চীনে সিটিগ্রুপের ব্যবসার একাংশ কিনে নেবে এইচএসবিসি

যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান সিটিগ্রুপ চীনে ভোক্তা বিনিয়োগ ও সম্পদ ব্যবস্থাপনাবিষয়ক যে পরামর্শ সেবা বা ব্যবসা পরিচালনা করছে, সেটি বিক্রি হয়ে যাচ্ছে। সিটিগ্রুপের চীনের এ ব্যবসা কিনে নিচ্ছে বা অধিগ্রহণ করছে যুক্তরাজ্যভিত্তিক আরেক বহুজাতিক ব্যাংক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি)। একাধিক সূত্রের বরাতে আজ বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছে বৈশ্বিক বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ৩০০ কোটি মার্কিন ডলারের বেশি সম্পদ রয়েছে সিটিগ্রুপ চায়নার ভোক্তা বিনিয়োগ ও সম্পদ ব্যবস্থাপনাবিষয়ক ব্যবসার আওতায়। তবে সিটিগ্রুপের ৩০০ কোটি ডলারের এ ব্যবসা কিনতে এইচএসবিসি কী পরিমাণ অর্থ বিনিয়োগ করবে, তা এখনো জানা যায়নি।

সিটিগ্রুপ চায়নার ভোক্তা বিনিয়োগ ও সম্পদ ব্যবস্থাপনাবিষয়ক ব্যবসা অধিগ্রহণের পাশাপাশি প্রতিষ্ঠানটিতে এ ব্যবসার কাজে নিয়োজিত কয়েক শ চীনা কর্মীকেও নিজ নিজ দায়িত্বে বহাল রাখবে বলে রয়টার্সকে জানিয়েছে সংশ্লিষ্ট আরেকটি সূত্র। তবে গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় তাদের কারোই নাম প্রকাশ করেনি রয়টার্স। রয়টার্সের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত হতে এইচএসবিসি ও সিটিগ্রুপের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো প্রতিষ্ঠানই এই বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।

লন্ডনভিত্তিক এইচএসবিসি ব্যাংক কয়েক মাস ধরে চীনে তাদের ব্যবসার পরিসর বড় করছে। সেই ধারাবাহিকতায় একটি বড় পদক্ষেপ হিসেবে সিটিগ্রুপের চায়নার ব্যবসার একটি অংশ অধিগ্রহণ করতে চলেছে তারা।

যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধের প্রেক্ষাপটে কয়েক বছর ধরেই চীন ছাড়ার হিড়িক শুরু হয় পশ্চিমা বহুজাতিক কোম্পানিগুলোর মধ্যে। তারা চীন ছেড়ে ভিয়েতনাম, ভারত, ফিলিপাইনের মতো দেশের দিকে ঝুঁকছে।

সেই ধারাবাহিকতায় ২০২১ সাল থেকে সিটিগ্রুপও চীন ছাড়ার পরিকল্পনা করছিল। অবশ্য সিটিগ্রুপের চীনে ব্যবসা গুটিয়ে আনা প্রতিষ্ঠানটির বৈশ্বিক ব্যবসা পুনর্গঠন কৌশলেরই অংশ। সর্বশেষ গত বছরের ডিসেম্বরে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, তারা চীনে খুচরা ব্যাংকিং ব্যবসা বন্ধ করার পরিকল্পনা নিয়েছে। তারই অংশ হিসেবে সিটিগ্রুপ তাদের চীনের ব্যবসার কিছু পোর্টফোলিও বা অংশ বিক্রি করতে চায়। চীনে সিটিগ্রুপের ভোক্তা বিনিয়োগ ও সম্পদ ব্যবস্থাপনাবিষয়ক ব্যবসাও তাদের খুচরা ব্যাংকিং ব্যবসার অংশ।