৪৭তম বিসিএসে নকলের অভিযোগে প্রার্থিতা বাতিল একজনের, পিএসসির পরীক্ষায় এক বছর অযোগ্য

৪৭তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষায় একজন পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিল বরা হয়েছে। গতকাল (রোববার) বাংলাদশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রিলিমিনারি পরীক্ষার (১৯ সেপ্টেম্বরে অনুষ্ঠিত) চলাকালে একজন পরীক্ষার্থী প্রবেশপত্রে হাতে লিখে নকল করার চেষ্টা করেন। উক্ত পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর ১৫০০১৫২০। ৪৭তম বিসিএসের প্রার্থিতা বাতিলসহ পরবর্তী এক বছরে কমিশনের সব পরীক্ষায় যেকোনো পদে আবেদনের জন্য তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ‘অপরাধমূলক আচরণের জন্য শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ নীতিমালা-২০০০’ অনুযায়ী এ শাস্তি প্রদান করা হয়েছে।

১৯ সেপ্টেম্বর ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরের ২৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারে পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী। গতকাল রোববার (২৮ সেপ্টেম্বরে) ৪৭তম বিসিএস প্রিলিমিনারি ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে মোট উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৪৪ জন।