিছু করা চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। যদিও এই নীতিপ্রণেতারা যুদ্ধ শুরুর পরপর বেশ দক্ষতার সঙ্গেই পরিস্থিতি সামলেছিলেন। কিন্তু সমস্যা তো শুধু স্বল্পমেয়াদি নয়, আরও অনেক দীর্ঘমেয়াদি সমস্যাও আছে, যেগুলো মোকাবিলা করতে গিয়ে তাঁরা এখন রীতিমতো হিমশিম খাচ্ছেন।

এ ছাড়া বাজেট–ঘাটতি ও নিষেধাজ্ঞার কারণে রপ্তানি কমে যাওয়ায় রাশিয়ার অর্থনৈতিক ভারসাম্য অনেকটাই বিনষ্ট হয়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের পূর্বাভাস, চলতি বছর মূল্যস্ফীতি ৫ থেকে ৬ দশমিক ৫ শতাংশের মধ্যে থাকবে; এতে বোঝা যায়, চ্যালেঞ্জ ঠিক কতটা। তবে জুলাই মাসে দেশটির মূল্যস্ফীতির হার ছিল আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৩ শতাংশ। এই পরিসংখ্যান বলছে, মূল্যস্ফীতির হার বাড়ছে।

রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এক কর্মকর্তা আলেক্সান্দ্রা প্রোকোপেংকো নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘রুবলের বিনিময় হার পরিস্থিতির একটি সূচক মাত্র।’ তাঁর মতে, মুদ্রার বিনিময় হার দিয়ে বোঝা যায়, অর্থনীতি কতটা ভারসাম্যহীন এবং অকার্যকর। সেই সঙ্গে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যেসব ব্যবস্থা নিয়েছে, তা কতটা প্রভাব রাখছে, সেটি এখনো পরিষ্কার নয়।

জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের রুশ অর্থনীতিবিষয়ক গবেষক জেনিস ক্লুগ বলেন, এসব পদক্ষেপ সহায়ক ভূমিকা পালন করলেও রূপান্তরমূলক নয়। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পণ্যের দাম এবং সামনের কয়েক মাসে রাজস্ব ব্যয় কীভাবে করা হয়, সেটা।

পশ্চিমের অনেক বিশ্লেষক অবশ্য মনে করেন, রাশিয়ার সরকার সম্ভবত ইচ্ছা করে রুবলের দরপতন হতে দিচ্ছে। রুবলের দরপতনে সরকারের রাজস্ব আয়ের পরিমাণ সম্পর্কে ধারণা করা যায়। এ ছাড়া সামাজিক ও সামরিক ভারসাম্য বিনষ্ট না করে তার পক্ষে বাজেট ব্যয় হ্রাস করাও প্রায় অসম্ভব। সেই বাস্তবতায় রুবলের দরপতন হতে দেওয়া গ্রহণযোগ্য সমাধান হতে পারে। তবে পরিস্থিতির ওপর রাশিয়ার ঠিক কতটা নিয়ন্ত্রণ আছে, সে বিষয়ে বিশ্লেষকদের মধ্যে মতৈক্য নেই।

জেনিস ক্লুগ মনে করেন, রাশিয়ার অর্থ মন্ত্রণালয় ইচ্ছা করেই রুবলের দরপতন হতে দিচ্ছে, তা নয়; যদিও এর কিছু তাৎক্ষণিক রাজস্বসংক্রান্ত সুবিধা আছে। তিনি আরও বলেন, মূল্যস্ফীতি মানেই ব্যয়বৃদ্ধি, যেমন পেনশন ভাতা বৃদ্ধি করতে হবে, এখনই সম্ভব না হলে কিছুদিন পরে। কিন্তু ব্যয়বৃদ্ধি অবশ্যম্ভাবী। সে কারণে তিনি মনে করেন না যে রুশ সরকার ইচ্ছা করে রুবলের দরপতন হতে দিচ্ছে।