বিশ্ববাজার

মূল্যবৃদ্ধির শীর্ষে বিমান টিকিট, কমার তালিকায় স্মার্টফোন

সদ্য বিদায়ী ২০২২ সালে বিশ্ববাজারে দাম কমার তালিকায় শীর্ষে ছিল ইলেকট্রনিকস সামগ্রী। এর মানে বছরটিতে যাঁরা মুঠোফোন, টেলিভিশন ও কম্পিউটার কিনেছেন, তাঁরা আগের চেয়ে সস্তায় তা কিনতে পেরেছেন। মূলত ভোক্তাচাহিদা কমে যাওয়ায় এসব সামগ্রীর দাম কমে গেছে।

মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য বিশ্লেষণ করে পণ্যের মূল্যবৃদ্ধির এ প্রতিবেদন করেছে সিএনএন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, গত নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাজারে স্মার্টফোনের দাম প্রায় সাড়ে ২৩ শতাংশ, টেলিভিশনের দাম ১৭ শতাংশ এবং কম্পিউটারের দাম সাড়ে ৪ শতাংশ কমেছে। সব মিলিয়ে ইলেকট্রনিকস সামগ্রীর গড় দাম ১ শতাংশ কমেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বছরের শুরুতে বেস্ট বাই, ওয়ালমার্টের মতো প্রতিষ্ঠানগুলো পণ্যের মজুত বা স্টক বাড়িয়ে তোলে। সরবরাহ ঘাটতির কারণে যাতে প্রতিষ্ঠানগুলো সংকটে না পড়ে, সে জন্য এ উদ্যোগ নিয়েছিল প্রতিষ্ঠানগুলো। এসব প্রতিষ্ঠান ভেবেছিল, ভোক্তাচাহিদা বাড়বে। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সেই ভাবনা ওলট–পালট করে দেয়।

ভোক্তাচাহিদা না বেড়ে উল্টো কমে যায়। তাতে পণ্যের মজুত নিয়ে বিপাকে পড়ে বড় সুপারশপ বা চেইন স্টোরগুলো। তাই মজুত কমাতে মূল্য ছাড় দিয়ে পণ্য বিক্রির পথ বেছে নেয় তারা। তাতে ইলেকট্রনিকস সামগ্রীর দাম পড়ে যায়।

এদিকে, ইলেকট্রনিকস সামগ্রীর দাম কমলেও তার বিপরীতে বেড়েছে পোশাকসহ পরিধেয় বিভিন্ন পণ্যের দাম। যেমন যুক্তরাষ্ট্রে গত নভেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের পোশাকের দাম বেড়েছে ৩ দশমিক ৬ শতাংশ, পাদুকা বা জুতার দাম বেড়েছে ২ দশমিক ৩ শতাংশ। আর বিভিন্ন ধরনের ক্রীড়াসামগ্রীর দাম বেড়েছে ২ দশমিক ৭ শতাংশ।

তবে সদ্য বিদায়ী বছরে সবচেয়ে বেশি বেড়েছে বিমান টিকিটের দাম। ২০২০ সালে করোনার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাতগুলোর এটি ছিল একটি। করোনার কারণে বিশ্বের দেশে দেশে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তাতে এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ বা দেশের মধ্যেও যোগাযোগ প্রায় স্থবির হয়ে পড়ে। এ কারণে ২০২০ সালে এ খাতে ধস নেমে আসে।

সেই পরিস্থিতি কেটে যাওয়ায় ২০২২ সালে ভ্রমণের চাহিদা অস্বাভাবিক বেড়ে যায়। তাতে করোনার ক্ষতি কাটিয়ে ওঠার বড় সুযোগ পেয়ে যায় বিমান সংস্থাগুলো। চাহিদা অস্বাভাবিক বেড়ে যাওয়ার পাশাপাশি বিমান টিকিটের দামও ছিল বেশ চড়া। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর বিমান টিকিটের দাম গড়ে ৩৬ শতাংশ পর্যন্ত বেড়েছে।

বিমানের টিকিটের মতো না হলেও সদ্য বিদায়ী বছরটিতে বিশ্বজুড়ে দাম বাড়ার তালিকায় ছিল খাদ্যপণ্যও। যুক্তরাষ্ট্রের বাজারে গত নভেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের খাদ্যপণ্যের দাম গড়ে ১০ দশমিক ৬ শতাংশ বেড়েছে বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়। তবে পণ্যভেদে মূল্যবৃদ্ধির হার ছিল ভিন্ন ভিন্ন। যেমন বছরটিতে ডিমের দাম ৪৯ শতাংশের বেশি বেড়েছে।