চীনের দুরবস্থা

টেসলার জন্য খারাপ হলেও ফেডের জন্য ভালো

চীনের পতাকা
ফাইল ছবি

আট মাস আগেও মনে হচ্ছিল, চীনের অর্থনীতি সগৌরবে ফিরে আসবে। তখন শূন্য কোভিড নীতি থেকে কেবল বেরিয়ে এসেছে দেশটি, সেখানকার ক্রেতা ও পর্যটকেরা স্বাধীনভাবে ঘুরে বেড়ানোর সুযোগ পাচ্ছেন। তারপরও জিডিপি প্রবৃদ্ধি নিয়ে আশার যে বেলুন ছিল, তা যেন চুপসে গেল।

অর্থনীতিবিদেরা আশা করেছিলেন, বছরের দ্বিতীয় প্রান্তিকে ১০ শতাংশ প্রবৃদ্ধি হবে, কিন্তু তা কেবল ৩ শতাংশে নেমে এসেছে। বিশ্বের বিভিন্ন দেশ যেখানে মূল্যস্ফীতি সামলাতে হিমশিম খাচ্ছে, সেখানে চীনের মূল্যস্ফীতি নেতিবাচক।

সরকারও নীতিগত ব্যবস্থা নিতে বিস্ময়করভাবে বিলম্ব করছে, সেই সঙ্গে দেশটির আবাসন খাতের সংকট খারাপ থেকে আরও খারাপ হচ্ছে। এসব কারণে চীনের অর্থনীতিতে এখন দীর্ঘমেয়াদি অনিশ্চয়তা তৈরি হয়েছে। খবর দ্য ইকোনমিস্টের।

দ্য ইকোনমিস্টের সংবাদে বলা হয়েছে, চীনের মতো বৃহৎ অর্থনীতির দেশে যা হয়, তার প্রভাব অন্যান্য দেশেও পড়ে। কারণ চীন অনেক বড়। চীনের অর্থনৈতিক পরিস্থিতির পরিবর্তন হলে বৈশ্বিক অর্থনৈতিক পরিসংখ্যানও বদলে যেতে পারে। কিছু দেশের জন্য বিষয়টা বেদনাদায়ক, আবার কিছু দেশের জন্য বিষয়টি স্বস্তির।

চীনের প্রবৃদ্ধির গতি কমে যাওয়ার কারণে বিশ্বের পণ্য রপ্তানিকারকেরা বিশেষভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন। বিশ্বের জ্বালানি তেলের চাহিদায় পাঁচ ভাগের এক ভাগ চীন ভোগ করে; পরিশোধিত কপার, নিকেল ও জিংকের অর্ধেক এবং লৌহ আকরিকের পাঁচ ভাগের তিন ভাগের ক্রেতা চীন। চীনের আবাসন খাতের সংকটের কারণে এসব উপকরণের চাহিদা স্বাভাবিকভাবে কমে যাবে।

জাম্বিয়ার মতো দেশ পড়েছে বিপদে। দেশটির জিডিপির ২০ শতাংশ আসে চীনে কপার ও অন্যান্য ধাতু রপ্তানি থেকে। অস্ট্রেলিয়ার কয়লা ও লোহার বড় গন্তব্য চীন। চীনের আবাসন খাতের দুরবস্থার কারণে ইতিমধ্যে দেশটির এসব শিল্প ক্ষতির মুখে পড়েছে। বিশ্বের বৃহত্তম খনি কোম্পানি অস্ট্রেলিয়ার বিএইচপি জানিয়েছে, তাদের মুনাফা তিন বছরের মধ্যে সবচেয়ে নিচে নেমে এসেছে। তাদের সতর্কবাণী, চীনের প্রণোদনা প্যাকেজের কারণে মাঠপর্যায়ে তেমন প্রভাব পড়ছে না।

ইউরোপের মধ্যে জার্মানির অবস্থা শোচনীয়, চলতি বছর বড় অর্থনীতির মধ্যে কেবল তাদেরই সংকোচন হবে বলে পূর্বাভাস। চীনের চাহিদা কমে যাওয়া যার অন্যতম কারণ। এ ছাড়া পশ্চিমের অন্যান্য কোম্পানি চীনের ওপর অনেকাংশে নির্ভরশীল; ২০২১ সালে ইউরোপ ও আমেরিকার ২০০টি বৃহত্তম বহুজাতিক কোম্পানির মোট বিক্রির ১৩ শতাংশই হয়েছে চীনে। টেসলার গাড়ি বিক্রি হয় তো আরও বেশি, প্রায় ২০ শতাংশ; চিপ কোম্পানি কোয়ালকমের বিক্রি হয় আরও বেশি—দুই-তৃতীয়াংশ।

বিষয়টি হলো, অর্থনীতির এই ধীরগতি পূর্ণাঙ্গ সংকটে রূপ না নিলেও এ সমস্যা দীর্ঘদিন থেকে যাবে। বিষয়টি হলো, ইউরোপ, আমেরিকা ও জাপানের সব তালিকাভুক্ত কোম্পানির ৪ থেকে ৮ শতাংশ পণ্য বিক্রি হয় চীনের বাজারে। জার্মানির হয় ৪ শতাংশ পণ্য। ফলে চীনের প্রবৃদ্ধির ধীরগতির কারণে এসব দেশে ভালোভাবেই ক্ষতিগ্রস্ত হবে।

চীনের এই ধীরগতি এমন এক সময়ে দেখা যাচ্ছে, যখন বিশ্বের অন্যান্য বড় দেশগুলো ঘুরে দাঁড়াচ্ছে। জুলাই মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস সংশোধন করেছে, এপ্রিল মাসের তুলনায় বাড়িয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার প্রায় ৬ শতাংশের কাছাকাছি পৌঁছে গেছে।

তবে ব্যবসায়ীদের জন্য চীনের প্রবৃদ্ধির ধীরগতি শঙ্কার কারণ হলেও কেন্দ্রীয় ব্যাংকের জন্য ভালো। চীনের মানুষের ক্রয়ক্ষমতা হ্রাস পাওয়া মানে বৈশ্বিক পণ্য সরবরাহে বড় ধরনের প্রভাব পড়া, অর্থাৎ চাহিদা কমে যাওয়ার কারণে উৎপাদন, দামও কমে আসবে। এতে বরং ফেডারেল রিজার্ভের সুবিধা হবে। এমনিতেই তারা নীতি সুদহার বাড়াতে বাড়াতে কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে, এখন তারা আর সুদহার বাড়াতে চাইবে না। চীনের চাহিদা কমে যাওয়ায় তাদের পক্ষে এখন হয়তো নীতি সুদহার আর না বাড়ালেও চলবে।

বাস্তবতা হচ্ছে, চীনের আবাসন খাতের সংকট ঘনীভূত হলে বিশ্বের আর্থিক খাতে তার প্রভাব ঢেউয়ের মতো ছড়িয়ে পড়বে। ব্যাংক অব ইংল্যান্ডের ২০১৮ সালের এক সমীক্ষায় দেখা যায়, পরিস্থিতির গুরুতর অবনতি হলে চীনের প্রবৃদ্ধি নেতিবাচক ধারায় চলে যেতে পারে। এতে বিশ্বের আবাসন খাতে সম্পদমূল্য কমার পাশাপাশি ধনী দেশগুলোর মুদ্রার দর বাড়তে পারে।

কারণ, বিনিয়োগকারীরা তখন ডলার ও পাউন্ডভিত্তিক বন্ডের দিকেই বেশি ঝুঁকবেন। সামগ্রিকভাবে ব্রিটিশ জিডিপি ১ দশমিক ২ শতাংশ কমতে পারে। পশ্চিমের আর্থিক প্রতিষ্ঠানগুলোর চীন সম্পৃক্ততা বেশি না হলেও এইচএসবিসি ও স্ট্যান্ডার্ড চার্টার্ডের মতো কিছু ব্যতিক্রম আছে, যাদের চীনে বড় ধরনের ব্যবসা আছে।

এ পরিস্থিতিতে দ্য ইকোনমিস্ট মনে করছে, চীন ভাবমূর্তির সংকটে পড়তে পারে। তারা হরেদরে ঋণ দিয়ে যে সুনাম কুড়িয়েছিল, তার অবসান হতে পারে।