জেনসেন হুয়াং, স্টিভ জবস, ল্যারি পেজ, সের্গেই ব্রিন ও ট্রাভিস কালানিক
জেনসেন হুয়াং, স্টিভ জবস, ল্যারি পেজ, সের্গেই ব্রিন ও ট্রাভিস কালানিক

সিইওর বিদায়ের পর অ্যাপল-উবার–অ্যালফাবেট তো টিকল, কিন্তু কী হবে এনভিডিয়ার

শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি কোম্পানি অ্যাপল ও অ্যালফাবেট এবং অ্যাপভিত্তিক আন্তর্জাতিক রাইড-শেয়ারিং ও পরিবহনসেবা প্রতিষ্ঠান উবারের প্রতিষ্ঠাতারা বিদায় নেওয়ার পর সেই ধাক্কা ভালোভাবেই সামলেছে তারা। কিন্তু আরেক বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়াও এখন একই ধরনের পরীক্ষার মুখে পড়েছে। কারণ, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে আকস্মিকভাবে পদত্যাগ করতে হয়েছে। ফলে এনভিডিয়া নেতৃত্ব পরিবর্তনের প্রভাব মোকাবিলা করতে পারবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। খবর সিএনবিসির।

অ্যাপল, অ্যালফাবেট ও উবারের মতো প্রতিষ্ঠানগুলো তাদের প্রভাবশালী নেতাদের বিদায়ের পরও সাফল্য ধরে রেখেছে। তবে সেসব প্রতিষ্ঠানে নেতৃত্বের পরিবর্তন এনভিডিয়ার মতো এতটা আকস্মিক ছিল না। এনভিডিয়ার নতুন সিইওর সামনে বড় চ্যালেঞ্জ হলো তাঁকে জেনসেন হুয়াংয়ের বিদায়ের প্রভাব সামলানোর পাশাপাশি প্রতিযোগীদের সঙ্গে চিপ তৈরির প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে হবে।

তবে জেনসেন হুয়াং প্রথম কোনো প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নন, যাঁকে নিজের হাতে তিলতিল করে গড়ে তোলা প্রতিষ্ঠান ছেড়ে যেতে হয়েছে।  বিশেষজ্ঞরা সিএনবিসিকে বলেছেন, গুরুত্বপূর্ণ এক সময়ে এনভিডিয়া থেকে তাঁর আকস্মিক পদত্যাগের ঘটনা একেবারেই আলাদা। এর ফলে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উত্থানে নেতৃত্ব দেওয়া প্রতিষ্ঠানটির পরবর্তী প্রধান নির্বাহীর সামনে নানা চ্যালেঞ্জ দেখা দিয়েছে।

জেনসেন হুয়াং ৩৩ বছরে সহপ্রতিষ্ঠাতা হুয়াং এনভিডিয়াকে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিতে পরিণত করেছেন। বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে প্রতিবেদন প্রকাশের পর তাঁর পদত্যাগের সিদ্ধান্ত আসে। তাঁর বিবাহবহির্ভূত সম্পর্কটি আবার ভীষণ ব্যতিক্রমী। এ সম্পর্ক তিনি এমন এক নারীর সঙ্গে করেছেন, যাঁকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা চীনের গুপ্তচর বলে মনে করে।

গোল্ডম্যান স্যাকসের সাবেক প্রধান নির্বাহী লয়েড ব্ল্যাঙ্কফেইন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, হুয়াং ছিলেন ‘অপরিহার্য’। তবে লয়েড ফরাসি নেতা শার্ল দ্য গলের নামে প্রচলিত একটি উক্তির উল্লেখ করে বলেন, ‘কবরস্থানগুলো অপরিহার্য মানুষে ভরা।’

এদিকে নতুন সিইও খুঁজছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেস অবশ্য অন্তর্বর্তী দায়িত্ব পালন করছেন। বিশ্লেষকদের মতে, হুয়াংয়ের ব্যক্তিত্বের আকর্ষণ এবং আশাবাদী নেতৃত্বের বিকল্প খুঁজে পাওয়া কঠিন হবে।

নটর ডেম বিশ্ববিদ্যালয়ের মেন্ডোজা কলেজ অব বিজনেসের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মাইকেল উইদার্স সিএনবিসিকে বলেন, ‘বিশ্বের অন্যতম বৃহৎ একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সিইওকে কেলেঙ্কারির মধ্যে এত আকস্মিকভাবে বিদায় নিতে হচ্ছে—এমন পরিস্থিতি আগে দেখা গেছে কি না, তা নিয়ে আমি নিশ্চিত নই।’

মাইকেল উইদার্স আরও বলেন, যিনি জেনসেন হুয়াংয়ের স্থলাভিষিক্ত হবেন, তাঁকে একজন প্রতিষ্ঠাতার জায়গায় নতুন সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার সাধারণ চ্যালেঞ্জের বাইরেও অনেক কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

প্রতিষ্ঠাতারা যখন দায়িত্ব ছাড়েন

২০১১ সালে স্টিভ জবস পদত্যাগ করার সময় অ্যাপলের পরিচয়ের সঙ্গে তাঁর নাম ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল। তবে এনভিডিয়ার সঙ্গে অ্যাপলের একটি পার্থক্য আছে। অ্যাপলে এর আগে অন্য সিইও দায়িত্ব পালন করেছেন এবং প্রতিষ্ঠানের ভেতর থেকেই উত্তরসূরি প্রস্তুত ছিল।

টিম কুক অ্যাপলের চিপ তৈরির কৌশল ও সেবাভিত্তিক ব্যবসায় বিনিয়োগ করেন। যুক্তরাষ্ট্র ও চীনের সরকারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তিনি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কূটনীতিক হয়ে ওঠেন। সরবরাহব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় দক্ষ হিসেবেও তাঁর পরিচিতি ছিল।

মাইকেল উইদার্সের মতে, সিইও হওয়ার জন্য টিম কুকের যথেষ্ট প্রস্তুতি ছিল। তাঁর ১৫ বছরের নেতৃত্বে অ্যাপলের বাজারমূল্য প্রায় ৩৫০ বিলিয়ন বা ৩৫ হাজার কোটি থেকে বেড়ে ৪ ট্রিলিয়ন বা ৪ লাখ কোটি মার্কিন ডলারে পৌঁছায়।

গুগল প্রতিষ্ঠার ২১ বছর পর ২০১৯ সালে অ্যালফাবেটের নির্বাহীর দায়িত্ব ছাড়েন ল্যারি পেজ ও সের্গেই ব্রিন। পেজ ও ব্রিনের বিদায়ের বিষয়টি আগে থেকেই প্রত্যাশিত ছিল। সে সময় ল্যারি পেজ বলেছিলেন, কোম্পানির ব্যবস্থাপনা কাঠামো সহজ করার জন্য এটিই ছিল ‘স্বাভাবিক সময়’। এরপর সুন্দর পিচাইয়ের নেতৃত্বে অ্যালফাবেটের শেয়ারের দাম ৩০০ শতাংশের বেশি বেড়েছে।

একের পর এক কেলেঙ্কারি ও পরিচালনাগত উদ্বেগের কারণে বাড়তে থাকা চাপের মুখে ২০১৭ সালে উবার ছাড়েন ট্রাভিস কালানিক।

মাইকেল উইদার্সের ভাষায়, উবার ছাড়েন ট্রাভিস কালানিকের বিদায়ের প্রক্রিয়া কয়েক মাস ধরে চলেছিল। বিষয়টি তখন যথেষ্ট আলোচনার জন্ম দিলেও এনভিডিয়া এখন যে পরিস্থিতির মুখোমুখি, তার তুলনায় তা অনেক কম গুরুতর ছিল।

এক্সপিডিয়ার সাবেক প্রধান নির্বাহী দারা খোসরোশাহি প্রতিষ্ঠানটির সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করেন এবং লাভজনক হওয়ার পথ তৈরি করেন।

হুয়াংয়ের বিদায়ের ঘটনা কেন আলাদা

নটর ডেম বিশ্ববিদ্যালয়ের মেন্ডোজা কলেজ অব বিজনেসের অধ্যাপক মাইকেল উইদার্স বলেন, স্বাভাবিক পরিস্থিতিতেও উত্তরসূরি প্রধান নির্বাহীদের জন্য কোম্পানির সাফল্যের পেছনে যে বিষয়গুলো কাজ করে, সেগুলো ধরে রাখা এবং একই সঙ্গে নিজস্ব নেতৃত্ব প্রতিষ্ঠা করা কঠিন।

উইদার্স আরও বলেন, ‘প্রতিষ্ঠাতার সঙ্গে জড়িত এত আলোচিত কোনো কেলেঙ্কারির পর নেতৃত্বের পরিবর্তন হলে কাজটি আরও কঠিন হয়ে পড়ে।’

এনভিডিয়ায় জেনসেন হুয়াংয়ের অধীনে সরাসরি ৬০ জন কর্মকর্তা দায়িত্ব পালন করতেন। দ্রুত যোগাযোগের সুবিধাকে গুরুত্ব দিয়ে গড়ে তোলা হয়েছিল অপেক্ষাকৃত সমতল ব্যবস্থাপনা–কাঠামো। সেখানে ব্যবস্থাপনার একাধিক স্তর এড়িয়ে চলা হতো।

উইদার্স সিএনবিসিকে বলেন, হুয়াংয়ের জন্য এনভিডিয়ায় কোনো উত্তরসূরি পরিকল্পনা ছিল বলে মনে হয় না। তাঁকে প্রায়ই কোম্পানির সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত একজন ব্যক্তি হিসেবে বর্ণনা করা হয়।

এই অধ্যাপক আরও বলেন, ‘আমরা এমন একটি কোম্পানির কথা বলছি, যেটি সম্প্রতি পর্যন্ত বাজারমূল্যের হিসাবে বিশ্বের সবচেয়ে বড় প্রতিষ্ঠান ছিল। এটি সত্যিই বিস্ময়কর পরিস্থিতি।’

হুয়াংয়ের বিদায়ের পর যেসব চ্যালেঞ্জ

মাইকেল উইদার্সের মতে, হুয়াংয়ের ছায়া থেকে বেরিয়ে আসার পাশাপাশি নতুন সিইওকে তাঁর কর্মকাণ্ড ঘিরে তৈরি হওয়া ‘কেলেঙ্কারি’ এবং এর প্রভাব এনভিডিয়ার ওপর কতটা দীর্ঘস্থায়ী হবে, তা সামলাতে হবে।

একই সঙ্গে তাঁকে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি ব্যবসায়িক কৌশল নির্ধারণ করতে হবে এবং হুয়াং যেসব গুরুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিলেন, সেগুলোর দায়িত্বও নিতে হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন জেনসেন হুয়াং। গত মে মাসে তিনি ট্রাম্পের সঙ্গে চীন সফরেও গিয়েছিলেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনে এনভিডিয়ার চিপ বিক্রির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যে রপ্তানি নিষেধাজ্ঞা রয়েছে, তা শিথিল করার পক্ষে ছিলেন হুয়াং।

এনভিডিয়ার বিনিয়োগকারী প্রতিষ্ঠান লায়নট্রাস্ট অ্যাসেট ম্যানেজমেন্টের গ্লোবাল ইনোভেশন দলের সহপ্রধান স্টর্ম উরুর মতে, কোম্পানির সংস্কৃতির পরিবর্তন এবং সরবরাহ ব্যবস্থাপনা—এই দুটি বিষয় হবে নতুন সিইওর প্রধান অগ্রাধিকার।

স্টর্ম উরু সিএনবিসিকে বলেন, ‘সরবরাহ ব্যবস্থাপনাই ছিল সেই জায়গা, যেখানে জেনসেন ভবিষ্যৎ সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দিতে পারতেন।’ তিনি আরও বলেন, সরবরাহব্যবস্থা যখন এমনিতেই প্রচণ্ড চাপে রয়েছে, তখন বিষয়টি আরও বেশি গুরুত্বপূর্ণ।

এনভিডিয়াকে এখন এএমডির মতো প্রতিদ্বন্দ্বী এবং হাইপারস্কেলারদের ক্রমবর্ধমান প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে। এসব প্রতিষ্ঠান নিজেদের চিপ তৈরির প্রচেষ্টা জোরদার করছে।

বিনিয়োগকারীরা মনে করছেন, নতুন সিইওর হাতে আগামী কয়েক বছরের জন্য পণ্য উন্নয়নের একটি পরিকল্পনা থাকবে। হুয়াংয়ের বিদায়ের কারণে সেই পরিকল্পনায় কোনো পরিবর্তন হবে না।

অ্যাডভাইজরস ক্যাপিটাল ম্যানেজমেন্টের অংশীদার ও পোর্টফোলিও ব্যবস্থাপক জোয়ান ফিনি বৃহস্পতিবার সিএনবিসিকে বলেন, হুয়াংয়ের পদত্যাগের দাবিতে চাপ বাড়ার সময়ই বিষয়টি নিয়ে ভাবতে হবে। তিনি বলেন, ‘আমাদের জেনসেনের বাইরেও তাকাতে হবে। এখানে হাজার হাজার প্রকৌশলী রয়েছেন।’