শিক্ষা ক্যাডারের ২০৭তম বনিয়াদি প্রশিক্ষণ শুরু ১৭ ফেব্রুয়ারি

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের চার মাসব্যাপী ২০৭তম বনিয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু হচ্ছে ১৭ ফেব্রুয়ারি। কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়নে রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

গত ২৯ জানুয়ারি নায়েমের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশিক্ষণ কার্যক্রম ১৭ ফেব্রুয়ারি থেকে আগামী ১৬ জুন পর্যন্ত চলবে। প্রশিক্ষণের জন্য মোট ১৬০ কর্মকর্তাকে মনোনয়ন দিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) অনুরোধ জানানো হয়েছে। এর মধ্যে ১১০ পুরুষ ও ৫০ নারী থাকবেন। মনোনয়ন পাঠানোর শেষ সময় ৫ ফেব্রুয়ারি।

পাশাপাশি মূল তালিকার বাইরে ৩০ জনের একটি অপেক্ষমাণ তালিকা (২০ পুরুষ ও ১০ নারী) পাঠানোর কথাও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।