টাঙ্গাইল জনসেবা চত্বরে জব ফেয়ার উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক
টাঙ্গাইল জনসেবা চত্বরে জব ফেয়ার উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক

টাঙ্গাইল চাকরি মেলা, সরাসরি চাকরি পেলেন ৪৪৬ জন, এক মাসে পাবেন আরও ১৫৮১

টাঙ্গাইলে ব্যতিক্রমী জব ফেয়ার বা চাকরি মেলায় গতকাল মঙ্গলবার ২০২৭ জনের চাকরি নিশ্চিত হয়েছে। এর মধ্যে ৪৪৬ জন মেলা থেকেই নিয়োগ পেয়েছেন। আগামী এক মাসের মধ্যে ১ হাজার ৫৮১ জনের নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হবে। দিনব্যাপী মেলায় ১১ হাজার ৪২৭ জন চাকরিপ্রত্যাশী মেলায় এসে নিবন্ধন করেন। জেলা প্রশাসন এসব তথ্য জানিয়েছে।

গতকাল দিনব্যাপী জেলা প্রশাসনের উদ্যোগে জনসেবা চত্বরে এ মেলার আয়োজন করা হয়। চাকরির মেলায় জেলার শীর্ষস্থানীয় এনজিও, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান অংশ নেয়। বিনা মূল্যে চাকরি মেলায় অংশগ্রহণ করতে পেয়ে খুশি চাকরিপ্রত্যাশীরা। সকালে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে চাকরির মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক। এ সময় পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার উপস্থিত ছিলেন।

সকাল থেকেই মেলায় চাকরিপ্রত্যাশীরা ভিড় করে। মেলায় আগত চাকরিপ্রার্থীরা সরাসরি বিভিন্ন কোম্পানির স্টলে তাঁদের জীবনবৃত্তান্ত জমা দেন। ভাইভা শেষ করে যোগ্যতার ভিত্তিতেই তাঁদের তাৎক্ষণিকভাবে বিভিন্ন পদে চাকরি দেওয়া হয়। এসএসসি থেকে স্নাতকোত্তর পাস করা প্রত্যাশীরা চাকরির আবেদন করেন বিভিন্ন স্টলে গিয়ে। যেসব প্রার্থীর সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা শেষ হয়ে গেছে, তাঁরাও এ চাকরি মেলায় অংশগ্রহণ করতে পেরেছেন। পাশাপাশি শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্যও চাকরির সুযোগ ছিল।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই ভিড় করছেন চাকরিপ্রত্যাশীরা। লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে তাঁদের জীবনবৃত্তান্ত জমা দিচ্ছেন।

টাঙ্গাইলে জব ফেয়ারে ২০২৭ জনের চাকরি নিশ্চিত, ৪৪৬ জন মেলা থেকেই নিয়োগ পেয়েছেন।

চাকরিপ্রত্যাশীরা বলেন, ‘বিভিন্ন পদে আমরা চাকরির আবেদন করেছি। এ আয়োজনটি খুবই ভালো লেগেছে। এখানে এসে নতুন নতুন কিছু জানার সুযোগ হয়েছে, ভবিষ্যতে আরও অনেক বিষয়ে কাজ করার জন্য অনুপ্রেরণা জোগাবে।’

টাঙ্গাইল জনসেবা চত্বরে জব ফেয়ারে চাকরি প্রার্থীদের ভিড়

ইমরান হাসান নামের একজন বলেন, ‘এর আগেও কলেজে চাকরির মেলায় অংশগ্রহণ করেছিলাম। এখানেও এসে বিভিন্ন প্রতিষ্ঠানে সিভি জমা দিয়েছি। প্রচুর লোক সমাগম দেখছি। আশা করছি, কোনো প্রতিষ্ঠান থেকে চাকরি পাব।’

এ প্রসঙ্গে টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, উদ্যোগটি ভালো। তরুণ সমাজের বেশি সমস্যা মাদক যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে। এই ধরনের আয়োজন মাদকের বিরুদ্ধেও কাজে লাগবে। জেলা পুলিশ এ ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করবে।

এ ব্যাপারে জেলা প্রশাসক শরীফা হক বলেন, যোগদানের পর থেকেই চাকরিপ্রত্যাশীরা চাকরি খুঁজতে আমার দপ্তরে আসতেন। এ ক্ষেত্রে অনেক দিন ধরে চিন্তা করছিলাম, এসব চাকরিপ্রত্যাশীদের জন্য এমন প্ল্যাটফর্ম তৈরি করতে। একসঙ্গে অনেক প্রতিষ্ঠানে চাকরি দেওয়া সহজ হয়। সে উদ্দেশ্যেই আজকে চাকরি মেলার আয়োজন। প্রতিবছরই এমন চাকরি মেলার আয়োজন করা হবে।