ভারতের মুঠোফোন রপ্তানি বেড়ে আড়াই গুণ

ভারতের নির্মাতারা মুঠোফোনের উৎপাদন ও জাহাজিকরণের পরিমাণ বাড়িয়েছে। এ কারণে পণ্যটির রপ্তানির পরিমাণও বেড়েছে। সম্প্রতি ভারতের ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরে ভারতের মুঠোফোন রপ্তানি ৫৫ শতাংশ বাড়তে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০২১-২২ অর্থবছরে ভারতের মুঠোফোন রপ্তানির পরিমাণ ছিল ৫৮০ কোটি মার্কিন ডলারের। চলতি অর্থবছরে রপ্তানির এই পরিমাণ বেড়ে হতে পারে ৯০০ কোটি মার্কিন ডলার।

এ ছাড়া ২০২৫-২৬ সাল নাগাদ সামগ্রিক ইলেকট্রনিকস খাতের উৎপাদন ৩০ হাজার কোটি মার্কিন ডলারে পৌঁছাতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভারতের সেলুলার ও ইলেকট্রনিক অ্যাসোসিয়েশনের (আইসিইএ) বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে ইকোনমিক টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১-২২ অর্থবছরে ভারতে স্থানীয়ভাবে প্রায় ৮ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার মূল্যের ইলেকট্রনিক পণ্য তৈরি হয়েছে। এটি চলতি অর্থবছরে ১০ হাজার কোটি মার্কিন ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

উৎপাদন বৃদ্ধি পাওয়ায় এক বছরের ব্যবধানে ভারতের মুঠোফোন রপ্তানিও বেড়ে আড়াই গুণের বেশি হয়েছে। ইতিমধ্যে ৫০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে মুঠোফোন রপ্তানি। এক বছর আগে এটি ছিল ২২০ কোটি মার্কিন ডলার।

ভারতের মুঠোফোন উৎপাদনে এই অর্জনের পেছনে মূল ভূমিকা রেখেছে শীর্ষ দুই কোম্পানি স্যামসাং ও অ্যাপল। ভারতে উৎপাদিত ফোনের অর্ধেকই এই দুটি কোম্পানির।

ভারতের ইলেকট্রনিক ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেন, ‘২০২১ সালের শুরুতে আমরা ভারতের ইলেকট্রনিক শিল্প খাত নিয়ে বসেছিলাম। সেখানে ৩০ হাজার কোটি মার্কিন ডলারের একটি রোডম্যাপ তৈরি করা হয়। এর পেছনে অন্যতম উদ্দেশ্য ছিল উল্লেখযোগ্য হারে ভারতের মুঠোফোন রপ্তানি সম্প্রসারণ করা।’