
শ্রীলঙ্কার জন্য সুখবর। দেশটির বিদেশি মুদ্রা অর্জনের অন্যতম খাত পর্যটন ঘুরে দাঁড়াতে শুরু করেছে। করোনা মহামারির প্রকোপ কেটে যাওয়ায় ২০২২ সালে দক্ষিণ এশিয়ার এই দ্বীপদেশে ৭ লাখ ১৯ হাজার ৯৭৮ বিদেশি পর্যটক ভ্রমণ করেছেন। শ্রীলঙ্কাভিত্তিক সংবাদমাধ্যম নিউজওয়্যার এ তথ্য জানিয়েছে।
শ্রীলঙ্কার পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষ (এসএলটিডিএ) জানিয়েছে, ২০২১ সালে দেশটিতে বিদেশি পর্যটক এসেছিলেন ১ লাখ ৯৪ হাজার ৪৯৫ জন। সেই তুলনায় গত বছর বিদেশি পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত বছরের মার্চে সবচেয়ে বেশি পর্যটক পেয়েছিল দেশটি। ওই মাসে ১ লাখ ৬ হাজার ৫০০ বিদেশি পর্যটক এই দ্বীপরাষ্ট্র ভ্রমণ করেছিলেন। আর বছরের শেষ মাস ডিসেম্বরে ৯১ হাজার ৯৬১ পর্যটক বেড়াতে যান শ্রীলঙ্কায়।
এসএলটিডিএর তথ্য অনুযায়ী, ২০২২ সালের ডিসেম্বরে রাশিয়া, ভারত ও যুক্তরাজ্য থেকে সবচেয়ে বেশি পর্যটক পেয়েছে শ্রীলঙ্কা। দেশগুলো থেকে পর্যটকের সংখ্যা ছিল যথাক্রমে ১৯ হাজার ৯৬৩, ১৭ হাজার ৩৫০ ও ৭ হাজার ৮৭৯। এ ছাড়া ২০২২ সালে শ্রীলঙ্কার শীর্ষ ১০টি উৎস গন্তব্যের মধ্যে ছিল অস্ট্রেলিয়া, জার্মানি, যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, ফ্রান্স, কানাডা ও ইসরায়েল।
দ্য ডিপ্লোম্যাটের প্রতিবেদন অনুসারে, শ্রীলঙ্কার জিডিপির ১২ শতাংশ আসে পর্যটন খাত থেকে। একসময় দক্ষিণ এশিয়ার মানুষের অন্যতম প্রিয় গন্তব্য ছিল শ্রীলঙ্কা। কিন্তু দীর্ঘদিনের গৃহযুদ্ধ ও সর্বশেষ ২০১৯ সালের এপ্রিল মাসে রাজধানী কলম্বোসহ কয়েকটি শহরের তিনটি গির্জা ও তিনটি হোটেলে একযোগে বোমা বিস্ফোরণ হয়। এ হামলায় ১৯৯ মানুষ মারা যান, যাঁদের মধ্যে অনেক বিদেশি নাগরিকও ছিলেন, আহত হন প্রায় ৫০০ মানুষ। এ ঘটনার পর থেকে শ্রীলঙ্কায় পর্যটক আসা কমে যায়। তারপর শুরু হয় করোনা মহামারি, যা ছিল অনেকটা কফিনে শেষ পেরেক ঠোকার মতো। ২০২২ সালে শুরু হয় চরম অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট। সব মিলিয়ে পরিস্থিতির মারাত্মক অবনতি হয়।
শ্রীলঙ্কার পর্যটন মন্ত্রণালয়ের পূর্বাভাস, ২০২২ সালে পর্যটন খাত থেকে বৈদেশিক মুদ্রা আয়ের পরিমাণ দাঁড়ায় ১৭০ কোটি ডলার। এই ধারা বজায় থাকলে ২০২৩ সালে দেশটির পর্যটন খাত থেকে ২৩০ কোটি ডলার আয় হবে বলে বিশ্লেষকেরা মনে করছেন।