স্বল্পদৈর্ঘ্য ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের নির্মাতারা (ক্রিয়েটর) এখন থেকে ডিজনির সিনেমা ও টিভি অনুষ্ঠানের চরিত্র ব্যবহার করে ভিডিও তৈরি করতে পারবেন। এ লক্ষ্যে বুধবার চুক্তি করেছে ওয়াল্ট ডিজনি ও টিকটক। এই প্রথম টিকটক কোনো মূলধারার গণমাধ্যমের সঙ্গে চুক্তি করল।
দুই প্রতিষ্ঠান যৌথ বিবৃতিতে জানিয়েছে, চুক্তির আওতায় বাছাই করা কিছু ভিডিও টিকটকের পাশাপাশি ডিজনির স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি প্লাসেও প্রচার করা হবে। ডিজনি প্লাসে এসব ভিডিও ‘ভার্টস’ নামে নতুন ট্যাবের অধীনে থাকবে। মোবাইল ফোনে ছোট ও উল্লম্ব পর্দায় ভিডিও দেখতে অভ্যস্ত তরুণ দর্শকদের আকৃষ্ট করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রথম টিকটকের ভিডিও অন্য কোনো প্ল্যাটফর্মে প্রদর্শিত হবে।
চুক্তি অনুযায়ী, টিকটকের ক্রিয়েটররা ডিজনির শত শত চলচ্চিত্র ও সিরিজের বিভিন্ন উপাদান ব্যবহার করতে পারবেন। এর মধ্যে আছে পিক্সার, মার্ভেল, স্টার ওয়ার্স ও এফএক্স ব্র্যান্ডের কনটেন্ট।
আগামী কয়েক মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে যুক্তরাষ্ট্রে এই কর্মসূচি চালু হবে। পরবর্তীকালে অন্যান্য দেশেও তা সম্প্রসারণের পরিকল্পনা আছে বলে জানিয়েছে দুই প্রতিষ্ঠান। তবে চুক্তির আর্থিক পরিমাণ কত, তা প্রকাশ করা হয়নি।
যুক্তরাষ্ট্রে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা লম্বালম্বি ভিডিও ফরম্যাটকে এখন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোও গুরুত্ব দিচ্ছে। কমকাস্টের মালিকানাধীন পিকক ও প্যারামাউন্ট প্লাস ইতিমধ্যে উল্লম্ব পর্দায় ভিডিও চালু করেছে। নেটফ্লিক্সও টিকটক ধাঁচের স্বল্পদৈর্ঘ্য ভিডিও ক্লিপস সেবা চালু করেছে।
বিশ্লেষকদের মতে, টিকটকের সঙ্গে এই অংশীদারত্ব ডিজনি প্লাসে নতুন ধরনের কনটেন্ট যুক্ত হবে। সেই সঙ্গে এই স্ট্রিমিং সেবায় আরও বেশি দর্শক টানতে পারবে।
টিকটকের তথ্য অনুযায়ী, গত বছর প্ল্যাটফর্মটির ব্যবহারকারীরা প্রতিদিন গড়ে ৬৫ লাখ চলচ্চিত্র ও টিভি অনুষ্ঠান-সংশ্লিষ্ট পোস্ট শেয়ার করেছেন। এক জরিপে অংশ নেওয়া প্রায় অর্ধেক দর্শক জানিয়েছেন, টিকটকে কনটেন্ট দেখার পর তাঁরা সংশ্লিষ্ট সিনেমা বা টিভি অনুষ্ঠান দেখেছেন।
ডিজনির প্রধান বিপণন ও ব্র্যান্ড কর্মকর্তা আসাদ আয়াজ বলেন, গল্প বলা আর সেই গল্পকে ঘিরে ভক্তদের সৃজনশীল প্রকাশ—এই দুইয়ের মধ্যে নতুন সংযোগ তৈরি করবে এই অংশীদারত্ব। কেননা, ভালো গল্পকারের শুরুটা হয় মূলত ভক্ত হিসেবে।
ডিজনি গল্প তৈরি করবে, সেই গল্প থেকে অনুপ্রাণিত হয়ে টিকটকের নির্মাতারা নতুনভাবে সৃজনশীল কনটেন্ট তৈরি করবেন। এই সহযোগিতা গল্প বলা ও ভক্তদের সৃজনশীলতার মধ্যে নতুন সেতুবন্ধ গড়ে তুলবে।