রাশিয়ার রাষ্ট্রমালিকানাধীন জ্বালানি কোম্পানি গ্যাজপ্রমের জার্মানি শাখার মালিকানা হাতছাড়া হয়ে গেছে। কারণ, এটির মালিকানা নিয়েছে জার্মানি। এর ফলে এখন থেকে জার্মানির জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল নেটওয়ার্ক এজেন্সি সাময়িকভাবে নিয়ন্ত্রণ করবে গ্যাজপ্রম জার্মানিয়াকে। খবর আরটির।
জার্মানির অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক গত সোমবার তাঁদের এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, পদক্ষেপটির অর্থ হলো, জার্মানির শক্তি অবকাঠামো রাশিয়ার স্বেচ্ছাচারী সিদ্ধান্তের অধীন নয়। জনসাধারণের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা এবং সরবরাহের নিরাপত্তা বজায় রাখতে কাজ করে যাচ্ছে জার্মান প্রশাসন। দেশে গ্যাসের সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জরুরিভাবে এ পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল।
জার্মানির প্রাকৃতিক গ্যাস সংগ্রহ পরিষেবার অধিকাংশ পরিচালনা করে রুশ প্রতিষ্ঠান গ্যাজপ্রম জার্মানিয়া। রবার্ট হ্যাবেক জানান, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ফেডারেল নেটওয়ার্ক এজেন্সির ট্রাস্টিশিপের অধীনে গ্যাজপ্রমের ওই শাখার কার্যক্রম চলবে। তবে সেই তারিখের পরে কী ঘটবে, সে সম্পর্কে তিনি বিস্তারিত বলেননি। গ্যাজপ্রমের দখল নিয়ে সরকার কীভাবে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছে, তা–ও স্পষ্ট করেননি তিনি।
এদিকে বেশ কিছুদিন ধরেই রাশিয়া বলে আসছিল যে গ্যাজপ্রম নিয়ে জার্মানির যেকোনো পদক্ষেপ নেওয়া হবে অবৈধ। পাশাপাশি জার্মানি থেকে তাদের মালিকানার অংশ ও সম্পদ সরিয়ে নেওয়ার কথা জানিয়েছিল গ্যাজপ্রম।
সর্বশেষ গত শুক্রবার রুশ প্রেসিডেন্টের বাসভবন ও কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়ার কোম্পানিগুলোর যেকোনো জাতীয়করণ হলে গুরুতরভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হবে। অন্যদিকে ক্রেমলিনের মুখপাত্রের বক্তব্যের তিন দিনের মাথায়ই মালিকানা দখলের সিদ্ধান্তের কথা জানাল জার্মানি।