বাংলাদেশ ব্যাংকের পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সূচি প্রকাশ

ফাইল ছবি
ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের দশম গ্রেডের অফিসার (ক্যাশ) পদের এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ডাউনলোড করার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এ সূচি প্রকাশ করা হয়েছে।

অফিসার (ক্যাশ) পদে অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে (https://erecruitment.bb.org.bd) আপলোড করা হয়েছে।

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা ৬-২৮ ফেব্রুয়ারির মধ্যে এই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। যেসব প্রার্থীর আবেদনপত্রে ভুল আছে, তাঁদের মুঠোফোনে ভুল উল্লেখ করে খুদে বার্তা পাঠানো হয়েছে। আবেদনপত্রে ত্রুটিযুক্ত প্রার্থীরা ১০-১৪ ফেব্রুয়ারির মধ্যে ভুল সংশোধন করে ১৬-২৮ ফেব্রুয়ারির মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

পরীক্ষার তারিখ, সময় এবং কেন্দ্রের নাম ও ঠিকানা পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। নির্ধারিত তারিখের পর প্রবেশপত্র ডাউনলোডের কোনো সুযোগ থাকবে না।