পর্যটকদের বিভিন্ন সেবা প্রদানকারী অনলাইনভিত্তিক কোম্পানি এয়ারবিএনবি রাশিয়া ও বেলারুশে তাদের কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে। ফলে রাশিয়া বা বেলারুশে থাকা বা বেড়ানোর জন্য পর্যটকেরা এআরবিএনবিতে নতুন কোনো সংরক্ষণ (রিজারভেশন) করতে পারবেন না বলে জানিয়েছে কোম্পানিটি। খবর রয়টার্স ও আরটির।
গত সোমবার এক ঘোষণায় এয়ারবিএনবির প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রায়ান চেস্কি জানান, ইউক্রেনে যুদ্ধ শুরু ও সমর্থনের কারণে রাশিয়া ও বেলারুশের বিরুদ্ধে চলমান পশ্চিমা নিষেধাজ্ঞায় তাঁরাও শামিল হয়েছেন। ফলে ৪ এপ্রিল বা তার পরে হওয়া সংরক্ষণ বাতিল করা হচ্ছে। নতুন আর কোনো সংরক্ষণের অনুরোধ গ্রহণ করা হবে না।
এর আগে পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞার কারণে রাশিয়া ও বেলারুশের বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ লেনদেন বন্ধের ঘোষণা দিয়েছিলএয়ারবিএনবি।
আরটি জানিয়েছে, নতুন স্থগিতাদেশের আগে ইতিমধ্যে অনেকে আবাসন/আসন সংরক্ষণের জন্য এআরবিএনবিতে টাকা জমা দিয়েছেন। কিন্তু তাঁদের এই টাকা সরাসরি ফেরত না দিয়ে তা বোনাসে রূপান্তরিত করবে কোম্পানিটি। তবে গ্রাহকেরা এই বোনাস কবে ও কীভাবে ব্যবহার করতে পারবেন, তা এখনো স্পষ্ট করেনি কোম্পানিটি।
এদিকে এআরবিএনবি ছাড়া বিশ্বব্যাপী ভ্রমণ পরিষেবা প্রদানকারী বুকিং ডটকমও গত মাস থেকে রাশিয়া ও বেলারুশে তাদের কার্যক্রম বন্ধ রেখেছে। ফলে দেশ দুটিতে থাকা বুকিং ডটকমের হোটেল, গেস্টহাউস ও প্রদর্শনীকেন্দ্রগুলোতে পর্যটকেরা যেতে পারবেন না।
২০০৮ সালে প্রতিষ্ঠিত মার্কিন কোম্পানি এয়ারবিএনবি অনলাইনে মার্কেটপ্লেস পরিচালনা করে থাকে। তাদের মাধ্যমে পর্যটকেরা বিভিন্ন পছন্দের স্থানে ছুটি কাটানোর জন্য আবাসন ও অন্যান্য পর্যটন সুবিধা নিতে পারেন। ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে কার্যক্রম চালানো এআরবিএনবির নিজস্ব আবাসনের ব্যবস্থা নেই; বরং প্রতিটি সংরক্ষণ থেকে তারা কমিশন পেয়ে মুনাফা আয় করে থাকে।