২০২৩ সালে শিল্পোন্নত দেশের ব্যাংক খাত চাপের মুখে ছিল। এ বছরই যুক্তরাষ্ট্রে চারটি ব্যাংকের পতন হয়। বিশেষ করে বছরের প্রথম ভাগে তিন দিনের ব্যবধানে দুটি ব্যাংকের পতনের ঘটনায় বিশ্বজুড়ে আর্থিক খাতে আতঙ্কের সৃষ্টি হয়। অন্যদিকে সংকটে পড়ে বিক্রি হয়ে যায় ক্রেডিট সুইস।
যুক্তরাষ্ট্রে তিন দিনের ব্যবধানে দুটি ব্যাংকের পতন হলে অনেকের মনেই এমন শঙ্কা তৈরি হয়, ২০০৭-০৮ সালের আর্থিক সংকটের পুনরাবৃত্তি হচ্ছে কি না। তবে শেষ পর্যন্ত তা হয়নি। বছরের শেষ ভাগে এসে অবশ্য আর্থিক খাতে তেমন সংকট দেখা যায়নি। ২০২৩ সালে একের পর এক মার্কিন ব্যাংকের পতন ছিল বিশ্বজুড়ে আর্থিক খাতের সবচেয়ে আলোচিত বিষয়।
এই চারটি ব্যাংক বন্ধ হওয়ার মূল কারণ আমানতসংকট। দেশটির ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থার তত্ত্বাবধানে এসব ব্যাংক বন্ধ করে দেওয়া হয়। ব্যাংক চারটি হলো সিলিকন ভ্যালি ব্যাংক, সিগনেচার ব্যাংক, ফার্স্ট রিপাবলিক ব্যাংক এবং হার্টল্যান্ড ট্রাই-স্টেট ব্যাংক অব এলখার্ট, কানসাস।
এই ব্যাংকগুলোর ক্ষেত্রে যা হয়েছে তা হলো ‘ক্ল্যাসিক্যাল ব্যাংক রান’—১৯৩০-এর দশকে মহামন্দার সময় যা ঘটেছিল। সবাই যখন একসঙ্গে টাকা তুলতে উন্মাদ হয়ে যান, তখন মন্দ ব্যাংক তো বটেই, বিশ্বের সবচেয়ে ভালো ব্যাংকটিও অবিলম্বে ধসে যাবে।
ব্যাংকের কাজ হলো আর্থিক মধ্যস্থতা করা। বিষয়টি অনেকটা পরের ধনে পোদ্দারির মতো, অর্থাৎ মানুষের কাছ থেকে সঞ্চয় সংগ্রহ করে উদ্যোক্তাকে ঋণ দেওয়া।
ব্যাংকগুলো জানে, সব সঞ্চয়কারী একসঙ্গে টাকা তুলতে আসেন না। সে জন্য তারা কিছু অর্থ হাতে রেখে ব্যবসা চালায়। একে বলে তারল্য ব্যবস্থাপনা। কিন্তু হঠাৎ করে প্রায় সবাই টাকা তুলতে এলে মহাবিপদ, সেই পরিস্থিতিতে যেকোনো ব্যাংক লাটে উঠতে বাধ্য। এটাই হলো ‘ব্যাংক রান’।
ব্যাংক ধসে পড়ার সূত্রপাত মার্চ মাসে। আমানতে ধস নামার পর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে গত ১০ মার্চ সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) বন্ধ হয়ে যায়। অনেকটা এর জেরেই তিন দিনের মধ্যে সিগনেচার ব্যাংক ধসে পড়ে। দেশটির নিয়ন্ত্রক সংস্থার ভাষ্য, এই দুটি ব্যাংক বন্ধ করা না হলে যুক্তরাষ্ট্রের আর্থিক খাতের স্থিতিশীলতা হুমকির মুখে পড়ত। সে সময় সাময়িকভাবে ব্যাংকটির দায়িত্ব নেয় মার্কিন নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন (এফডিআইসি)।
এই ব্যাংকগুলো ছিল মধ্যম মানের। জেপি মর্গানের মতো মহিরুহ ব্যাংকগুলোর মতো বৈচিত্র্যপূর্ণ ছিল না এই ব্যাংকগুলোর গ্রাহক ভিত্তি। যেমন এসভিবি ব্যাংকের গ্রাহক ছিল মূলত স্টার্টআপ কোম্পানিগুলো। সিগনেচার ব্যাংকঋণ দিত মূলত আবাসন খাতে। সেই সঙ্গে তারা সম্প্রতি ক্রিপ্টোকারেন্সির গ্রাহকদের টানতে বিশেষ উদ্যোগ নিয়েছিল।
এই ব্যাংকগুলোর ধসের পেছনে আসল কারণ একটি। সেটি হলো ঝুঁকি অনুধাবনের অক্ষমতা। ধসে পড়ার আগের আট মাসে এসভি ব্যাংকে রিস্ক অ্যাসেসমেন্ট অফিসার বা ঝুঁকি মূল্যায়ন কর্মকর্তা ছিলেন না। স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায়, ঝুঁকির সঠিক মূল্যায়ন হয়নি। যদিও আপাতদৃষ্টিতে স্থিতিপত্র বা ব্যালান্স শিট ভালো ছিল।
আমানত সঞ্চয়কারীদের জন্য সম্পদ হলেও ব্যাংকের জন্য তা দায়। সে রকম ১৭৫ বিলিয়ন ডলার দায়ের বিপরীতে এসভি ব্যাংক প্রায় সমপরিমাণ মার্কিন সরকারি সিকিউরিটিজ বা বন্ড কিনেছিল, যা বিশ্বের সবচেয়ে নিরাপদ হিসেবে বিবেচিত। তবে সেগুলোর অধিকাংশই কেনা হয়েছিল কোভিডের সময়, যখন বন্ডের সুদহার ছিল প্রায় শূন্যের কাছাকাছি। কোভিডকালে প্রযুক্তি কোম্পানিগুলো তাদের অতিরিক্ত আয় বিনা প্রশ্নে এসভি ব্যাংকে রাখতে শুরু করে।
তখন শেয়ারবাজার অনিশ্চিত থাকায় এসভিবি প্রায় সব আমানত সরকারি বন্ডে বিনিয়োগ করে। সেটি সময়োপযোগী সিদ্ধান্ত হলেও পরের সম্পূর্ণ পরিবর্তিত প্রেক্ষাপটে বিনিয়োগ পোর্টফোলিওতে যে পরিবর্তন আনতে হবে, তা নিয়ে অতটা মাথা ঘামাননি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গ্রেগ বেকার।
ফেডারেল রিজার্ভ ২০২২ সাল থেকে নীতি সুদহার বাড়াতে শুরু করলে পরিস্থিতি বদলে যায়। বন্ডের সুদহার কমতে শুরু করে। বন্ডগুলোর বাজারদর ভালো ছিল না বলে গ্রেগ বেকার মেয়াদপূর্তি পর্যন্ত অপেক্ষা করছিলেন অনেকটা নিশ্চিন্ত ভঙ্গিতে। সেই অপেক্ষা তাঁর জন্য কাল হয়। ব্যাংক রান বা ব্যাংক থেকে আমানত তুলে নেওয়ার হিড়িক শুরু হলে ধসে পড়ে এসভিবি।
২০০৮ সালের আর্থিক সংকটের পর যুক্তরাষ্ট্রের আর্থিক খাত শক্তিশালী করতে অনেক পদক্ষেপ নেওয়া হয়। গ্রাহকদের আমানত সুরক্ষায় আড়াই লাখ ডলার পর্যন্ত আমানতের বিমা তার অন্যতম। ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন বা এফডিআইসি গঠন করা হয়েছে ঠিক এ লক্ষ্যেই। সেই তুলনায় বাংলাদেশে মাত্র দুই লাখ টাকা পর্যন্ত বিমা দেওয়া আছে।
বিশ্লেষকেরা বলেন, এবারের ব্যাংক ধসের ঘটনায় মার্কিন সরকার ও নিয়ন্ত্রক সংস্থা যেভাবে গ্রাহকের আমানত সুরক্ষিত রাখল, সেটাই বাংলাদেশের জন্য বড় শিক্ষা হতে পারে। তাঁদের অভিযোগ, দেশে আমানতকারীদের চেয়ে বিভিন্ন গোষ্ঠী ও ব্যবসায়ীদের স্বার্থ বেশি দেখা হয়।
এবারের সংকটে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো সংকটগ্রস্ত ব্যাংকগুলোকে বেইলআউট করা বা নানাভাবে টিকিয়ে রাখার চেষ্টা করা হয়নি (২০০৮ সালে যা করা হয়েছিল), বরং সংকট আরও গুরুতর হওয়ার আগে নিয়ন্ত্রক সংস্থা ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ হাতে নেয়। সিলিকন ভ্যালি ব্যাংক ও সিগনেচার ব্যাংক-উভয় ক্ষেত্রেই এ ঘটনা দেখা গেল এবং সঙ্গে সঙ্গে ব্যাংকের পরিচালনা কর্তৃপক্ষকে সরিয়ে দেওয়া হলো। সরকার তাদের রক্ষা করার চেষ্টা করেনি।
দেখা গেল মালিকপক্ষকে বাঁচানোর চেয়ে গ্রাহকদের কীভাবে সুবিধা হবে, তা নিশ্চিত করতেই মার্কিন সরকার ব্যস্ত ছিল। সিগনেচার ব্যাংক বন্ধ ঘোষণার পর যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ ও ফেডারেল রিজার্ভের যৌথ ঘোষণায় বলা হয়েছে, মার্কিন অর্থনীতি সুরক্ষিত ও মানুষের আস্থা ধরে রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া প্রতিটি ব্যাংকই বিক্রি হয়ে গেছে এবং বন্ধ ঘোষণার পর গ্রাহকদের আমানতের দায়িত্ব নিয়েছে এফডিআইসি।
যুক্তরাষ্ট্রের ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন আড়াই লাখ ডলার পর্যন্ত আমানতের সুরক্ষা দেয়, তার বেশি নয়। তবে যাঁদের আমানতের বিমা নেই, ব্যাংকের সম্পদ মূল্যায়ন করে তাঁদেরও ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়। কংগ্রেসের আর্থিক খাতের কমিটি অর্থমন্ত্রীকে জেরা করার জন্য ক্যাপিটল হিলে ডেকে পাঠিয়েছিল। ব্যাংকের সিইও এবং পরিচালকদের বিরুদ্ধে মামলাও হয়েছে।
সুইজারল্যান্ডের ক্রেডিট সুইস ব্যাংকের তারল্যসংকটে পড়ার খবর প্রকাশ পায় দুই মার্কিন ব্যাংক বন্ধ হওয়ার রেশ কাটতে না কাটতেই। বিশ্বব্যাপী আর্থিক খাতে আতঙ্ক ভর করে। শঙ্কিত বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের বন্ধ হওয়া দুই ব্যাংক ও ক্রেডিট সুইসের শেয়ার ছেড়ে দিতে থাকেন। ফলে এসব প্রতিষ্ঠানের শেয়ারদরে ব্যাপক পতন ঘটে। আমানতকারীরা ক্রেডিট সুইস থেকেও আমানত তুলে নিতে শুরু করেন।
এই পরিস্থিতিতে সুইস কেন্দ্রীয় ব্যাংক তারল্যের জোগান দিয়ে ক্রেডিট সুইসকে টিকিয়ে রাখার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। ক্রেডিট সুইসকে ইউবিএস এজির সঙ্গে একীভূত হওয়ার পরামর্শ দেয় সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক। এরপর ৩২৩ কোটি ডলারে ক্রেডিট সুইসকে কিনে নেয় ইউবিএস।
২০২৩ সালের ব্যাংকিং সংকট ২০০৮ সালের মতো অত ব্যাপক ছিল না। নিয়ন্ত্রক সংস্থার তৎপরতায় বড় ধরনের সংকট এড়ানো গেছে। নীতি সুদহার বৃদ্ধির কারণে মূলত মাঝারি আকারের ব্যাংকগুলোই সংকটে পড়েছিল। ব্যতিক্রম ছিল ক্রেডিট সুইস। এই ঘটনায় মাঝারি আকারের ব্যাংকগুলোর ঝুঁকি ব্যবস্থাপনার বিষয়টি সামনে আসে।