
কানসাস সিটি, হিউস্টন, মিয়ামি কিংবা নিউইয়র্কের রাস্তায় হাঁটলেই বোঝা যায় বিশ্বকাপ আসছে। চারদিকে বিলবোর্ড, বারগুলোর বাইরে নানা সাইনবোর্ড আর দোকানগুলোতে বিক্রি হচ্ছে বিশ্বকাপ-থিমের নানা পণ্য। তবে হোটেলমালিকেরা যখন নিজেদের বুকিং সফটওয়্যার দেখছেন, তখনই সেই উচ্ছ্বাস উধাও। তার কারণ বিশ্বকাপ চলাকালে হোটেলের বুকিং এখনো প্রত্যাশা অনুযায়ী হয়নি।
যুক্তরাষ্ট্রের হোটেল খাত-সংশ্লিষ্ট সংগঠনগুলোর বলছে, বিশ্বকাপ আয়োজক শহরগুলোর বেশির ভাগ হোটেলের বুকিং এখন পর্যন্ত গত বছরের একই সময়ের তুলনায় কম। বিবিসির সঙ্গে কথা বলা একাধিক হোটেলমালিক ও ব্যবস্থাপক একই ধরনের চিত্রই তুলে ধরেছেন।
বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন। এবার আয়োজক দেশ কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র।
টেক্সাসের হিউস্টনে অবস্থিত ওয়ান্ডারস্টে বুটিক হোটেলের মালিক ডেইড্রে ম্যাথিস বলেন, বিশ্বকাপ ঘিরে তাঁরা বড় ব্যবসার আশা করেছিলেন। অনেক দিন ধরেই এই আয়োজন নিয়ে আলোচনা হয়েছে। তবে টুর্নামেন্ট শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে এসেও হোটেলের কক্ষ ফাঁকা পড়ে আছে।
হিউস্টনের ফ্যান জোন থেকে হাঁটা দূরত্বে থাকা তাঁর হোটেলে এখন পর্যন্ত বিশ্বকাপ সময়ের জন্য কক্ষ বুকিং হয়েছে মাত্র ৪৫ শতাংশ। গত বছর একই সময়ে বুকিং ছিল প্রায় ৭০ শতাংশ।
ম্যাথিসের মতে, এর পেছনে কয়েকটি কারণ একসঙ্গে কাজ করছে। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের রাজনৈতিক পরিস্থিতি, দেশজুড়ে অভিবাসনবিরোধী অভিযান এবং ইরান যুদ্ধের কারণে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কথা উল্লেখ করেন। একই সঙ্গে বিশ্বকাপের টিকিটের উচ্চ মূল্যও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন তিনি।
বিশ্বকাপ ফাইনালের টিকিটের সরকারি মূল্যই উঠেছে প্রায় ৩৩ হাজার ডলার পর্যন্ত। আর পুনর্বিক্রয় বাজারে কিছু টিকিটের দাম ২০ লাখ ডলার ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে সাধারণ সমর্থকদের জন্য খেলা দেখা কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেন ম্যাথিস। তিনি ফিফার প্রতি টিকিটের দাম কমানোর আহ্বান জানান। পাশাপাশি সমর্থকদের জন্য দ্রুত ভিসাপ্রক্রিয়া নিশ্চিত করার দাবিও তোলেন।
যুক্তরাষ্ট্রের হোটেল ও আবাসন খাতের সংগঠন আমেরিকান হোটেল অ্যান্ড লজিং অ্যাসোসিয়েশন (এএইচএলএ) জানিয়েছে, আয়োজক শহরগুলোর ১০টির মধ্যে ৮টি হোটেল প্রত্যাশার তুলনায় কম বুকিং পাচ্ছে। সংগঠনটির জরিপে অনেক হোটেল এই আয়োজনকে এখন পর্যন্ত তেমন প্রভাবহীন হিসেবে বর্ণনা করেছে। বেশির ভাগ হোটেল জানিয়েছে, সাধারণ গ্রীষ্মকালীন সময়ের তুলনায়ও বুকিং কম।
এএইচএলএর প্রধান নির্বাহী রোসানা মাইয়েটা বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিও ভ্রমণ পরিকল্পনায় প্রভাব ফেলছে। তবে তাঁর ধারণা, অনেক সমর্থক এখনো অপেক্ষায় আছেন, তাঁদের দল কোথায় খেলবে, সেটি নিশ্চিত হওয়ার জন্য।
অন্যদিকে আবাসন প্ল্যাটফর্ম এয়ারবিএনবি বলছে, বিশ্বকাপ তাদের ইতিহাসের সবচেয়ে বড় ‘হোস্টিং ইভেন্ট’ হতে যাচ্ছে।
স্কটল্যান্ডের সমর্থক সংগঠন টারটান আর্মির সদস্য হ্যামিশ হাসব্যান্ড বলেন, স্কটল্যান্ড বিশ্বকাপে খেলছে বলেই অনেক সমর্থক বাড়তি খরচের ঝুঁকি নিচ্ছেন। তিনি নিজেও ভাইকে নিয়ে যুক্তরাষ্ট্র সফরে প্রায় ১০ হাজার পাউন্ড ব্যয় করবেন। তবে তাঁর মতে, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফিফার নির্ধারণ করা ‘অস্বাভাবিক’ টিকিটমূল্য।
হ্যামিশ হাসব্যান্ড বলেন, স্কটল্যান্ড বনাম হাইতির ম্যাচের টিকিট এক হাজার ডলার হওয়া ‘কেলেঙ্কারির’ মতো। একই সঙ্গে মেক্সিকোর সাধারণ মানুষের পক্ষে টিকিট কেনা প্রায় অসম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
কানসাস সিটির ফন্টেইন হোটেলের ব্যবস্থাপক স্টিফেন জেনকিনসও প্রত্যাশিত সাড়া পাচ্ছেন না। তাঁর ভাষায়, বুকিং পরিস্থিতি গত বছরের মতোই আছে। যদিও ম্যাচ সূচি ঘোষণার পর কিছুটা বুকিং বেড়েছে, তবু প্রত্যাশিত চাপ এখনো তৈরি হয়নি।
বিশ্বকাপ উপলক্ষে ফন্টেইন হোটেলে ‘কুলিনারি কাপ’ নামে বিশেষ আয়োজন করা হচ্ছে। অংশ নেওয়া দেশগুলোর খাবার পরিবেশন করা হবে সেখানে। তবে জেনকিনসের মতে, আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসিও এখনো সেই ধরনের প্রভাব ফেলতে পারেননি, যেটি ২০২৩ সালে টেলর সুইফটের কনসার্ট শহরে তৈরি করেছিল। সে সময় পুরো শহরের হোটেল প্রায় পূর্ণ হয়ে গিয়েছিল।
আটলান্টার ইন্টার কন্টিনেন্টাল বাকহেড হোটেলের জেনারেল ম্যানেজার ম্যানুয়েল ডেইসেনও একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তিনি বলেন, অনুসন্ধান ও বুকিং স্বাভাবিক সময়ের তুলনায় কম। তবে শেষ মুহূর্তে পরিস্থিতি বদলাতে পারে বলে আশা করছেন তিনি।
অবশ্য ফিফা বলছে, বিশ্বকাপ নিয়ে আগ্রহ ‘অভূতপূর্ব’। সংস্থাটির দাবি, ইতিমধ্যে ৫০ লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে। তাদের ভাষ্য, ৬০ ডলার থেকেও টিকিট বিক্রি হয়েছে। বেশি দামের টিকিট রাখা হয়েছে পুনর্বিক্রয় বাজারে অতি মুনাফা ঠেকাতে।
বিশ্বকাপকে সামনে রেখে হোয়াইট হাউসও বিশেষ টাস্কফোর্স গঠন করেছে। পাশাপাশি ৫০টি দেশের ফুটবল সমর্থকদের জন্য ভিসা আবেদনে ১৫ হাজার ডলারের জামানতের নিয়ম শিথিল করা হয়েছে, যদি তাঁরা বৈধ ম্যাচ টিকিট দেখাতে পারেন