বিশ্বের ১৭টি দেশের আড়াই শতাধিক কোটিপতি সম্পদের ওপর কর আরোপের ব্যবস্থা চালু করতে রাজনৈতিক নেতাদের প্রতি দাবি জানিয়েছেন। তাঁদের মতে, সম্পদ–কর আরোপ করা হলে বিশ্বজুড়ে সরকারি সেবাগুলোর জন্য আরও বেশি অর্থ খরচ করা যাবে। এই দাবি তোলা হয়েছে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সভায় অংশ নেওয়া রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব নেতাদের কাছে লেখা একটি খোলা চিঠিতে এসব বিলিয়নিয়ার ও মিলিয়নিয়াররা বলেছেন, ‘আমাদের অনুরোধ খুবই সহজ। আপনাদের বলছি, আমাদের ওপর কর আরোপ করুন। আমাদের অর্থাৎ সমাজের অতিধনীদের ওপর।’
ওই চিঠিতে বলা হয়েছে, ‘এটা করা হলে আমাদের জীবনমানে মৌলিক কোনো পরিবর্তন আসবে না বা আমাদের ছেলেমেয়েরা বঞ্চিত হবে না, কিংবা আমাদের দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য তা ক্ষতিকর হবে না। বরং এটি (কর আরোপ) চরম অনুৎপাদনশীল ব্যক্তিগত সম্পদকে আমাদের সবার গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য বিনিয়োগে পরিণত করবে।’
যেসব ধনী ব্যক্তি এই চিঠিতে স্বাক্ষর করেছেন, তাঁদের মধ্যে রয়েছেন ডিজনির উত্তরাধিকারী অ্যাবিগেইল ডিজনি, টেলিভিশন সিরিজ সাকসেশনে যিনি বিলিয়নিয়ার লোগান রয় চরিত্রে অভিনয় করেছেন সেই ব্রায়ান কক্স, অভিনেতা ও লেখক সাইমন পেগ এবং রকেফেলার পরিবারের একজন উত্তরাধিকারী ভ্যালেরি রকেফেলার।
তাঁরা যে চিঠিটি লিখেছেন, তার শিরোনাম ‘প্রাউড টু পে’। আজ বুধবার চিঠিটি তাঁরা সুইজারল্যান্ডের দাভোসে আসা বিশ্ব নেতাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। চিঠিতে এই ধনীরা লিখেছেন, ‘চলতি ব্যবস্থায় আমরাই সবচেয়ে বেশি লাভবান হয়েছি। কিন্তু বৈষম্য একটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। অর্থনীতি, সমাজ ও প্রতিবেশকে এর ফলে যে মূল্য দিতে হবে, তা হবে মারাত্মক। এটা বাড়তেই থাকবে। মোদ্দাকথা হলো, আমাদের এখনই ব্যবস্থা নেওয়া দরকার।’
অতিধনীদের ওপর চালানো নতুন একটি জরিপে দেখা গেছে, জীবনযাত্রার সংকট মোকাবিলা ও সরকারি সেবার মান বাড়াতে যদি তাদের ওপর আরও কর আরোপ করা হয়, তাহলে তাঁরা সেটা সমর্থন করবেন। প্রচারণা গোষ্ঠী প্যাট্রিয়টিক মিলিয়নিয়ারসের জন্য জরিপ সংস্থা সারভেশন জি২০ দেশগুলোয় ২ হাজার ৩০০ ধনীর ওপর একটি জরিপ করেছে। এসব ব্যক্তি বিশ্বের ধনী ৫ শতাংশ মানুষের অংশ, বাড়ি বাদে যাঁদের ১০ লাখ ডলারের বেশি বিনিয়োগ করার মতো সম্পদ আছে।
এই জরিপে পাওয়া গেছে যে যাঁদের এক কোটি ডলারের বেশি সম্পদ রয়েছে, তাঁদের ওপর ২ শতাংশ হারে সম্পদ কর আরোপ করা হলে সেই বিষয় ৫৮ শতাংশ ধনী সমর্থন করবেন। জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে ৫৪ শতাংশ মনে করেন খুব বেশি সম্পদ গণতন্ত্রের জন্য একটি হুমকি।
গাই সিং ওয়াটসন আগে কৃষক ছিলেন। বাড়িতে সবজি পৌঁছে দেওয়ার কোম্পানি রিভারফোর্ড প্রতিষ্ঠা করেছেন তিনি। এই ব্রিটিশ উদ্যোক্তা বলেন, ‘জরিপটি দেখে মনে হচ্ছে ধনী মানুষসহ পুরো বিশ্ব চাইছে অতিধনীদের ওপর কর আরোপ করা হোক। তাহলে আমাদের নির্বাচিত সেসব নেতা কোথায়, যাঁদের এই কাজ করার ক্ষমতা রয়েছে? কেউ কিছু না করার কারণে আমরা অতিধনীরা ক্লান্ত ও পীড়িত বোধ করছি। সুতরাং খেটে খাওয়া মানুষেরা যে ধৈর্য হারিয়েছেন, তাতে খুব আশ্চর্য হওয়ার কিছু নেই।’
ব্রিটেনের ট্রেড ইউনিয়ন কংগ্রেস গত বছর একটি হিসাব দিয়ে জানিয়েছিল, দেশটির ১ লাখ ৪০ হাজার ধনীর ওপর ১ দশমিক ৭ শতাংশ হারে সম্পদ কর আরোপ করা হলে সরকারি বিভিন্ন সেবার জন্য অতিরিক্ত এক হাজার কোটি পাউন্ড সংগ্রহ করা যেত।
যুক্তরাজ্যের অতিধনী ২৫০টি পরিবারের মোট সম্পদের পরিমাণ ৭৪ হাজার ৮০০ কোটি পাউন্ড। সানডে টাইমসের করা ধনীদের সবশেষ তালিকায় এই তথ্য পাওয়া গেছে। আগের বছরে এসব ধনী পরিবারের সম্পদের পরিমাণ ছিল ৭০ হাজার ৪০০ কোটি পাউন্ড। এসব ধনীদের মধ্যে রাজনীতিবিদ রয়েছেন, আছেন রাজপরিবারের সদস্যরাও।
সানডে টাইমসের ধনীদের তালিকায় ২৭৫ নম্বরে আছেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি। তাঁদের দুজনের সম্পদের মোট পরিমাণ ৫২ কোটি ৯০ লাখ পাউন্ড। আর তালিকায় ১১ নম্বরে আছেন ৩২ বছর বয়সী ডিউক অব ওয়েস্টমিনস্টার। তাঁর সম্পদের পরিমাণ ৯৯০ কোটি পাউন্ড।
মর্যাদাপূর্ণ এমি ও গোল্ডেন গ্লোব পুরস্কারজয়ী ব্রায়ান কক্স বলেন, ‘আমরা এখন দ্বিতীয় গিলডেড যুগে আছি। শতকোটিপতিরা রাজনৈতিক ক্ষমতা ও প্রভাব বাড়াতে তাঁদের সম্পদ ব্যবহার করছেন। একই সঙ্গে তাঁরা গণতন্ত্র ও বৈশ্বিক অর্থনীতিকে দুর্বল করছেন। অনেক আগেই কিছু করা দরকার ছিল। অর্থ ও ক্ষমতা একীভূত হওয়ার বিষয়টির সুরাহা করতে যদি আমাদের নির্বাচিত নেতারা অস্বীকার করেন, তাহলে এর পরিণাম হবে ভয়ানক।’