ভারতের স্টার্টআপ কোম্পানিগুলোর জৌলুশ হারিয়ে যাচ্ছে। সেই তুলনায় গত শতাব্দীর নব্বইয়ের দশকের ডটকম যুগে প্রতিষ্ঠিত প্রযুক্তি কোম্পানিগুলো বরং ভালো অবস্থানে আছে। এদের অবস্থা স্থিতিশীল। দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে বিনিয়োগকারীদের প্রতি পরামর্শ দেওয়া হয়েছে, ভারতে বিনিয়োগ করতে চাইলে তাদের উচিত হবে ওই সব পুরোনো কোম্পানিতে বিনিয়োগ করা।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ভারত এক ধাঁধার মতো। ভারতের সুবিধা হলো তার বিশাল বাজার; সম্প্রতি দেশটি জনসংখ্যার দিক থেকে চীনকেও ছাড়িয়ে গেছে। আইএমএফের পূর্বাভাস, চলতি বছর জি–২০ ভুক্ত দেশগুলোর মধ্যে ভারতের প্রবৃদ্ধি সবচেয়ে বেশি হবে। ২০২৮ সালে ভারতের মোট দেশজ উৎপাদন বা জিডিপির আকার হবে তৃতীয় বৃহত্তম; এই প্রক্রিয়ায় জাপান ও জার্মানিকে ছাড়িয়ে যাবে তারা।
ভারতের শেয়ারবাজারের অবস্থাও ভালো। গত পাঁচ বছরে তাদের শেয়ারবাজার বিশ্বের অনেক উন্নত দেশের শেয়ারবাজারকেও ছাড়িয়ে গেছে, যেমন যুক্তরাষ্ট্র। তবে নেতিবাচক দিকগুলোও কম নয়।
ভারতের মাত্র ৮ শতাংশ পরিবারের গাড়ি আছে। দেশটিতে ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীর সংখ্যা মাত্র সাড়ে তিন কোটি। স্মার্টফোন–বিপ্লবের কল্যাণে ৮৫ কোটি মানুষের হাতে এখন এই ডিভাইস বা যন্ত্র আছে। কিন্তু বাস্তবতা হলো, সিংহভাগই হোয়াটসঅ্যাপ (৫০ কোটি) ও ইউটিউবের (৪৬ কোটি) মতো বিনা মূল্যের অ্যাপ ব্যবহার করেন। ব্লুম নামে এক ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম জানিয়েছে, ভারতীয়রা অনলাইনে যত ব্যয় করে থাকেন, তার অর্ধেকই করেন দেশটির সাড়ে চার কোটি মানুষ। এমনকি নেটফ্লিক্সের মতো ভিডিও স্ট্রিমিং সাইট ভারত থেকে অনেক কম মাশুল নিলেও মাত্র ৬০ লাখ ভারতীয় নেটফ্লিক্স সাবস্ক্রাইব করেন।
ভারতের ভবিষ্যতের অঙ্গীকার ও আজকের বাস্তবতার মধ্যকার ব্যবধান বোঝা যায় ভারতের প্রযুক্তি খাতের দিকে তাকালে। দেশটির ভোক্তারা বিপুল ব্যয় করবেন—এই পূর্বাভাস থেকে বিনিয়োগকারীরা দেশটির নতুন নতুন প্রযুক্তি কোম্পানিগুলোয় শত শত কোটি ডলার বিনিয়োগ করেছেন।
পরামর্শক প্রতিষ্ঠান বেইনের তথ্যানুসারে, ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত ভারতে ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগ ৩০০ কোটি ডলার থেকে বেড়ে ৩ হাজার ৮৫০ কোটি ডলারে উঠেছে। কিন্তু সেই অর্থের ধারা শুকিয়ে যাচ্ছে। ২০২২ সালে দেশটির স্টার্টআপ প্রতিষ্ঠানগুলো মোট ২ হাজার ৫৭০ কোটি ডলার বিনিয়োগ পেয়েছিল; চলতি বছরের প্রথম প্রান্তে তা কমে দাঁড়িয়েছে ৫৫০ কোটি ডলারে।
ভারতের অন্যতম বড় কয়েকটি প্রযুক্তিপ্রতিষ্ঠান আকাশ থেকে মাটিতে নেমে এসেছে। দেশটির বহুল পরিচিত শিক্ষাপ্রযুক্তি প্রতিষ্ঠান বাইজুর মূল্য এক বছর আগে ছিল ২ হাজার ২০০ কোটি ডলার; এখন তা ৫১০ কোটি ডলারে দাঁড়িয়েছে। অনলাইনে হোটেল বুকিং সাইট ওওয়াইওর শেয়ারবাজারের আসার প্রক্রিয়া পিছিয়ে গেছে; কারণ বিনিয়োগকারীরা এই কোম্পানির বাজারমূল্য কমিয়ে ২৭০ কোটি ডলার করেছেন। অনলাইন প্রকাশনা প্রতিষ্ঠান মানি কন্ট্রোলের হিসাব, ২০২২ সাল থেকে ভারতের স্টার্টআপ প্রতিষ্ঠানগুলো ৩০ হাজার কর্মী ছাঁটাই করেছে।
বিনিয়োগকারীরা এখন শঙ্কিত। তাঁরা যেসব কোম্পানিতে বিনিয়োগ করেছেন, সেগুলো কখনোই মুনাফার মুখ দেখবে না। ভারতের ইউনিকর্নগুলো (যেসব স্টার্টআপের বাজারমূল্য ১০০ কোটি ডলার বা তার চেয়ে বেশি) তার জ্বলন্ত নিদর্শন। ট্র্যাকএক্সএনের তথ্যানুসারে, ২০২২ সালে ভারতের যে ৮৩টি ইউনিকর্ন আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে, তাদের মধ্যে ৬৩টি এখনো ক্ষতির মুখে—তাদের সম্মিলিত ক্ষতির পরিমাণ ৮০০ কোটি ডলারের বেশি।
তা সত্ত্বেও ভারতের কিছু প্রযুক্তিপ্রতিষ্ঠান ভালো করছে। রূপকথার মতো অঙ্গীকার না করে এরা বরং বাস্তবের করুণ ও বিরক্তিকর পথে হাঁটছে; তবে এরা মুনাফা করছে। এদের ‘ক্যামেল’ বলা হয়। জেরোধা নামের এক কোম্পানি গত বছর ৮৩ কোটি ডলার রাজস্ব আয় ও ৩৫ কোটি ডলার নিট মুনাফা করেছে। গত শতাব্দীর নব্বইয়ের দশকের ডটকম যুগে প্রতিষ্ঠিত চেন্নাইভিত্তিক সফটওয়্যার কোম্পানি জোহো গত বছর ৮৪ কোটি ডলার বিক্রয় রাজস্ব থেকে ৪৫ কোটি ডলার মুনাফা করেছে।
প্রথমে রাজস্বের প্রসঙ্গে আসা যাক। অনেক বিনিয়োগকারী ব্যক্তিগত পর্যায়ে ক্ষোভ প্রকাশ করেন যে ভারতীয় ব্যবহারকারীদের পকেট থেকে কিছু বের করে আনা কঠিন, যদিও জেরোধার প্রতিষ্ঠাতা নীতীন কামাথ এর সঙ্গে দ্বিমত পোষণ করেন। তাঁর মতে, ভারতীয় ক্রেতাদের ক্রয়ক্ষমতা কম হলেও যেসব পণ্যের উপকারিতা আছে, সেগুলোর জন্য তাঁরা মূল্য দিতে প্রস্তুত। জেরোধায় হিসাব খুলতে ২০০ রুপি নেওয়া হয়, যদিও তার প্রতিযোগীরা এক পয়সাও নেয় না। কামাথ মনে করেন, এই অর্থ নেওয়ার কারণে তাদের মধ্যে এই মনোভাব থাকে যে এই প্ল্যাটফর্মকে যথেষ্ট ব্যবহার উপযোগী করে তুলতে হবে।
ভারতের এই ক্যামেল বা উটসদৃশ কোম্পানিগুলো অত্যন্ত পুঁজিদক্ষ। জেরোধা ও জোহো এখন পর্যন্ত বিনিয়োগকারীদের কাছ থেকে কোনো অর্থ তোলেনি। ইনফোএজ ৫ বছর নিজ অর্থায়নে চলার পর ২০০৬ সালে শেয়ারবাজারে আসায় সামান্য কিছু বিদেশি বিনিয়োগ সংগ্রহ করে। পরিচালকদের প্রতি ইনফোএজের প্রতিষ্ঠাতা সঞ্জীব বিখচান্দানির পরামর্শ, ‘প্রতিটি বিনিয়োগ শেষ বিনিয়োগ হিসেবে বিবেচনা করুন।’
একটি বিনিয়োগ থেকে আরেকটি বিনিয়োগের সময়ের ব্যবধান বাড়ানোর পথ হলো ব্যয় বা খরচ কম রাখা। যেমন বেতন-ভাতার কথাই ধরা যাক। যেসব স্টার্টআপে ভালো বিনিয়োগ আছে, তারা সাধারণত নামীদামি বিশ্ববিদ্যালয় থেকে মোটা বেতনে স্নাতকদের নিয়ে আসে। কিন্তু এ ক্ষেত্রে জোহোর অবস্থান ভিন্ন। তারা সাধারণত কম বা স্বল্প পরিচিত কলেজ থেকে স্নাতকদের নিয়ে এসে কঠোর প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলে। এতে যেমন একদিকে প্রতিভার পুল বড় হয়, তেমনি কর্মীদের আনুগত্য বৃদ্ধি পায়।
জেরোধা বিজ্ঞাপনে একটি পয়সাও ব্যয় করে না, গ্রাহকদের প্রলুব্ধ করতে ছাড়ও দেয় না। যেখানে সম্ভব, সেখানে উন্মুক্ত সূত্রের সফটওয়্যার ব্যবহার করে। ব্যয় কম হওয়ার কারণে তারা কম দামে পণ্য দিতে পারে।
দেখা যাচ্ছে, ভারতের এই ক্যামেল কোম্পানিগুলো সিলিকন ভ্যালির কোম্পানিগুলোর মতো নয়, যারা দ্রুত বাজার ধরতে চায়। ভারতের মতো বাজারে এই ক্যামেল মডেলই বেশি যথাযথ বলে দ্য ইকোনমিস্টের সংবাদে মন্তব্য করা হয়েছে।
কিন্তু ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানগুলো ১০ বছরের মেয়াদে কাজ করে। প্রথম পাঁচ বছরে এরা স্টার্টআপে বিনিয়োগ করে; পরের পাঁচ বছরে মুনাফা নিয়ে বেরিয়ে যায়। সে কারণে প্রতিষ্ঠানগুলো দ্রুত ব্যবসা বৃদ্ধিতে মনোযোগ দেয়—কখনো কখনো মুনাফার চিন্তা বাদ দিয়ে প্রবৃদ্ধিতেই বেশি নজর থাকে তাদের।
জোহোর প্রধান শ্রীধর ভেম্বু ভেঞ্চার ক্যাপিটালকে স্টেরয়েডের সঙ্গে তুলনা করেন; অর্থাৎ এতে স্বল্প মেয়াদে নৈপুণ্য ভালো হলেও দীর্ঘ মেয়াদে ব্যবসা-বাণিজ্যের প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হয়।
সে জন্য ভারতের বাজার থেকে ভালো মুনাফা করতে হলে বিনিয়োগকারীদের ক্যামেল কোম্পানিতে বিনিয়োগের পরামর্শ দিয়েছে দ্য ইকোনমিস্ট।