জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশন–সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে সরকার। মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে ১০ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার ‘জাতীয় বেতন কমিশন, ২০২৫’, ‘বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’ এবং ‘সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫’-এর প্রতিবেদন–সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে।
কমিটির অন্য সদস্যরা হলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থ বিভাগ, আইন ও বিচার বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ও স্বাস্থ্যসেবা বিভাগের সচিব এবং হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ), হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়।
কমিটির কার্যপরিধিতে থাকছে, কমিটি জাতীয় বেতন কমিশন, ২০২৫ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫-এর দাখিলকৃত প্রতিবেদনসমূহের বেতন–সম্পর্কিত বিষয়াদি পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী কার্যক্রমসংক্রান্ত সুপারিশ প্রণয়ন করবে। কমিটি যথাসময়ে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবে। অর্থ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে। কমিটির সভা প্রয়োজনানুসারে অনুষ্ঠিত হবে।