মুক্ত বাণিজ্যে ভারসাম্য আনতে চায় ভারত

বাণিজ্য বাধা কমাতে গত এক দশকে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ নিয়ে বেশ দৌড়ঝাঁপ করেছে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ ভারত। বেশ কয়েকটি দেশের সঙ্গে চুক্তিও করেছে দেশটি। তবে একই সঙ্গে ছিল সংশয়। ভারতের রাষ্ট্রীয় নীতি গবেষণা প্রতিষ্ঠান নীতি আয়োগ জানিয়েছে, মুক্ত বাণিজ্যের কারণে ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্য বেড়েছে সত্য, তবে রপ্তানির তুলনায় আমদানি বেড়েছে বেশি।

অন্যদিকে এসব বাণিজ্য চুক্তির মাধ্যমে লাভবান হয়েছে অন্য অংশীদারেরা। এ জন্য বৈশ্বিক বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার পেতে বেশ কয়েকটি দেশের সঙ্গে নতুন চুক্তির বিষয়ে কাজ করছে ভারত। একই সঙ্গে পুরোনো চুক্তি থেকে বের হতে চায় দেশটি। সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে।

দেড় দশক ধরে ভারতে ওয়াইন তৈরি করছে দেশটির অন্যতম বড় ওয়াইন প্রস্তুতকারক ব্রান্ড ফ্রেটেলি। ব্র্যান্ডটির সহপ্রতিষ্ঠাতা গৌরব সেখরি জানিয়েছেন, গত কয়েক বছরে তার কোম্পানির প্রবৃদ্ধি হচ্ছে ৩০-৪০ শতাংশ হারে। কিন্তু ভারতে উৎপাদন শুল্ক পরিশোধের পর তার পণ্যের দাম আমদানি করা সস্তা ব্র্যান্ডগুলোর তুলনায় বেশি হয়ে যায়। কারণ, মুক্ত বাণিজ্যের কারণে আমদানি করা ওয়াইনে শুল্ক আরোপ করা হয় কম।

গৌরব সেখরির মতো চিন্তা ভারতের ব্যবসায়ী থেকে নীতিনির্ধারণী মহলেও আছে। এ জন্যই ভারসাম্যপূর্ণ বাণিজ্য চুক্তির দিকে হাঁটছে ভারত।

চলতি বছরের শুরুর দিকে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে একটি বৃহৎ অর্থনৈতিক অংশীদারি চুক্তি করেছে ভারত। কাছাকাছি সময়ে অস্ট্রেলিয়ার সঙ্গেও একটি উচ্চাভিলাষী বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে দেশটি। এই চুক্তি অনুসারে অস্ট্রেলিয়া থেকে ভারতে আমদানি পণ্যে শুল্ক ৮৫ শতাংশ পর্যন্ত কমাতে রাজি হয়েছে ভারত। একই সঙ্গে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারসাম্যপূর্ণ এফটিএ স্বাক্ষর নিয়ে আলোচনা চলছে।

গত সপ্তাহে যুক্তরাজ্য এক বিবৃতিতে বলেছে, চলতি বছরের অক্টোবরের মধ্যে একটি ব্যাপক ও ভারসাম্যপূর্ণ এফটিএ করতে আলোচনা করছে দুই দেশ। ইতিমধ্যে বেশির ভাগ আলোচনা শেষ করেছেন ভারতীয় ও যুক্তরাজ্যের কর্মকর্তারা।

এর আগে ২০১৯ সালে ভারত আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারত্ব বা আইসিইপি চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। চীনসহ আরও ১৪টি এশীয় দেশের মধ্যে বিশ্বের অন্যতম বৃহত্তম এ বাণিজ্য চুক্তি হয়। কিন্তু ভারত এই চুক্তির মাধ্যমে খুব বেশি লাভবান হবে না বলে মনে করেছিল।

এসব পদক্ষেপের মাধ্যমে ইতিবাচকভাবে সামনে এগোচ্ছে ভারত সরকার। দেশটির বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর ইইউর সঙ্গে পুনরায় এফটিএ আলোচনা শুরুর ঘটনা নতুন ভারতের চিত্র হাজির করে। এই ভারত ন্যায্যতার অবস্থান থেকে বন্ধু হিসেবে উন্নত বিশ্বের সঙ্গে জড়িত হতে চায়। তবে এই ভারসাম্য অর্জিত হয়েছে বলা যতটা সহজ, বাস্তবায়ন করা ততটা সহজ নয় বলে মনে করেন তিনি।