৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫-এর বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে অবতীর্ণ (অ্যাপিয়ার্ড) প্রার্থী হিসেবে সাময়িকভাবে মনোনীত দুই প্রার্থীর ফলাফল ও সাময়িক মনোনয়ন বাতিল করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ বুধবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
মনোনয়ন বাতিল হওয়া পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর হলো ১২০২৭১৩০ এবং ১৫৬০৩৭০৫। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই দুই প্রার্থীর স্নাতক (সম্মান) পরীক্ষার ফলাফল ৪৯তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর প্রকাশিত হয়েছিল। ফলে মৌখিক পরীক্ষার বোর্ডে তাঁরা স্নাতক (সম্মান) পরীক্ষার প্রয়োজনীয় সনদপত্র জমা দিতে পারেননি।
এ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ২০২৬ সালের ৯ম বিশেষ সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ওই সভার সিদ্ধান্তের আলোকে উল্লিখিত দুই প্রার্থীর ফলাফল ও সাময়িক মনোনয়ন বাতিল করা হয়েছে।