পাকিস্তান–আইএমএফ আলোচনায় সমঝোতা হয়নি, আবার কথা হবে অনলাইনে

ইসলামাবাদে ১০ দিন ধরে পাকিস্তান এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মধ্যে ঋণ নিয়ে যে আলোচনা চলছিল, তা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। শুক্রবার দুই পক্ষ জানিয়েছে যে তারা আগামী সপ্তাহে অনলাইনে আরও আলোচনা চালিয়ে যাবে।

পারমাণবিক অস্ত্রের অধিকারী পাকিস্তান বড় রকমের অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে এবং আইএমএফের সঙ্গে আলোচনার একটি লক্ষ্যই ছিল কীভাবে দেশটিকে পুরোপুরি ডুবে যাওয়া থেকে রক্ষা করা যায়।

২০১৯ সালে পাকিস্তান অর্থনীতি পুনরুদ্ধারের লক্ষ্যে আইএমএফের কাছ থেকে ৬৫০ কোটি ডলার ঋণ নেওয়ার জন্য একটি চুক্তি স্বাক্ষর করছিল। কিন্তু ওই অর্থের ১১০ কোটি ডলার স্থগিত হয়ে রয়েছে। ইসলামাবাদে আলোচনার একটি উদ্দেশ্য ছিল ওই অর্থ ছাড় করার পথ খুঁজে বের করা।

অর্থমন্ত্রী ইসহাক দার সাংবাদিকদের বলেছেন যে ওই অর্থ ছাড় করাতে পাকিস্তান আইএমএফের শর্তে রাজি হয়েছে। গত ডিসেম্বরে পাকিস্তান ওই অর্থ পাওয়ার কথা থাকলেও দেশটি এখনো তা পায়নি।

সোমবার অনলাইনে দুই পক্ষের মধ্যে আলোচনা আবার শুরু হবে। অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের দুই পক্ষের মধ্যে যা কিছু মতৈক্য হয়েছে, আমরা তা বাস্তবায়ন করব।’

পাকিস্তানে আইএমএফ মিশনপ্রধান নাথান পোর্টার এক বিবৃতিতে নিশ্চিত করেছেন যে আলোচনা চলবে এবং দুই পক্ষের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে কোনো চুক্তি ছাড়া ইসলামাবাদে আলোচনা শেষ হওয়ার পর সরকারি বন্ডের দাম আবারও কমে গেছে।

আলোচনায় সফলতা পাকিস্তানের জন্য খুবই দরকার। দেশটির ৩৫ হাজার কোটি ডলারের অর্থনীতি গত বছরের মারাত্মক বন্যার ধকল এখনো কাটিয়ে উঠতে পারেনি। সরকারের অনুমান, পুনর্গঠন কাজে তাদের ১ হাজার ৬০০ কোটি ডলারের প্রয়োজন।

মারাত্মকভাবে ঋণগ্রস্ত দেশটির হাতে মাত্র তিন সপ্তাহের আমদানির মতো বৈদেশিক মুদ্রা রয়েছে। বিশ্লেষকেরা বলছেন, আইএমএফের অর্থ পেতে যত দেরি হবে, দেশটির খেলাপি হওয়ার আশঙ্কা ততই বেড়ে যাবে। বিশেষ করে একটি নির্বাচন যখন কাছে ঘনিয়ে আসছে।

গত সপ্তাহে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পাকিস্তানের অর্থনৈতিক অবস্থাকে ‘অচিন্তনীয়’ হিসেবে বর্ণনা করেছেন।

অর্থ মন্ত্রণালয়ের একজন সাবেক উপদেষ্টা খাকান নাজীব রয়টার্সকে বলেন, একটি আদর্শ পরিস্থিতিতে পাকিস্তানের উচিত ছিল আইএমএফ মিশনের সঙ্গে আলোচনা শেষে একটি কর্মকর্তা পর্যায়ের সমঝোতায় পৌঁছানো। দেরি কোনোভাবেই যুক্তিযুক্ত নয়।

আইএমএফের পদক্ষেপ

কর্মকর্তা পর্যায়ের সমঝোতা হওয়ার পর ওয়াশিংটনে আইএমএফের কেন্দ্রীয় কার্যালয়ে তা অনুমোদিত হতে হয় এবং তারপরই কেবল অর্থ ছাড় হতে পারে।

স্থগিত হওয়া অংশ বাদে ৬৫০ কোটি ডলার ঋণের আরও বাকি থাকবে ১৪০ কোটি ডলার। এই অর্থ আগামী জুনের মধ্যে ছাড় করার কথা ছিল।

বিশেষজ্ঞরা বলছেন, যত দ্রুত সম্ভব পাকিস্তানের অর্থ প্রয়োজন। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মুরতাজা সৈয়দ রয়টার্সকে বলেন, ‘এটি যদি ঝুলতে থাকে, ধরুন মাসখানেকের বেশি, তাহলে জটিলতা আরও বাড়বে। কারণ আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ খুব সংকটপূর্ণ অবস্থায় পৌঁছে গেছে।’

আইএমএফ যেসব শর্ত দিয়েছে, তার মধ্যে রয়েছে বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেওয়া এবং তেলের দাম বাড়ানো। দুটো শর্তই পাকিস্তান সম্প্রতি পূরণ করেছে। তবে এর ফলে মূল্যস্ফীতি জানুয়ারি মাসে রেকর্ড পরিমাণ ২৭ দশমিক ৫ শতাংশ বেড়েছে এবং আমদানি করা কিছু পণ্যের সংকট তৈরি হয়েছে।

অর্থমন্ত্রী ইসহাক দার বলেন, পাকিস্তান আইএমএফের সঙ্গে একমত হয়েছে যে রাজস্বব্যবস্থায় সংস্কার করা হবে, যার মধ্যে রয়েছে নতুন করারোপ। তবে বিশ্লেষকেরা মনে করেন, রাজস্বব্যবস্থায় অতিরিক্ত কঠোরতা অর্থনীতিকে আরও সংকটে ঠেলে দিতে পারে।