ছুটির দিন শুক্রবার সকালে বাড়ল সোনার দাম। এবার ভরি সোনার দাম বেড়েছে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি সোনার মূল্যবৃদ্ধির বিষয়টি সকালেই জানিয়েছে। এর আগে ৫ অক্টোবর সোনার দাম ভরিতে কমানো হয়েছিল ১ হাজার ৬৩৩ টাকা। তার চারদিনের মাথায় সোনার দাম বাড়ল। আন্তর্জাতিক বাজারে সোনার মূল্যবৃদ্ধির জন্য দেশের বাজারে তেজাবি সোনার দাম বাড়ার কথা জানিয়েছে সমিতি।
নতুন দাম অনুযায়ী, ভরিতে ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি করায় ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকায় দাঁড়িয়েছে। গতকাল পর্যন্ত ২২ ক্যারেটের সোনার দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।
একইভাবে ২১ ক্যারেটের এক ভরি সোনার গয়নার দাম ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। গতকাল পর্যন্ত এই ক্যারেটের সোনার ভরি ছিল ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা।
অন্যদিকে ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৮০৮ টাকা বৃদ্ধি করে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা। গতকাল পর্যন্ত ১৮ ক্যারেট ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা।
এদিকে সোনার দাম বাড়ানো হলেও রুপার গয়নার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। আর ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ১৪১ টাকা। সোনা ও রুপার দামের সঙ্গে মূল্য সংযোজন কর বা ভ্যাট যুক্ত রয়েছে