
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান মোবাশ্বের মোনেম ও ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার। কাল দুপুর ১২টার দিকে এ শপথগ্রহণ হবে। প্রধান বিচারপতি তাঁকেসহ অন্য নতুন সদস্যদের শপথ গ্রহণ করাবেন।
মোবাশ্বের মোনেম প্রথম আলোকে বলেছেন, পিএসসির সব কাজ ঠিকমতো করার জন্য সবার সহযোগিতা চান তিনি।
বর্তমান চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ পিএসসির ১২ জন সদস্য গত মঙ্গলবার পদত্যাগপত্র জমা দেন। এর পরদিন পিএসসির নতুন চেয়ারম্যান নিয়োগ দেয় সরকার।
মোবাশ্বের মোনেম লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। সাসেক্স বিশ্ববিদ্যালয় ও হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় থেকে পোস্টডক্টরাল গবেষণা সম্পন্ন করেছেন। মোবাশ্বের মোনেম দুটি বই লিখেছেন, অসংখ্য প্রকাশনায় অবদান রেখেছেন এবং ১০০টির বেশি নিবন্ধ ও প্রযুক্তিগত প্রতিবেদন প্রকাশ করেছেন, যার মধ্যে অনেকগুলোই আন্তর্জাতিকভাবে স্বীকৃত একাডেমিক জার্নালে উপস্থাপিত হয়েছে।
তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পরামর্শক হিসেবে কাজ করেছেন এবং বাংলাদেশে সরকারি খাত ব্যবস্থাপনা ও উন্নয়ন অনুশীলন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।