
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) সাধারণ ইনস্ট্রাক্টর পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পদ বৃদ্ধির দাবি জানিয়েছেন। পিটিআই সাধারণ ইনস্ট্রাক্টরের চলমান নিয়োগে পদসংখ্যা বৃদ্ধির দাবিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে স্মারকলিপি দিয়েছেন মৌখিক পরীক্ষার্থীরা।
স্মারকলিপিতে বলা হয়, ‘পিটিআই সাধারণ ইনস্ট্রাক্টর পদে প্রায় চার বছর পর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমরা প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রায় চার বছর এই চাকরির আশায় অন্য কোনো চাকরিতে যোগদান করিনি। আমাদের অনেকের সরকারি চাকরির বয়স শেষ। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা ৭৭টি। কিন্তু বর্তমানে দেশের ৬৭টি পিটিআইয়ে শূন্য পদের সংখ্যা প্রায় ৫০০। তাই আমাদের আবেদন, চলমান নিয়োগপ্রক্রিয়ার মাধ্যমে শূন্য পদে সর্বোচ্চ সংখ্যক নিয়োগ দেওয়া হোক।’
স্মারকলিপিতে আরও বলা হয়, প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করার জন্য সারা বাংলাদেশে পিটিআইগুলোয় প্রয়োজন অনুযায়ী ইনস্ট্রাক্টর না থাকায় কারিকুলাম সঠিক ও সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা কঠিন হয়ে দাঁড়াবে। প্রতিটি পিটিআইয়ে সাধারণ ইনস্ট্রাক্টরের পদ ১২টি। কিন্তু বর্তমানে একেকটি পিটিআইয়ে মাত্র পাঁচ থেকে ছয়জন সাধারণ ইনস্ট্রাক্টর আছেন। তাই পর্যাপ্ত ইনস্ট্রাক্টর না থাকায় প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। দীর্ঘ ছয় বছরেও নতুন কোনো পিটিআই ইনস্ট্রাক্টর নিয়োগ হয়নি। তাই চাকরি প্রার্থীদের সুবিধার্থে ও নতুন নিয়োগ পাওয়া প্রাথমিক সহকারী শিক্ষকদের যথাসময়ে প্রশিক্ষণের স্বার্থে চলমান নিয়োগ থেকে যথাসম্ভব শূন্য পদে পিটিআই সাধারণ ইনস্ট্রাক্টর নেওয়ার দাবি জানাচ্ছি।
পিটিআই সাধারণ ইনস্ট্রাক্টর পদে নাম প্রকাশ না করার শর্তে এক মৌখিক পরীক্ষার্থী প্রথম আলোকে বলেন, ‘পিটিআই ইনস্ট্রাক্টর নিয়োগপ্রক্রিয়া সবসময়ই বাধাগ্রস্ত হয় ও দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে। গত ছয় বছরে একটির বেশি নিয়োগ বিজ্ঞপ্তি না পাওয়া, করোনায় আবেদনের বয়স শেষ হওয়া এবং চলমান নিয়োগপ্রক্রিয়া দীর্ঘ পাঁচ বছরেও সম্পন্ন না হওয়ায় আমরা হতাশ। চলমান নিয়োগপ্রক্রিয়ার মাধ্যমে শূন্য পদে সর্বোচ্চ সংখ্যক নিয়োগ প্রদান করে পিটিআইগুলোর সংকট নিরসনের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম এগিয়ে নেওয়ার দাবি জানাই।’
২০১৮ সালের সেপ্টেম্বরে সাধারণ ইনস্ট্রাক্টর পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এরপর ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বাছাই পরীক্ষা ও জুনে লিখিত পরীক্ষা নেওয়া হয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, পিটিআই সাধারণ ইনস্ট্রাক্টরের যে ৭৭টি পদের জন্য মৌখিক পরীক্ষা চলছে, সেগুলো নতুন সৃষ্ট পদ। এগুলো শূন্য পদের বিপরীতে নিয়োগ নয়। যেহেতু নবসৃষ্ট পদ, তাই বেশি সংখ্যক প্রার্থী নেওয়ার সুযোগ নেই। শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি হলে বেশি প্রার্থী নেওয়ার সুযোগ থাকে।
পিটিআই সাধারণ ইনস্ট্রাক্টর পদে লিখিত পরীক্ষার তিন বছর পর মৌখিক পরীক্ষা নিচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। লিখিত পরীক্ষা নেওয়া হলেও এ-সংক্রান্ত রিট মামলার নিষ্পত্তি না হওয়ায় মৌখিক পরীক্ষা দীর্ঘদিন আটকে ছিল। পিটিআই ইনস্ট্রাক্টর নিয়োগপ্রক্রিয়া অনেক দিন আটকে থাকা নিয়ে গত ১৮ নভেম্বরে ‘পাঁচ বছর আটকে নিয়োগপ্রক্রিয়া’ শীর্ষক খবর প্রথম আলোতে প্রকাশিত হয়।
লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্য থেকে ৪৫৬ জনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করে ২০১৯ সালের ডিসেম্বরে ফলাফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের তিন বছর পর মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ করল পিএসসি।
২০১৮ সালের সেপ্টেম্বরে সাধারণ ইনস্ট্রাক্টর পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এরপর ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বাছাই পরীক্ষা ও জুনে লিখিত পরীক্ষা নেওয়া হয়।
লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্য থেকে ৪৫৬ জনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করে ২০১৯ সালের ডিসেম্বরে ফলাফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের তিন বছর পর মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ করল পিএসসি।
বর্তমানে সারা দেশে ৬৭টি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানসম্মত প্রশিক্ষণ দেওয়ার জন্য পিটিআইগুলোয় ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) কোর্স করানো হয়, যেটির মেয়াদ ১৮ মাস। প্রাথমিক ও প্রাক্-প্রাথমিকের সহকারী ও প্রধান শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য এ প্রশিক্ষণ বাধ্যতামূলক। প্রতিটি পিটিআইয়ে ইনস্ট্রাক্টরের পদ ১৭টি। এর মধ্যে সাধারণ ইনস্ট্রাক্টরের পদ ১২টি। কিন্তু বর্তমানে একেকটি পিটিআইয়ে মাত্র পাঁচ থেকে ছয়জন সাধারণ ইনস্ট্রাক্টর আছেন। তাই পর্যাপ্ত ইনস্ট্রাক্টর না থাকায় প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হচ্ছে।