দাবি না মানলে অনশনের হুমকি নন–ক্যাডার প্রার্থীদের

তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ৪৩তম বিসিএস নন-ক্যাডারে চাকরিপ্রত্যাশীরা। আজ রোববার বিকেল ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালন করেন তাঁরা। দাবি না মানলে আমরণ অনশন করার কথাও জানিয়েছেন চাকরিপ্রত্যাশীরা।

দাবি তিনটি হলো নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা (সংশোধিত)-২০২৫–এর দ্রুত গেজেট প্রকাশ করা, ৪৩তম থেকে ৪৭তম বিসিএস নন-ক্যাডারে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্য পদ প্রত্যাহার করে পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ বন্ধ করা এবং ৪৩তম বিসিএসসহ অপেক্ষমাণ সব বিসিএসের ভাইভায় উত্তীর্ণ কিন্তু ক্যাডারবঞ্চিত প্রার্থীদের সর্বোচ্চসংখ্যককে বিসিএস নন-ক্যাডারে সুপারিশ করা।

সমাবেশে নন–ক্যাডার প্রার্থী ফারুকুল ইসলাম বলেন, ‘মেধাভিত্তিক নিয়োগ যারা চায় না, সিন্ডিকেট করে যারা নিয়োগ চায়, তারাই নিয়োগ নিয়ে টালবাহানা করছে। এটি জুলাই স্পিরিট–বিরোধী। চলমান সব বিসিএসে যারা ভাইভায় উত্তীর্ণ হবে, তাদের সবাইকে ন্যূনতম একটি চাকরির ব্যবস্থা করতে হবে। আগামীকালের (সোমবার) মধ্যে দাবি না মানলে মঙ্গলবার থেকে রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশন শুরু হবে।’

এ প্রসঙ্গে যোগাযোগ করলে বাংলাদেশ কর্ম কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম ‍মতিউর রহমান বলেন, ‘নন–ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা সংশোধনের এখতিয়ার জনপ্রশাসন মন্ত্রণালয়ের, এখানে পিএসসির কিছু করার নেই। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদের বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে জনপ্রশাসন মন্ত্রণালয় পিএসসিকে উন্মুক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য চিঠি প্রেরণ করেছে, আমরা সে অনুযায়ী কাজ করছি।’

৪৩তম বিসিএস নন-ক্যাডারে চাকরিপ্রত্যাশীদের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন দপ্তর থেকে প্রায় ৯ হাজার শূন্যপদ অধিযাচন করা হলেও বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) এখনো সুপারিশ কার্যক্রম শুরু করেনি। এর ফলে প্রায় ৬ হাজার ৫০০ ভাইভায় উত্তীর্ণ নন-ক্যাডার প্রার্থী অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।