সাপ্তাহিক ছুটির দিন আজ শুক্রবার সোনার দাম ভরিতে বাড়ল সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা। যদিও গতকাল সোনার দাম ভরিতে কমেছিল ৩ হাজার ৩২৪ টাকা। আজ রুপার দামও সামান্য বেড়েছে, ভরিতে সর্বোচ্চ ১৭৫ টাকা।
সোনা ও রুপার নতুন দর আজ সকাল ১০টায় কার্যকর হয়েছে। ওই সময়ই জুয়েলার্স সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। সোনা ও রুপার দাম সমন্বয়ের কারণ হিসেবে সমিতি বলেছে, দেশের বাজারে তেজাবি (খাঁটি) সোনা ও রুপার দাম বেড়েছে। যদিও বৈশ্বিক বাজারে আজ সোনার দাম বৃদ্ধির পর সামান্য কমেছে।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়ে হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম বেড়ে হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
তার মানে গতকালের তুলনায় আজ ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বেড়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের দাম ২ হাজার ৯৯ টাকা, ১৮ ক্যারেট ১ হাজার ৮০৮ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনার ভরিতে বেড়েছে ১ হাজার ৪৫৮ টাকা।
সোনার দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় সোনার গয়নার ক্ষেত্রে ক্রেতাদের কাছ থেকে আলাদা করে কোনো ভ্যাট আদায় করা যাবে না। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সোনার ভ্যাট কমানো হয়েছে। প্রতি ভরি সোনার গয়নার ওপর ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে, আগে ভ্যাট ছিল মোট দামের ওপর ৫ শতাংশ।
এদিকে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম বেড়ে হয়েছে ৪ হাজার ৭২৩ টাকা। এ ক্ষেত্রে দাম বেড়েছে ১১৭ টাকা। আর ২১ ক্যারেটের রুপার দাম বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৪৮ টাকা। গতকালের তুলনায় এই দাম ১৭৫ টাকা বেশি।