
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন স্থাপত্য অধিদপ্তরের নবম গ্রেডের সহকারী স্থপতি পদের লিখিত পরীক্ষার সময়সূচি, আসনব্যবস্থা ও নির্দেশনা প্রকাশ করা হয়েছে। সরকারি কর্ম কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী স্থপতি পদের লিখিত পরীক্ষা ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিতে পরীক্ষা নেওয়া হবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮৭৬।
প্রার্থীদের বাংলা ৪০, ইংরেজি ৪০, সাধারণ জ্ঞান ৪০, টেকনিক্যাল (আর্কিটেকচার) ৮০ নম্বরসহ মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষা ৪ ঘণ্টায় অনুষ্ঠিত হবে।
পরীক্ষাকক্ষে প্রার্থীদের একই সঙ্গে চারটি বিষয়ের জন্য চারটি উত্তরপত্র দেওয়া হবে। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও টেকনিক্যাল (আর্কিটেকচার) বিষয়ের উত্তরের জন্য ভিন্ন ভিন্ন উত্তরপত্র ব্যবহার করতে হবে। একই উত্তরপত্রে একাধিক বিষয়ের উত্তর প্রদান করলে উত্তরপত্র বাতিল হবে।
উত্তরপত্রে রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে না লিখলে এবং সঠিকভাবে বৃত্ত পূরণ না করলে অথবা কোনো রকম কাটাকাটি করলে বা উত্তরপত্রে ফ্লুইড ব্যবহার করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে।
ভুয়া পরীক্ষার্থীদের বিরুদ্ধে বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হবে। পরীক্ষাকেন্দ্রে বই, ব্যাগ, হাতঘড়ি, পকেটঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি, মুঠোফোন, ঘড়িসদৃশ মুঠোফোন বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, গয়না, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ও ব্যাংক কার্ড আনা সম্পূর্ণ নিষিদ্ধ। এসব নিষিদ্ধ ঘোষিত সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করে প্রার্থিতা বাতিল করা হবে।
লিখিত পরীক্ষার বিস্তারিত সূচি দেখতে এখানে ক্লিক করুন।