বড়দিন চলে গেল গতকাল। স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্রের মতো দেশে মানুষের ভোগব্যয় বেড়েছে। কিন্তু সে দেশে মূল্যস্ফীতির গতি কমেছে। গত মাসে মূল্যস্ফীতির হার ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন। যদিও ফেডারেল রিজার্ভের লক্ষ্যমাত্রা অনুযায়ী দ্রুত ধীর হচ্ছে না মূল্যস্ফীতি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক আবাসন থেকে শ্রম—সব খাতের চাহিদা কমানোর চেষ্টা করছে। মুদ্রানীতি কঠোর করার মাধ্যমে মূল্যস্ফীতিকে লক্ষ্যমাত্রা অনুযায়ী ২ শতাংশে নামিয়ে আনা এখনো দূর অস্ত। যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান পিএনসি ফাইন্যান্সিয়ালের অর্থনীতিবিদ গাস ফোচার বলেন, ফেডের দৃষ্টিকোণ থেকে অর্থনীতি সঠিক দিকে যাচ্ছে, কিন্তু তার গতি অনেক কম।
পরিসংখ্যান সংস্থা সেনসাস ব্যুরো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক কার্যক্রমের দুই-তৃতীয়াংশের বেশি আসে ভোক্তা ব্যয় থেকে। নভেম্বর মাসে দেশটির ভোক্তা ব্যয় মাত্র দশমিক ১ শতাংশ বেড়েছে, যদিও রয়টার্সের জরিপে অর্থনীতিবিদেরা দশমিক ২ শতাংশ বাড়ার পূর্বাভাস দিয়েছিলেন।