বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগ এক বছরে ছয় গুণ বাড়িয়েছে নরওয়েজিয়ান গভর্নমেন্ট পেনশন ফান্ড গ্লোবাল। নরওয়ে সরকারের এই বিনিয়োগ তহবিল ২০১৫ সালে প্রথম ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ কোটি ৯০ লাখ ডলার বিনিয়োগ করে, যা বেড়ে ২০১৬ সালে ১১ কোটি ২০ ডলারে দাঁড়ায়। ঢাকার নরওয়ে দূতাবাসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ডিএসইতে তালিকাভুক্ত ১৫টি প্রতিষ্ঠানে এ বিনিয়োগ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেনকে উদ্ধৃত করে বলা হয়েছে, এ দেশে নরওয়ের পেনশন ফান্ডের বিনিয়োগ যে হারে বাড়ছে, তা খুবই ইতিবাচক। এটি বাংলাদেশের অর্থনীতি ও এ দেশীয় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর পরিণত হয়ে ওঠার প্রমাণ। এ তহবিলের মাধ্যমে যে সব বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া হয় সেগুলো সম্পূর্ণ বাণিজ্যিক।