৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত হতে পারে

সরকারি কর্ম কমিশন
ছবি: প্রথম আলো

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিতের চিন্তা–ভাবনা করছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। শিগগিরই এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। আজ শুক্রবার দুপুরে পিএসসির একজন সদস্য প্রথম আলোকে এসব কথা বলেন।

পিএসসির ওই সদস্য বলেন, সবার কথা বিবেচনা করে পরীক্ষা স্থগিত করা হতে পারে। এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলেননি ওই সদস্য।

২৭ নভেম্বর পরীক্ষা শুরু হওয়ার সূচি প্রকাশ করেছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে নির্বাচনের তফসিল ঘোষণার পর চলমান বিরোধী দলগুলোর হরতাল-অবরোধের কারণে এ পরীক্ষা স্থগিত চেয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেছিলেন ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার্থীরা।

৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জন।